আনন্দ আয়োজনে শেষ হলো সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ উৎসব ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী। ২৪-২৫ ডিসেম্বর দুদিনের অনুষ্ঠানমালায় ছিল স্মৃতিচারণা, আলোচনা, সম্মাননা প্রদান, র্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগান।২৪ ডিসেম্বর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করা হয়। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, এ অজপাড়াগাঁয়ে জ্ঞানের মশাল জ্বেলেছে ঢেমশা উচ্চবিদ্যালয়। এখানে সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা সমানভাবে শিক্ষালাভ করছে। শেষ দিনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। আলোচনা সভায় তিনি বলেন, ‘শত বছর ধরে এ বিদ্যালয় শিক্ষার আলো জ্বেলেছে সাতকানিয়ার এ অঞ্চলে। গড়ে তুলেছে শিক্ষিত সুনাগরিক।’ দুুদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী ও ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শান্তনু চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মানস পাল চৌধুরী, কল্পনা লালা, আবদুল মান্নান রানা, কল্যাণী ঘোষ, প্রেমসুন্দর বৈষ্ণব, সুস্মিতা দাশ, সুগত প্রিয় বড়ুয়া ও মিহির কর। সবশেষে কবিগানে অংশ নেন কবিয়াল কালাম মিয়া ফারুকী ও মিলন সরকার।