আনন্দ-উচ্ছ্বাসে চতুর্থ সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য দিনের তুলনায় গত ২৮ ডিসেম্বর সকালটা ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অন্য রকম একটা দিন। সমাবর্তন পোশাক আর কালো টুপিতে তাঁদের প্রত্যেককেই লাগছিল অসাধারণ। তাই ক্যামেরাটাও বসে নেই। বহু প্রতীক্ষার পর পাওয়া এ দিনটি তাঁরা স্মরণীয় করে রাখছিলেন ক্যামেরার ফ্রেমে।চলছিল বন্ধুদের গল্প আর আড্ডা। গল্পগুজবে অন্য সব ব্যাচ থেকে ’০২ ব্যাচ ছিল বেশি ব্যস্ত। সেই ২০০৬ সালে বন্ধুদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা। কর্মজীবনের ব্যস্ততা নিমেষেই ভুলে গেছেন কালো পোশাক পরা এই একঝাঁক তরুণ-তরুণী। মনে হচ্ছে চার বছর পেছনে ফিরে গেছেন তাঁরা। তপনদার চায়ের দোকান বা শহীদ মিনার চত্বরে আগেও যেমন জমিয়ে আড্ডা দিতেন, আজও তেমনি; কেবল বদলেছে আড্ডার বিষয়। কে কোথায় থাকেন, কার অফিস কেমন, কে মোটা হয়েছেন, কে সুন্দর হয়েছেন, কার কয়টা ছেলেমেয়ে ইত্যাদি। আর সেই সঙ্গে চলছে চার বছর আগের স্মৃতিচারণা। সমাবর্তনে অংশ নেওয়া সবচেয়ে কনিষ্ঠ স্নাতকধারী ব্যাচ ২০০৬ সালের সবাই ছিলেন অন্য রকম আনন্দে। এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যেতে পারেননি তাঁরা, অথচ তার মধ্যেই সমাবর্তন। তাই নিজেদের নিয়ে একটু গর্বও ছিল তাঁদের। তবে গল্প বিশেষ জমছিল না, বন্ধুদের সঙ্গে ছবি তুলেই ব্যস্ত দিন কাটাচ্ছিলেন তাঁরা। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় সমাবর্তনের সকাল। সমাবর্তন পোশাক পরে ধীরে ধীরে সার বেঁধে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন সমাবর্তনধারীরা। ভেতরে গিয়ে যে যাঁর ডিসিপ্লিন ও ব্যাচ অনুযায়ী বসে অপেক্ষা করতে থাকেন মহামান্য আচার্যের জন্য। ঠিক সময়মতোই আচার্যও পৌঁছে যান অনুষ্ঠানস্থলে। সমাবর্তনধারীরা উঠে দাঁড়িয়ে আচার্যকে সম্মান প্রদর্শন করেন। এরপর যখন পাঁচটি স্কুলের ডিন তাঁদের নিজ নিজ স্কুলের স্নাতকধারীদের পরিচয় করিয়ে দেন, তখন খুবই উচ্ছ্বসিত দেখাচ্ছিল স্নাতকধারীদের। তবে স্বর্ণপদকজয়ীরা ছিলেন সবচেয়ে বেশি উচ্ছ্বসিত। কেননা আচার্য নিজেই পরিয়ে দিয়েছেন এ পদক। ওই সময় ডিসিপ্লিনের বাকিরাও ছিলেন আনন্দে উদ্ভাসিত। যে ডিসিপ্লিন থেকে স্বর্ণপদক পাচ্ছিলেন, ওই ডিসিপ্লিনের তালির জোরটা একটু যেন বেশিই ছিল। পাঁচটি স্কুলের অধীনে এবার সর্বোচ্চ ফলাফলধারী এ রকম ২০ জন পান স্বর্ণের মেডেল। আর নিবন্ধনকৃত মোট দুই হাজার ৫০৬ শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেন। বেলা একটায় শেষ হয়ে যায় সমাবর্তন অনুষ্ঠান। হাজারো তরুণ-তরুণীর মধ্যে বসে থেকে সমাবর্তন অনুষ্ঠান উপভোগ করছিলেন একজন বয়োজ্যেষ্ঠ। তিনিও এসেছেন সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তর ডিগ্রির জন্য। ৭৪ বছরের আবদুুর রহিম ইংরেজি ডিসিপ্লিনের ল্যাংগুয়েজ প্রোগ্রামে ২০১০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বলেন, ‘আমার নিজের ওপর একটা বিশ্বাস ছিল, আমি জীবিত থাকতে বাংলাদেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেব। আজ এখানে এসে আমার খুবই আনন্দ লাগছে। আমি পেরেছি।’নিবন্ধনের দিন থেকেই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের মধ্যে চলছিল নানা জল্পনা-কল্পনা। কবে থেকে সমাবর্তন পোশাক পাবেন তাঁরা, ওই দিন তাঁদের কী করতে হবে, কী ঢঙে তাঁরা ছবি তুলবেন—এসব প্রশ্ন যেন শেষ হচ্ছিল না। তারপর তো আছে ক্লাস পার্টি। সমাবর্তন অনুষ্ঠানের সময়কে আরও স্মরণীয় করতে বিভিন্ন ডিসিপ্লিন তাদের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছে ক্লাস পার্টির। গল্প-গান-খাওয়া-দাওয়া আর আড্ডায় একসময় ফুরিয়ে আসে প্রতীক্ষার সময়। সমাবর্তনের এই ক্ষণিকের স্মৃতিকে বগলদাবা করে স্নাতকধারীরা ফিরে যান যে যাঁর কর্মস্থলে। পেছনে ফেলে রেখে যান শুধু কয়েকটা ক্ষণ।