বৈশাখের আগমনী সংগীতের সুরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসবের উদ্বোধন করা হয়। গত শনিবার রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও পুলিশ সুপার মাসুদ-উল হাসান। এ উপলক্ষে আদিবাসী সাংস্কৃতিক মেলার আয়োজনও করা হয়।প্রদীপ প্রজ্বালনের পর মঞ্চে উঠে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সবার সুখ-শান্তি-মঙ্গল ও উন্নতি কামনা করেন। তিনি বলেন, ‘নববর্ষের শুরুতে যেভাবে পাহাড়ি-বাঙালি মিলে আনন্দ-উৎসবে মেতে উঠেছি, সেভাবে যেন আগামী দিনগুলোতেও শান্তি ও উন্নয়নের ধারায় মিলিত হয়ে চলতে পারি।’শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রাঙামাটির বিভিন্ন শিল্পী ও শিল্পীগোষ্ঠী অংশ নেন। একই সঙ্গে চলে পান্তা উৎসব।এর আগে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের আগমনে শহরের তবলছড়িতে কোতোয়ালি থানা মাঠ পাহাড়ি-বাঙালির মিলনমেলায় পরিণত হয়। এ সময় সবাই সবার প্রতি নববর্ষের শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে পড়েন। পরে সকাল সোয়া সাতটায় সেখান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।একই সময় নববর্ষ ১৪১৯ উপলক্ষে পুরোনো কোর্টবিল্ডিং মাঠে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী রাঙামাটি লোকজ সংস্কৃতি মেলার উদ্বোধন করা হয়।