আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো আঞ্চলিক বিতর্ক উৎসব
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শেষ হয়েছে বাঁশখালী আঞ্চলিক বিতর্ক উৎসবের। গত শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলার নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করে জাতীয় বিতর্ক ফেডারেশন চট্টগ্রাম। এতে সহায়তা করে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, দেয়ালিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা। উপজেলার ১৪টি বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থী উৎসবে যোগ দেয়।সকাল ১০টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির ইকবাল। জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা। উদ্বোধনের পর বিতর্ক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আমিনুল এহসান ইমরানের পরিচালনায় শুরু হয় বিতর্কবিষয়ক কর্মশালা। এর পরই বসে ‘শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ করা হোক’ বিষয়ে ড্যামি সংসদ অধিবেশন।জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর তিনটায় শুরু হয় উপস্থিত বক্তৃতা পর্ব। ‘প্রধানমন্ত্রী হলে কি করব...’ শিরোনামের প্রাণবন্ত বক্তৃতায় প্রতিযোগীরা উন্নয়নের ফুলঝুরি ছোড়ে। এ পর্বে প্রথম হওয়া হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আবদুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রী হলে উপজেলায় হাসপাতাল এবং তৃতীয় হওয়া বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ে মো. হোসাইন বাঁশখালীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। এর পরে সাংস্কৃতিক পর্বে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন বন্ধুসভা ও নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।বিকেল পাঁচটায় আমিনুল এহসান ইমরানের সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাব্বির ইকবাল। সংবর্ধিত অতিথি ছিলেন আট মুক্তিযোদ্ধা। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের হাতে সনদপত্র তুলে দেন। সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন সুভাষ চন্দ্র আচার্য, মো. আবদুর রাজ্জাক, আবু সোলায়মান চৌধুরী, সৈয়দ দিদারুল আলম, আকতার আহমদ সিকদার, আবু মো. সরওয়ার হোসাইন, আবুল কালাম ও মো. আবু ইউসুফ চৌধুরী। দিনভর অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক শিহাব জিশান। স্বাগত বক্তব্য দেন আব্দুল্লাহ আল আদনান। গান-কৌতুক, ছড়া-কবিতায় অনুষ্ঠান মাতিয়ে রাখেন বন্ধুসভার নাসরিন আক্তার, রিমি বিশ্বাস, বাপ্পু ভট্টাচার্য, কাজী ইমাম, মো. সাউদ, ফাহিম উদ্দিন, শারমিন আব্বাসী, নুসরাত জাহান, রাহাত আলী, মো. রুবেল প্রমুখ।