আনন্দ-উচ্ছ্বাসে তৈরি হচ্ছে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিচে চশমা চোখে তূর্য। এরপর ঘড়ির কাটার দিক ধরে এ​গোলে একে একে আসিফ, সানজিদ, সাব্বির, জাওয়াদ ও নাঈমুল। ছবি: লায়েক আলী
নিচে চশমা চোখে তূর্য। এরপর ঘড়ির কাটার দিক ধরে এ​গোলে একে একে আসিফ, সানজিদ, সাব্বির, জাওয়াদ ও নাঈমুল। ছবি: লায়েক আলী

চলতি মাসের ৬ থেকে ১৬ তারিখ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৫৭তম আসর বসছে হংকংয়ে। এরই মধ্যে ছয় সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। জানা গেল, রাজধানী ঢাকার আদাবরে চলছে জাতীয় গণিত দলের ‘আইএমও ক্যাম্প’। ক্যাম্পের শিক্ষার্থীদের প্রস্তুতিতে যেন কোনো সমস্যা না হয়, তাই চুপি চুপি তাদের না জানিয়েই আমরা হাজির হলাম গণিত ক্যাম্পে। দেখা গেল সংখ্যাতত্ত্ব, জ্যামিতির বিভিন্ন কোণ আর তার পরিমাপের হিসাব নিয়ে ব্যস্ত সবাই। এবারের ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলো আসিফ-ই-ইলাহী, মো. সানজিদ আনোয়ার, সাজিদ আখতার তূর্য, মো. সাব্বির রহমান, এস এম নাঈমুল ইসলাম ও আহমেদ জাওয়াদ চৌধুরী।
২০১৫ সালে থাইল্যান্ডে আয়োজিত আইএমওতে ১০৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৩তম স্থান অর্জন করে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল সবার ওপরে। আর তাই এবারের প্রত্যাশার চাপটা একটু বেশিই বলা যায়। তবে প্রত্যাশার চাপ নিজেদের ওপর নিতে রাজি নয় গণিত দলের শিক্ষার্থীরা। দলের সদস্য সাজিদ বলে, ‘প্রতিযোগিতায় সবগুলো সমস্যা সমাধানের দিকেই মনোযোগ দিচ্ছি আমরা। যেভাবে ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছি, ফলাফলটা ভালোই হবে আশা করছি।’
সামনে ঈদ, এ ছাড়া সদ্যই কলেজে ভর্তি হওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত জাওয়াদ আর নাঈমুল। জাওয়াদ এবারই প্রথম অংশ নিচ্ছে আইএমওর আন্তর্জাতিক আয়োজনে, তাই উচ্ছ্বাস-আগ্রহ আর উত্তেজনা যেন একটু বেশিই ওর। ক্যাম্পে জ্যামিতি নিয়ে এবার বেশ তোড়জোড় চালাচ্ছে গতবার ‘অনারেবল মেনশন’ পাওয়া নাঈমুল।

ভাবছিলাম গণিতের ক্যাম্পে বোধ হয় শুধু অঙ্ক নিয়েই কথা হয়। ভাবনার ডানপক্ষ বাস্তবতার বামপক্ষের সঙ্গে মিলল না! দেখা গেল, গত বছরের আইএমওর সমস্যার সমাধান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই নতুন হরর সিনেমা কনজুরিংটু নিয়ে গল্প করাটাও এখানে গুরুত্ব পায়। ক্যাম্পের এক ফাঁকে তাই সবাই মিলে হলে গিয়েছিল বড় পর্দায় কনজুরিংটু দেখতে। যেখানে সব অঙ্কের বীর একসঙ্গে আছে, কনজুরিংটু দেখে ভয় পাওয়ার কিছু নেই বলেই মনে করে নাঈমুল।

আগামী আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়তে যাবে সানজিদ আনোয়ার। ঈদ, আইএমও, দেশের বাইরে পড়তে যাওয়া—সব মিলিয়ে কয়েক মাস ধরেই ঘড়ির কাঁটার আগেই যেন ছুটছে সে। এবার তৃতীয় এবং সর্বশেষবার আইএমওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে সানজিদ। শেষ বলেই হয়তো সানজিদের সামনে চ্যালেঞ্জটাও একটু বড়। সে জানায়, ‘গেল দুবারের অনারেবল মেনশন আর রৌপ্য জয়কে এবার ছাপিয়ে যেতে চাই।’ দলের অন্য সদস্য সাব্বির আর আসিফও এই সময়টা বেশ হুড়োহুড়ি করেই কাটাচ্ছে। বন্ধুরা যখন নতুন জামা কেনাকাটায় ব্যস্ত, এই গণিতবিদদের সব ব্যস্ততা তখন গণিত ঘিরে। ঈদের আনন্দকে একপাশে রেখে ঈদের পরদিনই দেশ ছাড়বে বাংলাদেশ গণিত দল। ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথমআলোর ব্যবস্থাপনায় গণিত উৎসব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের মাধ্যমে দেশের ২৪টি আঞ্চলিক উৎসব থেকে এই শিক্ষার্থীদের নির্বাচিত করে বাংলাদেশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। এবার সারা দেশের চোখ মূল আয়োজনে দিকে। দেখা যাক কী হয়!