‘আমার বিশ্বাস ছিল আমি ইয়েস কার্ড পাব। শেষ পর্যন্ত তা পেয়ে গেলাম। এতে খুব ভালো লাগছে। এখন আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।’ খাগড়াছড়ির মানিকছড়ির মেয়ে অর্পিতা চাকমা ইয়েস কার্ড পেয়ে এভাবেই তাঁর অভিব্যক্তি তুলে ধরেন প্রথম আলোর কাছে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মার কাছে গান শিখি। এইবারই প্রথম ক্লোজআপ ওয়ানের অডিশনে আসা। প্রথমবার চেষ্টা করেই ইয়েস কার্ড পেয়েছি।’ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউিট (টিআইসি) মিলনায়তনে সংগীত প্রতিভা অন্বেষণে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ ২০১২-এর প্রাথমিক বাছাই অনুষ্ঠানে অর্পিতাসহ চট্টগ্রাম থেকে ইয়েস কার্ড পেয়েছেন মোট ৩২ জন। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত টিআইসির ফটকের বাইরে ছিল উৎসুক দর্শনার্থীদের ভিড়। ফটক পেরিয়ে আসা সব প্রতিযোগীর গলায় ঝোলানো নিবন্ধন কার্ড। সারিবদ্ধভাবে দাঁড়ানো প্রতিযোগীদের ঠোঁট নড়ছে অবচেতন মনে। অনেকে পাশের জনের সঙ্গে কথা বলে ঠিক করে নেন কী গান গাইবেন। আবার অনেকের চোখেমুখে উৎকণ্ঠার ছাপ। অডিশন শেষে ইয়েস কার্ড নিয়ে কেউ হাসিমুখে বেরিয়ে এলেই দর্শকদের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা। প্রাথমিক বাছাই অনুষ্ঠানের শেষ দিনে এমন চিত্রই দেখা গেল। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রতিযোগীরা এতে অংশ নেন। প্রথম দিন ১৩ জন, দ্বিতীয় দিনে ১২ জন ইয়েস কার্ড পান। শেষ দিনে ইয়েস কার্ড পেয়েছেন সাতজন।আয়োজকেরা জানান, এ বছর চট্টগ্রাম অঞ্চল থেকে মোট ১৫ হাজার ৩৫০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। থিয়েটার ইনস্টিটিউটের ওপরের তলায় পাঁচটি কক্ষে ১০ বিচারকের তত্ত্বাবধানে চলে অডিশন রাউন্ড। অনেকে ইয়েস কার্ড না পেয়ে মুখ কালো করে বেরিয়ে আসেন অডিশন কক্ষ থেকে। অডিশন রুম থকে বের হতেই কথা হলো কক্সবাজার থেকে আসা মোহাম্মদ আলীর সঙ্গে। বন্ধু মহলে গায়ক হিসেবে ভালোই নাম আছে তাঁর। তিনি ইয়েস কার্ড পাননি। বললেন, ‘একটু মন খারাপ হয়েছে। কিন্তু বিচলিত নই। সবাই ইয়েস কার্ড পাবে এমন কোনো কথা নেই। আগামীবার আরও ভালো প্রস্তুতি নিয়ে আসব।’গত বুধবার বিকেলে কাপ্তাই থেকে আসা ফারজানা আক্তার মোট ১৫টি গান গেয়ে ইয়েস কার্ড পান। বিচারকদের কক্ষ থেকে হাসিমুখে বের হয়ে এসে তিনি বলেন, ‘ইয়েস কার্ড পেয়ে খুবই ভালো লাগছে। দুই মাস হলো আমার বিয়ে হয়েছে। আমার স্বামীও ভীষণ খুশি। ওর অনুপ্রেরণাতেই আমার এখানে আসা। হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে আমি ইয়েস কার্ড পেয়েছি, এটি আমার জন্য বড় পাওয়া।’ বাছাইপর্বে বিচারক ছিলেন লিটন অধিকারী, অনুপ ভট্টাচার্য, সুজেয় শ্যাম, জাহিদ হোসেন, শাহনেওয়াজ, পার্থ মজুমদার, জালাল আহমেদ, পিয়ারু রহমান, আনিসুর রহমান ও লাবু রহমান। বিচারক সুজেয় শ্যাম প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগী এসেছেন। আমরা চাই অংশগ্রহণকারীরা গান জেনেই আসুক। সরকারের উচিত খেলোয়াড়দের যেভাবে গাড়ি, অর্থসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় শিল্পীদেরও সেভাবে পুরস্কৃত করা হোক। এতে আমাদের সংগীত জগতের উন্নয়ন হবে।’ অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে সারা দিন মিলনায়তনে উপস্থিত ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া, অরিন, পুতুল ও আর জে সায়েম। নিশীতা বলেন, ‘এখনো পর্যন্ত ক্লোজআপ ওয়ানই সংগীত প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় আয়োজন। এর মাধ্যমেই আমরা পরিচিতি পেয়েছি।’ প্রসঙ্গত ‘স্বপ্ন সাধনা সাহসে গাও আত্মবিশ্বাসে’ স্লোগানকে ধারণ করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চার বছর পর ক্লোজআপ ওয়ানের এই প্রাথমিক বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়।