আনন্দ উৎসবে টক ঝাল মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মায়েরা তো শুধু তেল-মসলা দিয়ে আচার বানান না, এর সঙ্গে মিশিয়ে দেন তাঁদের মমতাও।’ কথাটা চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগরের। এই মমতার কোনো মূল্য বেঁধে দেওয়া যায় না, মায়েরা তা আশাও করেন না। তবুও তাঁদের এই গুণের মর্যাদা ও স্বীকৃতি তো দিতে মন চায়। ‘প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই আকাঙ্ক্ষার কথাই প্রকাশ পেয়েছে। ৬ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল এই আয়োজন। জমকালো সেই সন্ধ্যায় ঝলমলে সব তারকার উপস্থিতিতে মুখ্য হয়ে উঠেছে আমাদের পরিবারের বন্ধন, ঐতিহ্য, মা-বোনদের স্নেহ ও মমতার কথা।অনুষ্ঠান শুরুর বেশ আগেই ভরে গেছে হল অব ফেমের প্রথম ও দ্বিতীয় তলা। প্রতিযোগীরা তো বটেই, সঙ্গে এসেছেন তাঁদের পরিবারের সদস্যরাও। কেননা, বাড়ির যে সদস্যটি এত দিন আচার বানিয়েছেন স্বামী-সন্তানদের জন্য, আজ তাঁর জাতীয় স্বীকৃতি পাওয়ার দিন।অনুষ্ঠান শুরু হলো তামান্না রহমান ও তাঁর দলের নৃত্য দিয়ে। ‘ও আলোর পথযাত্রী’ গানটির সঙ্গে নাচের তালে তাঁরা মনে করিয়ে দিলেন, এখনই থামার সময় নয়। অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন মঞ্চে এসে চাইলেন হাততালি।‘সারা দেশ থেকে প্রতিযোগিতায় জমা পড়া সাড়ে সাত হাজার আচারের জন্য চাই সাড়ে সাত হাজার হাততালি।’ প্রথমবার তালির শব্দ প্রায় শোনাই গেল না। উপস্থাপকের মতে, সেটা হলো সাড়ে সাত টাকার হাততালি। নিজেদের কাজের জন্য আবার হাততালি কেন! এমনটাই বোধহয় ভেবেছিলেন মায়েরা। দ্বিতীয় দফায় অবশ্য পাওয়া গেল সাড়ে সাত হাজার তালির শব্দ।মঞ্চে এসে প্রতিযোগীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী ও পরিচালক উজমা চৌধুরী। মঞ্চে এলেন মডেল ও অভিনয়শিল্পী তানিয়া। তাঁর বেড়ে ওঠা পুরোনো ঢাকায়। জানিয়ে দিলেন, ছোটবেলায় ছাদে আচার রোদে দেওয়া, সেখান থেকে চুরি করে খাওয়ার স্মৃতি। বললেন, ‘তিন বছর হলো মা মারা গেছেন। নিজে আচার বানাই, অন্যরাও বানিয়ে খাওয়ায়। কিন্তু মায়ের হাতের আচারের স্বাদ তো কোথাও পাই না।’জানা গেল আসিফ, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার—তাঁরা সবাই তানিয়ার প্রিয় সংগীতশিল্পী। এস আই টুটুল? এক শব্দের জবাব তানিয়ার, ‘ওয়াও!’ আর মানুষ হিসেবে? ‘ওয়াও!’ মঞ্চে এলেন এস আই টুটুল। মাথায় স্কার্ফ পেঁচানো, পরনে জিনস, টি-শার্ট আর ঝকঝকে হাসিমাখা মুখ। শুরু করলেন, ‘কতটা বেসেছি ভালো’ দিয়ে। এরপর গাইলেন, ‘যায় দিন’ এবং ‘তোমরা কবর দিয়ো, আমায় কবর দিয়ো, মার কবরের কাছে’ গান দুটি।অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীর পরনে পুরোদস্তুর শীতের পোশাক। ব্যাখ্যা দিলেন চঞ্চল, শুটিংয়ের ফাঁকে সময় বের করে এখানে এসেছেন পুবাইল থেকে। সেখানে নাকি এখন সাইবেরিয়ার মতোই ঠান্ডা! সব মায়ের জন্য গাইলেন ‘পথের ক্লান্তি ভুলে...’ গানটি। তাঁর অতি জনপ্রিয় ‘নিথুয়া পাথারে..’ গানটাও শোনা হলো। মঞ্চে এবার ওঠার পালা আচারের বিচার যাঁরা করেছেন, সেই বিচারকদের। একে একে সবাই যখন মঞ্চে এসে দাঁড়ালেন, স্পট লাইটের ঝকঝকে আলোও ম্লান হয়ে গেল তাঁদের দ্যুতিতে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু বললেন, ‘তেল-মসলার সঙ্গে মায়া-মমতা আর মনোযোগ—আচারের রসায়ন তো এটাই।’ সংগীতশিল্পী শাহীন সামাদ খালি গলায় গেয়ে শোনালেন ‘নোঙর তোল তোল’ গানটি। ১৯৭১ সালে যে কণ্ঠ উজ্জীবিত করত আমাদের মুক্তিযোদ্ধাদের, এতগুলো বছর পরও তার জোর কমেনি এতটুকু। মুহূর্তে যেন টানটান হয়ে উঠল মিলনায়তনের পরিবেশ। রান্নাবিদ সিতারা ফিরদৌস জানালেন, বিচারকাজের কাজটা কতটা গুরুত্বপূর্ণ, সেই কথা।নৃত্যশিল্পী তামান্না রহমানের কাছ থেকে এল মজার প্রস্তাব—‘শুধু পুরুষদের নিয়ে আচার প্রতিযোগিতা করলে কেমন হয়!’ সংবাদপাঠক ও উপস্থাপক ফারাহ শারমীনকে এখান থেকেই ছুটতে হবে খবর পড়তে। তবে মাইক্রোফোনে জানিয়ে গেলেন অনুষ্ঠান উপস্থাপনাই তাঁর সবচেয়ে ভালো লাগে। একই মত অভিনয়শিল্পী, অনুষ্ঠান উপস্থাপক ও টপ অব দ্য মাইন্ডের কর্মকর্তা সামিয়া আফরীনের। চিকিৎসক ও সংবাদ উপস্থাপক শাহনাজ চৌধুরী অবশ্য তাঁর দুটো পেশার তুলনায় যাননি। বরং মিলই ধরিয়ে দিয়েছেন। সংগীতশিল্পী ন্যান্সির কাছে অনুরোধ এল গান গাওয়ার। একটু পর তো গান হবেই, জানিয়ে দিলেন তিনি। এ সময়ের পছন্দের তিন মুখ—অভিনয়শিল্পী ও মডেল শখ, বিদ্যা সিনহা মিম ও সারিকা। ছেলেমেয়েরা তাঁদের দেখে মুগ্ধ হয়। এবার কিন্তু শুধু মায়েদের জন্যই এসেছেন তাঁরা। বাড়ি গিয়ে মায়েরা বলতে পারবেন, ‘তোদের পছন্দের শিল্পীদের দেখে এলাম।’ উপস্থাপকের এই কথায় তুমুল হাসি দর্শকদের। বিদেশেথাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ১২ বিচারকের একজন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার।দেশের গান গেয়ে শুরু করলেন ন্যান্সি। গাইলেন, ‘সব কটা জানালা খুলে দাও না’। এরপর গাইলেন ‘দ্বিধা’ ও ‘আমি তোমার মনের ভেতর’ গান দুটি।এমন সময় উপস্থাপক মঞ্চে এলেন দারুণ একটা খবর নিয়ে। বললেন, ‘আজ যিনি বিজয়ী হবেন তিনি যে কার মুখ দেখে উঠেছিলেন! তিনি এবার পাচ্ছেন এক লাখ নয়, পুরো দুই লাখ টাকা।’ পুরস্কারের এই বাড়তি অর্থ দেওয়া হচ্ছে চ্যানেল আইয়ের পক্ষ থেকে। তাই বর্ষসেরা আচার বিজয়ী পেলেন দুই লাখ টাকা।এরপর ক্লোজআপ ওয়ান-খ্যাত তারকা সংগীতশিল্পী বিউটি গাইলেন, ‘অপার হয়ে বসে আছি’ ও ‘সোনার পালঙ্ক’ গান দুটি। শুটিং স্পট থেকে অনুষ্ঠানের এক ফাঁকে চলে এলেন অভিনয়শিল্পী তিশা।মজা করেই বললেন, আচার খেতে অনেক ভালোবাসি।এরপর বক্তব্য দিলেন চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মায়েদের ত্যাগ ও শক্তির কথা বলতে গিয়ে শহীদ আজাদের মায়ের কথা মনে করিয়ে দিলেন মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী। ‘একসঙ্গে এতজন প্রত্যয়ী মা-বোনের সংস্পর্শে আসাটা আমার জন্য একটা বিরল সুযোগ।’ বললেন তিনি।শুরু হলো পুরস্কার ঘোষণার পালা। টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য—এই চারটি বিভাগে সেরা পুরস্কার পেলেন মোট ১২ জন প্রতিযোগী। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীরা পেলেন যথাক্রমে এলসিডি টেলিভিশন, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন।এবার বর্ষসেরা আচার ঘোষণার পালা। উপস্থাপক জানালেন, এই সৌভাগ্যবান বিজয়ী ঢাকার বাসিন্দা। কে হতে পারেন তিনি? সামনের সারিতে দাঁড়িয়ে গেলেন একজন। চোখে-মুখে দ্বিধা ও আশার মিশ্র প্রকাশ। একটু উসখুস করে বসেই পড়লেন। ততক্ষণে বলা হয়েছে বিজয়ীর বাড়ির ঠিকানার খানিকটা। তবু দ্বিধা কাটে না। নামটাই বলে ফেলা হলো। এবার উঠে দাঁড়িয়ে সোজা মঞ্চের দিকে হাঁটা শুরু করলেন নাসিমা আক্তার। প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১০-এর বর্ষসেরা আচারের পুরস্কার দুই লাখ টাকা জিতে নিয়েছেন তিনিই। স্বামী ও সন্তানদের সঙ্গে নিয়ে গ্রহণ করলেন তাঁর পুরস্কার। বললেন, ‘এই টাকা দিয়ে কী করব, এখনো ভাবিনি।’এখানেই শেষ নয়, সান্ত্বনা পুরস্কার পেলেন আরও ৪৮ জন। এবার যা-ই হোক, পরের বার সেরাটা দেখিয়ে দেব—এমন প্রত্যয়েই যেন ঘরে ফিরলেন সবাই।