আনন্দ-বেদনার টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। সেই সোনার হরিণের জন্য স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা হাজারো মানুষের অপেক্ষা যেন শেষ হয় না। কেউ পেপার বিছিয়ে কাউন্টারের সামনে রাত কাটাচ্ছেন, কেউ আবার চা-কফি খেয়ে আড্ডা দিয়ে সময় পার করছেন—সবার লক্ষ্য ওই একটা টিকিট পাওয়া। এ যেন অন্য রকম অনুভূতি। টিকিট পেয়ে কেউ আনন্দে আত্মহারা। যদি না পান তাহলে?—গত মঙ্গলবার এই প্রশ্নের জবাব দেন কুমিল্লাগামী মহানগর প্রভাতীর যাত্রী আবুল হোসেন। তিনি বলেন, ‘অল্পের জন্য সব ফসকে গেছে। অথচ চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমার সামনে আরও পাঁচ-ছয়জন দাঁড়ানো ছিলেন। ওই অবস্থায় কাউন্টার থেকে ঘোষণা এল টিকিট শেষ। এ কথা শুনে মন খারাপ হওয়ারই কথা।’২৮ আগস্ট পরিবার-পরিজন নিয়ে ঢাকায় যাবেন সাইদুল আলম। গত সোমবার ভোরে তিনি কাউন্টারে চলে যান। কাঙ্ক্ষিত তিনটি টিকিট পেয়েছেন। টিকিট পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আকাশের চাঁদ পেয়েছি।’ ২৮ আগস্ট কুমিল্লা যাবেন মাহবুবুল হক। গত মঙ্গলবার ভোরে চট্টগ্রাম স্টেশনে হাজির হন তিনি। ততক্ষণে হাজার হাজার মানুষ যেন কিলবিল করছিল গোটা স্টেশন চত্বরে। স্টেশনে লোকজনের চি ৎ কার-চেঁচামেচি। টিকিট পাবেন কি পাবেন না। অবশেষে দুটি টিকিট পেয়ে যান তিনি। বললেন, ‘উফ, কী শান্তি লাগছে, আপনারে বুঝাইতে পারুম না।’ একই অনুভূতি ব্যক্ত করেন ঢাকাগামী যাত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘সেহেরি খেয়ে চট্টগ্রাম স্টেশনে হাজির হই। মনে করেছিলাম, আমি সবার আগে স্টেশনে পৌঁছাব। গিয়ে দেখি হাজার হাজার মানুষ। এর মধ্যে লাইনে দাঁড়াই। মহানগর গোধূলির তিনটি টিকিট পাই। কী যে ভালো লাগছে!’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। সবাই নির্ঝঞ্ঝাট ভ্রমণ করতে চায়। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে ট্রেনে যাত্রী পরিবহন বাড়ানো সম্ভব হয়। যদিও ঈদ উপলক্ষে চট্টগ্রাম স্টেশন থেকে দুই জোড়া বিশেষ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। একটি চাঁদপুর ও অন্যটি কুমিল্লাগামী বলে জানা গেছে।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) মো. হাবিবুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ফেনী, কুমিল্লা ও চাঁদপুরের যাত্রীর সংখ্যা বেশি। তাঁদের কথা বিবেচনা করে এবার আমরা চট্টগ্রাম স্টেশন থেকে ঈদের বিশেষ ট্রেন চালু করেছি।’