আনন্দ-বেদনার প্রতিচ্ছবি
ভারতের উত্তর প্রদেশের বেনারসে গঙ্গার পাড়ে দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন। সৎকার করা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একজনকে। পাশে আরেকটি ছবিতে গঙ্গার পাড়ে প্রার্থনারত কয়েকজন পূজারী। ধূপচি হাতে পূজারীর আলোর বিপরীতে ধোঁয়া। সেই আলো-আঁধারে তোলা বিশাল ক্যানভাসের ছবিগুলো যেন মানুষের জীবনের সুখ-দুঃখ আর আনন্দ-বেদনার প্রতিচ্ছবি। ‘সোলস্ক্যাপ-অন্তরভূমি’ শীর্ষক আলোকচিত্রী জি এম বি আকাশের তোলা বড় ক্যানভাসের ২৬টি আলোকচিত্র নিয়ে চট্টগ্রাম আঁলিয়স ফ্রঁসেজ আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর। ১ আগস্ট বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর। প্রদর্শনীটি আজ রাতে শেষ হবে। এ প্রদর্শনীকে ‘বার্নিং ঘাট’, ‘লাইফ ফর রেন্ট’, ‘সারভাইভারস’, ‘বর্ন টু ওয়ার্ক’, ‘লোনলি হোম’ এ পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। বার্নিং ঘাটে ছিল বেনারসের গঙ্গার পাড়ের তিনটি ছবি। লাইফ ফর রেন্টে ছিল বাংলাদেশের ফরিদপুরের অন্ধকার গলির কয়েকজন যৌনকর্মীর ছবি। ধীরে ধীরে একজন ‘লিজা’র যৌবন ফুরিয়ে আসছে। আজকাল কোনো খদ্দের তাঁর ভাগ্যে জোটে না। লিজার তীব্র কান্না বড় ক্যানভাসের ছবিটিতে আরও তীব্র হয়ে উঠেছে। তৃষ্ণার পিঠের বিন্দু বিন্দু জলের ফোঁটা যেন অঝোর কান্না হয়ে ঝরে পড়ছে। জেসমিন ৩০ বছর ধরে অন্ধকার গলিতে। এখন তাঁর মেয়ে একই পথ অনুসরণ করছে। ‘বর্ন টু ওয়ার্ক’ ছবিগুলোতে সিলেটের জাফলংয়ে পিয়ান নদীতে শিশুশ্রমিকের বালুমাখা দুইটি পা দর্শকদের ছবিটির সামনে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। এ ছাড়া ইটভাটা আর কারখানায় কাজ করা দুইটি শিশুর ছবি বিবেককে প্রশ্নবিদ্ধ করে। সারভাইভারসে ২০০৯ সালে সাতক্ষীরায় আইলাতে ক্ষতিগ্রস্তদের বেশকিছু চমৎকার ছবি স্থান পেয়েছে। জি এম বি আকাশ প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে ২০০২ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রেস ফটো কনটেস্টে পুরস্কারসহ এ পর্যন্ত ৪০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি।