আনন্দ মোহন কলেজে একদিন
মূল সড়ক ঘেঁষেই বিশাল মাঠ। সেই মাঠের সবুজ কচি ঘাসের ওপর দলে দলে ভাগ হয়ে আড্ডার আসর জমিয়েছেন শিক্ষার্থীরা। দেখে মনে হচ্ছে কোনো মেলা বসেছে। তাঁরা সবাই ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।সারা দিন ক্লাস, ল্যাব, লাইব্রেরি ওয়ার্ক শেষ করে বিকেলে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া প্রতিদিনকার রুটিন হয়ে গেছে। ক্লাসে স্যার কী পড়ালেন, কার রেজাল্ট কেমন হচ্ছে, ক্যারিয়ার, পরীক্ষার গ্রুপ স্টাডি—এ বিষয়গুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করাই আড্ডার মূল বিষয়। বলছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা। তবে বন্ধুদের সঙ্গে খুনসুটিগুলোও বাদ পড়ে না আড্ডায়। ‘এই যেমন গত ক্লাসে উপস্থিতি দেওয়ার পর তুহিন ক্লাস থেকে পালিয়েছিল। তাই আজ স্যার খুব ঝাড়ি দিয়েছেন। এই নিয়ে আজ ওকে পচাচ্ছি আমরা।’ জানালেন একই বিভাগের শিক্ষার্থী রুমা। এভাবেই তারুণ্যের উচ্ছলতা ও দুই চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন শতবর্ষী আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা।১৯০৮ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহের কৃতী সন্তান, আনন্দ মোহন বসু কলেজটির প্রতিষ্ঠাতা। ২০০৮ সালে কলেজটি শতবর্ষ পূর্ণ করেছে। আনন্দ মোহন কলেজ একদিকে যেমন অনেক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী, তেমনি এক সমৃদ্ধ গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। অসংখ্য গুণী মানুষ এখানকার শিক্ষার্থী। প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ, ঔপন্যাসিক নীহার রঞ্জন রায়, কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ, রাজনীতিবিদ সৈয়দ নজরুল ইসলাম উল্লেখযোগ্য।কলেজের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে লাল রঙের পুরোনো ডিজাইনের দালানগুলো, যা কলেজটির ঐতিহ্যবাহী পরিচয় জানান দেয়। ডান পাশ ধরে এগোলোই কলেজের বিভিন্ন বিভাগ। এর কিছুটা সামনেই রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার।বিশাল এলাকাজুড়ে কলেজটিকে সবুজ যেন চারপাশ থেকে মুড়িয়ে রেখেছে। শুধু ময়মনসিংহ শহরেই নয়, এর আশপাশের জেলাগুলো থেকেও শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। এমনই কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন কলেজ প্রাঙ্গণে বসে। কথা হয় তাঁদের সঙ্গে। সমাজবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল-আমিন এসেছেন জামালপুর থেকে। এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করে দীপা ভর্তি হয়েছেন এই কলেজে। তিনি মনে করেন, ভালো ফল যেকোনো জায়গা থেকেই করা যায়। প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি ও পরিশ্রম।দর্শনের শিক্ষার্থী লোপা দেবের রয়েছে কিছু অনুযোগ, ‘সুযোগ-সুবিধার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। এ ছাড়া সেশনজট তো আছেই।’ক্যারিয়ার ভাবনা নিয়ে সালাউদ্দিন বলেন, তিনি যেতে চান ব্যাংকিং পেশায়। তবে দীপা যেতে চান কোনো সরকারি চাকরিতে।পড়ালেখার পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা নানা সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত। এখানে এমন একটি সংগঠন ‘বাঁধন’। এর সদস্য রবিন জানালেন, ময়মনসিংহ শহরে বাঁধনের শাখা মাত্র দুটি হওয়ায় এখানকার জনসাধারণ তাদের ওপর রক্তের জন্য একটু বেশিই নির্ভর করে।হিসাববিজ্ঞান বিভাগের সুমন বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। দেশ, সমাজ ও নিজেকে নিয়ে এমন হাজারো স্বপ্ন বুনে চলেন এখানকার শিক্ষার্থীরা। তার সঙ্গে হাত ধরাধরি করে চলে স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা।