আনন্দ যেন মাটি না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমন আনন্দ l মডেল: ঝুমুর, সূচনা ও সায়রা,  ছবি: কবির হোসেন
পয়লা বৈশাখে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমন আনন্দ l মডেল: ঝুমুর, সূচনা ও সায়রা, ছবি: কবির হোসেন

আমার নববর্ষের সকালটা শুরু হয় চারুকলার ‘মঙ্গল শোভাযাত্রা’য় অংশগ্রহণের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে প্রতিবারই যাই। পরনে থাকে সাদার ক্যানভাসে লাল কিংবা হলুদ-সবুজ রঙের একপেঁচে শাড়ি। হাতে রং-বেরঙের রেশমি চুড়ি, খোঁপায় গুঁজি ফুল, কপালে টিপ। মাটির গয়নাও পরি। কয়েকবার বন্ধুদের সঙ্গে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানেও গিয়েছি। সবাই মিলে, ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গেয়েছি। এবারও তা-ই করব। পয়লা বৈশাখের দিন তো লোকে লোকারণ্য হয়ে যায় পুরো ক্যাম্পাস। সবার সঙ্গে সবাই যেন আনন্দ ভাগ করে নেয়। দিনভর চারুকলা, সোহরাওয়ার্দী উদ্যান, কলাভবন, টিএসসি, শ্যাডো আর মল চত্বর চষে বেড়াব। রাস্তার পাশে বসে ফুচকা-চটপটি, হাওয়াই মিঠাই, আইসক্রিম, লেবুর শরবত, মোয়া-বাতাসা আর ভাজা-ভুজি খাব ইচ্ছেমতো। পান্তাও খাব। প্রতিবার নাগরদোলায় চড়ি, বাবল ফুলাই। এখানে তালপাতার বাঁশি পাওয়া না গেলেও বাচ্চাদের জন্য বসা বাহারি দোকানের বাঁশি-বেলুন আর চরকি এখনো খুব টানে আমাকে। সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা-হাসি-খুনসুটি আর ঘোরাঘুরি শেষে একটা সুন্দর দিনের স্মৃতি জমিয়ে ফিরে আসি হলে।
আগামীকাল নতুন বছরের জন্যও অনেক জল্পনা-কল্পনা, পরিকল্পনা করেছি। কিনেছি নতুন শাড়ি-চুড়ি। কিন্তু মনের ঘরে কোথায় যেন এক অজানা শঙ্কা। গত বছর পয়লা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার আজও কোনো বিচার হয়নি। দিন শেষে এমন কোনো অপ্রীতিকর ঘটনার শিকার যেন হতে না হয় আমাকে, কিংবা আমার আত্মীয়-বন্ধু, পরিচিত-অপরিচিত কাউকেই। সেই নিরাপত্তা, নিশ্চয়তা চাই। চাই সেই মানসিকতার প্রকাশ। যাতে সবার এত আনন্দে ভাটা না পড়ে। সুন্দর স্মৃতি দুঃসহ স্মৃতি না হয়। ক্যাম্পাসে সবাই আনন্দ করবে। হই-হুল্লোড় করতে করতে বাড়ি ফিরে যাবে।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়