
‘পেহেলা নেশা’ অথবা ‘সাগর কিনারে’ যখন গাইছিলেন শিল্পীরা, তখন দর্শকেরাও গুনগুন করে ঠোঁট মেলাচ্ছিলেন। জ্যৈষ্ঠের তাপদগ্ধ দিন শেষে সন্ধ্যায় সুরের এই পরশ যেন দর্শকদের শরীর-মন জুড়িয়ে দিল। গত ২৪ মে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে হয়ে গেল ‘হৃদয়ের গান’ শিরোনামে সংগীতের আসর। আসরে হিন্দি চলচ্চিত্রের মিষ্টি প্রেমের গান শুনিয়ে দর্শকদের মন জয় করলেন শিল্পীরা।
অনুষ্ঠানের কথামালা পর্বে বক্তব্য দেন অঙ্গনের উপদেষ্টা সাবির উল আলম চৌধুরী, পরিচালক লিটন মিত্র, নোয়েল মেন্ডিস ও আসাদ চৌধুরী।
সংগীত পর্বে শিল্পীরা সাজান, আশিকি, ফুল অর কাঁটে, কেয়ামত সে কেয়ামত তকসহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের গান শুনিয়ে দর্শকদের নস্টালজিক করে তোলেন। শুরুতে কুমার শানু ও অনুরাধা পাড়ওয়ালের গাওয়া সাদাক চলচ্চিত্রের গান ‘তুমহে আপনা বানানে কি কসম’ গেয়ে শোনান পাপড়ী ভট্টাচার্য ও আহসান হাবীব।
এরপর সংগীত পরিবেশনায় অংশ নেন ফাহমিদা রহমান, দেবাশীষ ধর, জনি বড়ুয়া, নাজনাতুন নাঈম, দেবাশীষ চৌধুরী ও আলতুষি। শিল্পীরা গাইলেন ‘মে দুনিয়া ভুলা দুঙ্গা’, ‘ঘুংগট কি অরসে’, ‘এ মেরে হাম সাফার’, ‘নজর কে সামনে’, ‘দিল হে কি মানতা নেহি’সহ বেশ কিছু গান। সব মিলিয়ে শিল্পীরা পরিবেশন করেন ১৬টি গান। অনুষ্ঠানে তবলা ও ঢোল বাজান লিটন মিত্র ও প্রীতম আচার্য। কিবোর্ড সৃজন রায়, অক্টোপ্যাড জুয়েল দাশ, বেজ গিটারে সজল সরকার ও লিড গিটার বাজান রাজীব ঘোষ।