আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ‘দেড় শ বছরের আমি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো শ্যামল সুন্দর’ গানটির তালে তালে প্রথমেই নেচে নেচে বর্ষাকে আমন্ত্রণ জানালেন নীল শাড়ি পরা একদল শিল্পী। এভাবেই অনুষ্ঠানের শুরু। এরপর আষাঢ়ের বৃষ্টিভেজা সন্ধ্যায় একে একে চলতে থাকে গান, নাচ, আবৃত্তি ও গান। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩ জুন আনন্দ সাংস্কৃতিক অঙ্গন থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ‘দেড় শ বছরের আমি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। এটি তাদের ৬৩তম আয়োজন। নাজরাতুন তিভা ও নীল ময়ূরী চৌধুরীর কণ্ঠে ‘মেঘের কোলে রোদ হেসেছে’, ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’, প্রাপণ একাডেমির ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানের সঙ্গে নাচ, এ রকম একের পর এক পরিবেশনায় সময় পেরিয়ে গেছে মুগ্ধতায়। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে রাত নামে, দর্শক মজেন সুরের ছন্দে। করবী দাশের ‘আজি ঝর ঝর’, বুবলী ঘোষের ‘আমার হিয়ার মাঝে’, রতন বিশ্বাসের ‘আর রেখো না আঁধারে’—এ মনমাতানো গান এবং দিপা বৈদ্যের ‘মম চিত্তে নৃতে নৃত্যে’র নাচের সঙ্গে সবার মনই যেন খানিকটা নেচে ওঠে। অনুষ্ঠানের প্রায় শেষে সমরজিৎ রায় গেয়েছেন ‘পুরোনো সেই দিনের কথা’, ‘ভালো যদি বাস সখি কী দেবো গো আর’। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন নন্দনকাননের অরূপ দাশ। তিনি বলেন, ‘এ অনুষ্ঠানটির কথা আমার অনেক দিন মনে থাকবে।’ সমরজিৎ ছাড়াও সংগীত পরিবেশন করেন পীযূষ নাগ, লাকী দত্ত, রুচিরা বড়ুয়া প্রমুখ। তবলায় ছিলেন লিটন মিত্র, কিবোর্ডে সৃজন রায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আয়েশা হক।