আনন্দধ্বনি জাগাও
>চট্টগ্রাম বন্ধুসভা ও রংপুর বন্ধুসভার সাংস্কৃতিক আয়োজন একই শিরোনামে ‘আনন্দধ্বনি জাগাও প্রাণে’ অনুষ্ঠিত হলো যথাক্রমে ৯ আগস্ট ও ৭ আগস্ট।

চট্টগ্রাম: শ্রাবণসন্ধ্যায় ‘ধিম তানা, ধিম তানা’ শিরোনামের গানের সঙ্গে বন্ধুদের দলীয় নৃত্যের পরিবেশনা অন্য ধরনের আবহ সৃষ্টি করেছিল মিলনায়তনজুড়ে। ‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে’ শিরোনামে গানের মাধ্যমে দর্শকদের কাছে ভালোবাসার আমেজ ছড়িয়ে দিয়ে যান বন্ধু প্রিয়া চৌধুরী। এরপর মুহিবুল আরিফ ও শাকেরা শিমু যৌথ কণ্ঠে পরিবেশন করেন‘আকাশে কান পেতে রাখি’ শিরোনামের গান। বাবলু চক্রবর্তী ‘বন্ধু বোঝে আমাকে’ শিরোনামের গানের পরিবেশনায় মাতিয়ে তোলেন দর্শকদের। এরপর একক নৃত্য নিয়ে মঞ্চে আসেন সেঁজুতি গুপ্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কৃষ্ণকলি’ শিরোনামের কবিতার সঙ্গে তাঁর নৃত্য পরিবেশনা জমিয়ে তোলে আয়োজন। এরপর শুরু হয় বন্ধুসভার নতুন কমিটির অভিষেক আয়োজন। এ সময় কথামালা নিয়ে মঞ্চে আসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী। অভিষেকের আনুষ্ঠানিকতা শেষে একক সংগীত নিয়ে মঞ্চে আসেন শাকেরা শিমু। এরপর ‘যা চেয়েছি, যা পাব না’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন বেনজির বিনতে শওকত ও সঞ্জয় ধর। ‘মনে রেখো’ শিরোনামের গান নিয়ে মঞ্চে আসেন রিন্টু চৌধুরী ও মুহিবুল আরিফ।
শিহাব জিশান

রংপুর: ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর...’ রবীন্দ্রসংগীতের গানের সুরে ২০ জন বন্ধু মঞ্চে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন। নতুন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁদের হাতে ফুলে তুলে দেন বন্ধুসভার দুজন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মকসুদার রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন দুই উপদেষ্টাসহ প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক।
নতুন বন্ধুদের বরণপর্বের পর বন্ধু প্রিয়াংকা ঘোষ ও নাজমুল আলম কবিতা আবৃত্তি করে শোনান। হিমু রায় পরিবেশন করেন রবীন্দ্রসংগীত। শিল্পীদের গানের ফাঁকে বন্ধু আসমা উল হুসনা দুটি নৃত্য পরিবেশন করেন।
এ ছাড়া সংগীত পরিবেশন করেন চুনী ইসলাম, রংপুর বন্ধুসভার সদস্য প্রিয়াংকা সরকার, ফারহান সাহীল, জাহাঙ্গীর কবির, রাহাত পারভেজ, মুরাদ হোসেন। ‘চিলেকোঠা’ ও ‘আধপাগলা’ ব্যান্ড দলের পরিবেশনাও ছিল অসাধারণ!
স্মৃতিচারণা করেছেন রংপুর বন্ধুসভার সাবেক সভাপতি অনিক রাহীম, রাহাত পারভেজ, সাহাজাদ হোসেন ও সত্যজিৎ ঘোষ। ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান হিমু ও সভাপতি রুম্মান উল আলম। আর পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন নাজমুল আলম।
