আনন্দবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই মনটা খুব ভালো থাকে। আজ তেমনই একটা দিন। এমন দিনে নিজেকে পৃথিবীর অন্যতম সুখী মানুষ বলে মনে হয়। সকালে ঘুম থেকে উঠে মেঘলা আকাশ দেখলেও মনটা খারাপ হয় না। মনে হয়, সূর্য এক দিন না উঠলে এমন কী আর ক্ষতি।এই দিনটা অনেকটা রবীন্দ্রনাথের ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানটার মতো। এই দিনে সবকিছু ভালো লাগে কোনো কারণ ছাড়াই। কয়েক দিন ধরে হতে থাকা একঘেয়ে তুষারপাত দেখেও কবিতা লিখতে ইচ্ছে করে। মনে হয়, অনেক দিন বৃষ্টি দেখি না তাতে কি, কানাডার এই হিমশীতল তুষারপাতের সৌন্দর্য তো বাংলাদেশের বর্ষাকালের চেয়ে কোনো অংশে কম নয়!পাতাঝরা ও বরফে ঢেকে যাওয়া রুক্ষ গাছগুলো দেখে মনে হয়, আহ্, কী সুন্দর প্রকৃতি! নাইবা থাকল পাতা কিছুদিনের জন্য, ক্রিসমাস ট্রিগুলো তো এখনো সবুজ।এমন দিনে পরের এক সপ্তাহের জন্য রান্না করতে হবে ভেবে একটুও বিরক্ত লাগে না। বরং ইন্টারনেটে নতুন কোনো রেসিপি দেখে অতি উত্সাহে সেটা রান্না করার প্রস্তুতি নিই। পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি চলে এলেও সেটাকে কষ্ট বলে মনেই হয় না। অথবা রান্নার পর তরকারিতে লবণ কম হলেও সেটা দিব্যি খেয়ে ফেলি।বাংলাদেশের ফুটপাতে মজার ফুচকা আর বেশি দুধ-চিনি দেওয়া চায়ের স্বাদ অনেক দিন না পাওয়ার কষ্ট একবারও মনে পড়ে না। বরং টিম হর্টনসের এক কাপ কফি আর ডোনাট খেয়ে দিব্যি বিকেলটা কেটে যায়। অনেক দিন পূর্ণিমা না দেখলেও ইউটিউবে ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ গানটা শুনেই চোখ দুটো বন্ধ করে জ্যোত্স্না রাতের রোমাঞ্চ অনুভব করতে পারি।দেড় বছর ধরে মায়ের মুখ না দেখলেও মিনিট ফোনে কথা বলেই মনটা ভালো হয়ে যায়। ছোট ভাগ্নি-ভাতিজিদের অনেক দিন কোলে না নিয়েও ফোনে ওদের মুখে মামা-চাচ্চু ডাক শুনেই আবেগে সিক্ত হয়ে ওঠে মন।আর মনে হয়, কাটুক না প্রতিটা দিন এমনই আনন্দবিলাসে!জিয়াউর রহমানইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা।