আনন্দভুবনের ঈদ ফ্যাশন প্রতিযোগিতা
আনন্দভুবন এবার দশমবারের মতো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১০-এর বিজয়ীদের পুরস্কৃত করেছে। ২৮ আগস্ট ধানমন্ডির বেল টাওয়ারের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বেক্সিমকো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ, দি ইন্ডিপেন্ডেন্ট -এর সম্পাদক মাহবুবুল আলম, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহি কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল এবং রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। মোট ১৪টি বিভাগে প্রথম পাঁচজনকে এই পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল শাড়ি এক্সক্লুসিভ, পাঞ্জাবি এক্সক্লুসিভ, সালোয়ার-কামিজ এক্সক্লুসিভ, শাড়ি সিল্ক ও সালোয়ার-কামিজ সিল্ক, পাঞ্জাবি সিল্ক, শাড়ি সুতি, সালোয়ার-কামিজ সুতি, পাঞ্জাবি সুতি, মেয়েদের ফতুয়া, ছেলেদের ফতুয়া, ছোটদের পোশাক (ছেলে), ছোটদের পোশাক (মেয়ে) ও শিক্ষার্থী বিভাগ। ফ্যাশন হাউস কুইনি সাতটি বিভাগে, কৃষ্ণচূড়া পাঁচটি বিভাগে, ক্যানভাস চারটি বিভাগে, বাংলা বসন চারটি বিভাগে, বাংলা কথা তিনটি বিভাগে, নিমমিস ব্লক অ্যান্ড বাটিকস, দুটি বিভাগে পুরস্কার পেয়েছে। ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থীদের নিজ পেশায় ভালো করার উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষার্থী বিভাগেও পুরস্কার দেওয়া হয়। এই বিভাগে বিজয়ীরা হলেন মোজাম্মেল হোসাইন, সাকিবা বিনতে আলী ও মুনমুন নাহার। বিজয়ীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। প্রতিযোগিতার ফলাফল নিয়ে ইতিমধ্যে ক্যাটালগও প্রকাশিত হয়েছে।