আনন্দমুখর সন্ধ্যায় সুরের টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংগীত আসরে গান পরিবেশন করেন শূন্য ব্যান্ডদলের শিল্পীরা
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংগীত আসরে গান পরিবেশন করেন শূন্য ব্যান্ডদলের শিল্পীরা

সম্প্রীতির বন্ধনের পরম্পরার গল্পের রেশ তখনো দর্শকদের মধ্যে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের এই পরিবেশনা মুগ্ধতার আবেশ ছড়ায়। এরপর ব্যান্ডদল শূন্যের সুরের খেয়ার টান। গানে গানে আনন্দমুখর সন্ধ্যা।
৩ অক্টোবর এ রকম নানা সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ছিল নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৯, ৩০ ও ৩১তম ব্যাচের নবীনবরণ এবং ১৯তম ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানমালার।
তিন পর্বের এই আয়োজনে প্রথমে ছিল আলোচনা সভা। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে মঞ্চে আসে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল। জালাল উদ্দিন ও বর্ণা বড়ুয়ার নেতৃত্বে দলটি পরিবেশন করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের সম্প্রীতির আখ্যান। এই পর্বের সমন্বয় করেন পঙ্কজ বিশ্বাস। অনুষ্ঠানের তৃতীয় পর্বে মঞ্চে গান পরিবেশন করে ব্যান্ডদল স্টোন ও ফরবিডেন মেলোডিস।
সবশেষে মঞ্চে আসে ব্যান্ডদল শূন্য। ‘শত আশা’ গানটি পরিবেশন করে শুরুতেই অনুষ্ঠান জমিয়ে দেয় তারা। এরপর একে একে গান আর দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। প্রতিটি গানের সঙ্গেই গলা মিলিয়ে, নেচে কিংবা হাত নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শূন্যের সদস্যরা গেয়ে শোনান ‘শোনো মহাজন’, ‘রাজাহীন রাজ্য’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘মন তোরে পারলাম না বোঝাইতে’, ‘আমার আমি’সহ জনপ্রিয় নয়টি গান। ‘সামার সিক্সটি নাইন’ শিরোনামের ইংরেজি গান গেয়ে শূন্য যখন বিদায় নিচ্ছিল, শিক্ষার্থীদের উচ্ছ্বাস থেমে নেই তখনো।