আনন্দমোহন ১০০
কলেজের ১০০ বছর! কত মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে কলেজটি! যাঁরা এখানে পড়াশোনা করেছেন, তাঁদের অনেকেই এখানে এসেছেন। জমে উঠেছে আলোচনা, আড্ডা।১৯৫৪ সালে কলেজের প্রথম ছাত্র সংসদের ভিপি অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন আহাম্মেদ বলেন, বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী এ কলেজ থেকে পাস করে বেরিয়ে যাওয়া ছাত্ররা আজ দেশের নানা অবস্থানে দেশের সেবা করছেন। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলে এটি রাষ্ট্রের আরও গৌরব বাড়াবে।আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ম. হামিদ বলেন, ‘একটি ধর্মঘটে নেতৃত্ব দেওয়ায় আমাকে এ কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। সে সময় মাত্র ১৫ দিনের প্রশিক্ষণ নিয়ে দেশের হয়ে যুদ্ধ করেছিলাম। এ কলেজের কতজন ছাত্র যে মুক্তিযোদ্ধা, তার হিসাব আমাদের জানা নেই।’১৯৭২ সালে এ কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্মৃতিচারণা করে বলেন, ‘স্বাধীনতার আগে এ কলেজে মাত্র দুটি বিষয়ে অনার্স চালু ছিল। আর আজ সেটি প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর কলেজ। ভাবতে ভালো লাগে, গর্ব বোধ করি যে আমি এ কলেজের ছাত্র ছিলাম।’নবীন-প্রবীণের যে মিলনমেলা বসেছিল, তাতে ছিল আনন্দ। কতদিন পর দেখা হলো বন্ধুতে-বন্ধুতে!হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থীর চোখে-মুখে বহুদিন পর সহপাঠী বন্ধু-সহকর্মীদের কাছে পাওয়ার আনন্দ। আর খুঁজে না পাওয়া বন্ধুদের খুঁজে পেতে ব্যাকুলতা।নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এত বড় বিশাল অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পেয়ে জীবনের শ্রেষ্ঠ একটি ক্ষণ উপভোগ করতে মগ্ন। যে যেখানে পারছে দলবদ্ধ হয়ে হইহুল্লোড় করে ছবি তুলছে। আনন্দমোহন কলেজের শতবর্ষ পূর্তি উদ্যাপনে আসা কলেজের সাবেক শিক্ষার্থীরা ও শিক্ষকেরা এখানে-সেখানে দাঁড়িয়ে-বসে পুরোনো সে সময় নিয়ে কথা বলতে ব্যস্ত। কেউ কি ভুলতে পারে কৃষ্ণচূড়া চত্বরের কথা? কিংবা বিভিন্ন বিভাগের পুকুরপাড়, পুরোনো হোস্টেল, নতুন বিভাগসহ স্মৃতিজড়িত স্থানগুলোর কথা।কেউ কেউ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করছেন। নতুনেরাও বসে নেই। দল বেঁধে আড্ডা আর ঘুরেফিরে পুরোনো ভাই-বোনদের সঙ্গে পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনা!শতবর্ষ উদ্যাপনের উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছিল ২০০৭ সালে। নানা কারণে সেটি করতে বিলম্ব হয়। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গত ২৯ জানুয়ারি শুক্রবার সকালে আনন্দমোহন কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে গৌরব ও অর্জনের ১০০ বছর পূর্তি উদ্যাপনের দুই দিনব্যাপী নানা কর্মসূচির শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।স্মৃতিচারণা করতে গিয়ে কলেজের সাবেক ভিপি হামিদুল হক বলেন, ‘জামালপুরের প্রত্যন্ত এলাকা থেকে ১৯৬৬ সালে কলেজে ভর্তি হয়ে নিজেকে একটু কেমন কেমন মনে হতো। সে সময় অধ্যাপক কবীর চৌধুরী অধ্যক্ষ ছিলেন। খুবই কড়া মানুষ। আমরা সবাই তাঁকে ভয় পেতাম।’ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট বদর উদ্দিন কামরান বলেন, ‘আমাদের সময়ে ছাত্রনেতা হতো তারাই, যারা ভালো ছাত্র ছিল, ভালো ছবি আঁকত, ভালো গান করত। বর্তমান সময়ে নেতৃত্বের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো ছাত্রদের রাজনীতিতে আসতে হবে।’সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কলেজের প্রাক্তন ছাত্র ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলার পুরস্কার বিতরণকালে বলেন, এ কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বলব, ‘এ জনসমুদ্রে কথা বলতে পেরে আমি গর্বিত। জাতীয় প্রয়োজনেই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করা প্রয়োজন। আমি প্রাক্তন ছাত্র হিসেবে চাই কলেজটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হোক।’মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, মূকাভিনয়, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি ও ফ্যাশন শো প্রদর্শন করেন। এর পরই শুরু হয় দুটি নাটক। প্রথমে ফরিদ আহমদ দুলাল রচিত সাইফুল এহসান জহির ও আনোয়ারা সুলতানার নির্দেশনায় জরি বিবির পালা নাটক। পরে ময়মনসিংহের বিদ্রোহী নাট্যগোষ্ঠী পরিবেশন করে কাজী নজরুল ইসলামের জীনের বাদশা উপন্যাস অবলম্বনে নাটক আল্লারাখা।আসলে দিনটি ছিল অন্যরকম। বড় উত্সবের ঘ্রাণ পেয়ে এখানে হাজির হয়েছিলেন ঝালমুড়ি বিক্রেতা বিমল মিত্র, কখন যে তিনি বিকিকিনি ফেলে গানের মূর্ছনায় শিক্ষার্থীদের সঙ্গে নাচতে শুরু করেছেন, তা টেরই পাননি। উচ্ছ্বসিত বিমল বলেন, ‘সারা বছর তো এমন কত অনুষ্ঠানে ঝালমুড়ি বেচি, কিন্তু এমন আনন্দ আর পাই নাই। লেখাপড়া করার যে এত আনন্দ, ভাই, আগে বুঝি নাই।’ বাদামবিক্রেতা বৃদ্ধ ফুল মিয়াও যোগ দেন আনন্দে। বলেন, ‘এখানেই অনেক বছর ধইরা বাদাম বেচি। নেতা গো মিটিংয়েও বুঝি এত লোক হয় না। কলেজটার রাজকপাল এতগুলা মানুষরে শিক্ষিত কইরছে।’আনন্দমোহন কলেজের শতবর্ষ পূর্তি উদ্যাপনের দ্বিতীয় দিন ৩০ জানুয়ারি সকালে ‘মুক্তিযুদ্ধে আনন্দমোহন কলেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেন কলেজের সাবেক শিক্ষক ও ছাত্র সংসদের নেতারা। বিকেলে অধ্যাপক মুহম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে ‘হূদয়ে আনন্দমোহন কলেজ’ স্মৃতিচারণা অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্মৃতিচারণা করেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আরসের ব্যান্ড দল গান পরিবেশন করে রাত সাড়ে ১১টা পর্যন্ত শ্রোতাদের মাতিয়ে রাখে।দুই দিনব্যাপী সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করতে বড় ছয়টি প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। সারা কলেজ হোস্টেলসহ কয়েক দিন ধরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। আর সারা শহরে অসংখ্য তোরণ নির্মাণ করা হয় ব্যক্তি ও সংগঠন পর্যায় থেকে। প্রতিদিন ৪০-৫০ হাজার দর্শক শতবর্ষ অনুষ্ঠানের নানা আয়োজন উপভোগ করেন।