আনন্দময় পরিবেশে শেষ হলো কাপ্তাইয়ের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণবন্ত পরিবেশে গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে ইন্টারনেট উৎসব শেষ হলো কাপ্তাইয়ে। উৎসবকে ঘিরে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাসের জোয়ার। বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।১৩ অক্টোবর কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী উৎসবের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশনে করে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবে অংশ নেয় কর্ণফুলী কলেজ, শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, কাপ্তাই উচ্চবিদ্যালয়, ওয়াগ্গা উচ্চবিদ্যালয়, কেআরসি উচ্চবিদ্যালয়, কর্ণফুলী কাগজ কল উচ্চবিদ্যালয় ও কলেজ, বাংলাদেশ নৌবাহিনী উচ্চবিদ্যালয়, নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়, চিৎমরম উচ্চবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চবিদ্যালয় এবং বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। প্রধান শিক্ষক মো. হানিফ বলেন, ‘সুন্দর ও শিক্ষণীয় এ উৎসবে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত।’ শিক্ষক হাবিবুল হক বলেন, ‘এখানে না এলে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য অজানাই থেকে যেত।’ অনুষ্ঠানে উপস্থিত বিএন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কাজী সাইফ হোসেনের মন ছিল খারাপ। কারণ, অষ্টম শ্রেণীর ছাত্র না হওয়ায় সে প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। তাৎক্ষণিক প্রশ্ন-উত্তরে শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের ছাত্রী জান্নাত সঠিক উত্তর দিয়েও সপ্তম শ্রেণীর ছাত্রী হওয়ায় আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। এতেও দারুণ মন খারাপ হয় শিক্ষক-শিক্ষার্থীদের।৯৬ জন প্রতিযোগীর মধ্যে আই-জিনিয়াস নির্বাচিত হয় কর্ণফুলী কাগজ কল উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র ইরফান ইন্তেখাব শাহিন। সেরা নির্বাচিত হওয়ায় আনন্দের বন্যা বয়ে যায় ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মনে। অনুষ্ঠানের সঞ্চালক জয়বর্ধন রায় জানান, শাহিন ঢাকায় অনুষ্ঠিত পরবর্তী প্রতিযোগিতায় অংশ নেবে। আরও ভালো ফল করলে ভবিষ্যতে বিদেশেও যাওয়ার সুযোগ থাকবে। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে কর্ণফুলী কলেজকে ব্যবহারের জন্য একটি ইন্টারনেট মডেম উপহার দেওয়া হয়। উৎসব সফল করতে প্রথম আলো কাপ্তাই বন্ধুসভার বন্ধুদের তৎপরতা সবার নজর কাড়ে।