আনন্দযজ্ঞে আমন্ত্রণ
বন্ধুত্ব ব্যাপারটাই বেশ মজার। পৃথিবীতে কত অদ্ভুত কারণেই আমরা বন্ধু পাতিয়ে ফেলি। আমাদের বন্ধুদের এই সভা—বন্ধুসভা, এখানেও আমরা এমন মজার একটা জগৎ বানিয়ে রেখেছি। আমাদের এই আনন্দযজ্ঞে সবাইকে আমন্ত্রণ।
আমরা এখানে সংস্কৃতির চর্চা করি। সুস্থ সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, মাটির সংস্কৃতি। আমরা বই পড়ি। সেই পড়া নিয়ে আলোচনা করি। কবিতা লিখি, আবৃত্তি করি, আবৃত্তি শিখি। বিতর্ক করি। আমাদের বন্ধুদের গল্প করি। এই দেশের, এই মাটির, এই সমাজের গল্প করি।
এই দেশের কাছে আমরা দায়বদ্ধ। তাই দেশের নানা সমস্যায় আমরা এগিয়ে যাই। বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি হলেই আমাদের খুঁজে পাবেন। সাহায্যের হাত আমাদের সব সময় প্রসারিত। মেধাবীদের পাশে দাঁড়ানো, রক্তদানে উদ্বুদ্ধকরণ, সাহসী সন্তানদের মূল্যায়ন আমাদের আনন্দ।
কিছু নষ্ট লোক সব সময়ে সব সমাজে থাকে। ওরা অ্যাসিড ছুড়ে মারে, হাতে তুলে নেয় মাদক, নারী নির্যাতন করে, পরীক্ষায় করে নকল। আমরা সব সময় ওদের বিপক্ষে গর্জে উঠি, ক্ষোভ জানাই। অন্যায়ের সঙ্গে আমাদের কোনো আপস নেই। এই সময়ে কিছু নষ্ট ছেলে জড়িয়ে পড়ছে জঙ্গিবাদে। যারা হতে পারত আমাদেরও বন্ধু, হয়ে যাচ্ছে এই সময়েরই শত্রু। আমরা এই জঙ্গিবাদকে দূরে ঠেলে দিই। ধিক্কার জানাই। বরং ফারাজের মতো আমরাও বন্ধুত্বের জয়গান গাই।
আমরা বৈচিত্র্যে বিশ্বাস করি। ভিন্নমতকে সম্মান করি। সংস্কৃতি, ভাষা, বিশ্বাস, জাতীয়তার বৈচিত্র্য আমরা রীতিমতো উদ্যাপন করি। আমাদের এই মিলনমেলায় কোনো বিভেদ নেই। আমরা ছড়িয়ে আছি সারা বাংলায়। এই বাংলাদেশের নানা প্রান্তে বন্ধুসভা, সবাই মিলে আমরা একটি পরিবার। আমরা আড্ডা দিই, নৌভ্রমণে যাই, গান গাই, নৃত্য করি। বন্ধুর হাত ধরে বন্ধুর পথ তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার স্পর্ধা করি।
আমরা বছরটা শুরু করেছিলাম জাতীয় বন্ধু সমাবেশ দিয়ে। সারা বছর উজ্জীবিত ছিল আমাদের বন্ধুদের ‘তারুণ্য’। দুর্দান্ত গতিতে চলেছে আমাদের সংস্কৃতির রথ, কর্মের কারখানা। অস্তিত্ব আমাদের বাংলাদেশ। বরং বলা ভালো, আমিই বাংলাদেশ। এই দেশের কথা বলতেই আমাদের প্রথম আলোর জন্ম। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী মানে আমাদের বন্ধুত্বের প্রতিষ্ঠাবার্ষিকী।
বন্ধুত্ব ব্যাপারটা আসলেই বেশ মজার। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বন্ধুত্ব উদ্যাপন করি। এই বন্ধন টিকে থাকুক অনন্তকাল।
আয়োজনগুলোতে আপনাদের আমন্ত্রণ জানাই।