আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ

২০১৫ সালের মার্চ মাসের ৯ তারিখ যখন আমি পাকাপাকিভাবে ক্যাম্পাসে পা রাখি, তখনো জানতাম না এখানে আমার মাথা গোঁজার ঠাঁই হবে কোথায়। এর আগেও অবশ্য কয়েকবার ক্যাম্পাসে এসেছিলাম, তবে সেটা স্রেফ ভর্তি এবং নামমাত্র কয়েকটা ক্লাস করার জন্য। ট্রেন থেকে নেমে এক বন্ধুকে ফোন দিলাম। সে বলল, তার রুমে থাকার জায়গা নেই। বললাম, কোনো রকমে ব্যাগটা অন্তত রাখা যাবে? সে মন হয় নিতান্ত অনিচ্ছায় বলল, ‘আসো, দেখি কী করা যায়।’
সারা রাতের ট্রেন জার্নি, সকালে খাওয়ার অনীহা, শেষমেশ ক্যাফেটারিয়ায় যখন ঢুকলাম, তখন ক্ষুধাই আমাকে খেয়ে ফেলেছে প্রায়! ক্যাফেটারিয়ায় আরেক কাণ্ড। খাবার বলতে আছে কেবল ভাত আর বোয়াল মাছ। তাই সই। পেটের ভেতর যেই বোয়ালগুলো মুখ হাঁ করে আছে, সেগুলোকে আপাতত শান্ত করা যাক! খেয়েদেয়ে বন্ধুর রুমে ফ্যানের ঠান্ডা বাতাসে কিছুক্ষণ বসলাম। ঘুমে আমার শরীর অসার হয়ে আসছিল। কিন্তু ঘুমানোর উপায় নেই। বন্ধুটিরও নিজের কোনো বিছানা নেই যে গা এলিয়ে দেব। চেয়ারে বসেই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম।
যে সময়টার কথা লিখছি, তখন ক্রিকেট বিশ্বকাপ চলছিল। সেদিন ছিল বাংলাদেশ আর ইংল্যান্ডের ম্যাচ। ফ্যানের বাতাস কপালে বেশিক্ষণ জুটল না, কারেন্ট চলে গেল। গরম এবং মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একসময় গেলাম শাহ আমানত হলে, খেলা দেখতে। গিয়ে দেখি খেলায় তখন চরম নাটকীয় মুহূর্ত। সেই নাটকের রংও বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। এই মনে হয় বাংলাদেশ জিতবে, আবার পরক্ষণেই মনে হয় আর আশা নেই। সব নাটকীয়তা শেষে অবশেষে জিতে গেল বাংলাদেশ! হল থেকে আনন্দ মিছিল বের হলো। কিছুক্ষণের মধ্যে মিছিলে উচ্ছল তরুণদের মধ্যে নিজেকে আবিষ্কার করলাম। কোথায় ক্লান্তি, কোথায় কী! আকাশে-বাতাসে তখন শুধু আনন্দ আর আনন্দ! আনন্দের আতিশয্যে দুই পায়ের দুটি জুতাই ছিঁড়ে গিয়ে ষোলোকলা পূর্ণ করল। ছেঁড়া জুতা হাতে নিয়ে ঘুরছি, তাতে মজা হলো আরও!
মানুষের মন একবার ভালো হয়ে গেলে ভালো হতেই থাকে। আমার ক্ষেত্রেও তা-ই হলো। কিছুক্ষণ পর আমার থাকার একটা বন্দোবস্ত হলো। কদিন পর থেকে পুরোদমে শুরু হয়ে গেল ক্লাস, পরীক্ষা, ক্যাম্পাস-জীবন...
৯ মার্চের আনন্দরথে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছিলাম। আনন্দরথ ছুটছেই। থামতে যেন সে ভুলেই গেছে। অবশ্য পরীক্ষার রেজাল্টের দিনগুলোতে এই আনন্দযাত্রায় খানিকটা ভাটা পড়ে, হা হা হা!
লেখক: দ্বিতীয় বর্ষ, পদার্থবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়