আনন্দলোকে মঙ্গলালোকে...
সন্ধ্যার অকাশের তারারা সবে জ্বলে উঠেছে। চলছে মেঘ চাঁদের লুকোচুরি খেলা। বাইরের এমন পরিবেশ, আর শিল্পকলা একাডেমীর মঞ্চে রবীন্দ্রসুধা। সমবেত কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। প্রেরণা ছড়ানো এই গানের সঙ্গে মঙ্গল প্রদীপ হাতে নিয়ে দলীয় নৃত্য যোগ করল অন্য আবহ। এভাবেই নাচে, গানে ও কথায় রবীন্দ্রচর্চার আহ্বান জানানোর মধ্য দিয়ে হয়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান।
২৭ মে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের আয়োজনে উদ্যাপিত হয় এই রবীন্দ্রজয়ন্তী। বন্ধুসভার বন্ধুদের দলীয় পরিবেশনা শেষে মঞ্চে কবিগুরুর ‘বিচিত্র পৃথিবী’ কবিতার আবৃত্তি নিয়ে আসে খুদে বন্ধু নাজিফা তাজনুর। ঋতুপর্ণা দাশ ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানটি পরিবেশন করেন। এর পর নৃত্যের রিনিঝিনি ছন্দ আর তালের মুখরতায় মঞ্চ মতিয়ে তোলেন বন্ধু চৌধুরী আদৃতা বড়ুয়া ও তানজিলা বিনতে শওকত। ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন তাঁরা। এবার কথামালা। মঞ্চে আসেন শিক্ষাবিদ ও লেখিকা ফেরদৌস আরা আলীম। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ যেন আমাদের প্রতিটি কর্মে সঙ্গী হয়ে আছেন। সত্যিকারের রবীন্দ্রচর্চার মাধ্যমে দেশের উন্নতি সম্ভব।’ শুভেচ্ছা জানাতে মঞ্চে আসেন প্রথম আলোর যুগ্ম সমপাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘তরুণেরা যুগে যুগে রবীন্দ্র সাহিত্যকে অস্বীকার করেছে নিজের সাহিত্যের প্রসারের জন্য। কিন্তু এরাই আবার বৃদ্ধ বয়সে গিয়ে স্বীকার করেছেন রবীন্দ্রনাথকে। এখানেই রবীন্দ্রনাথের সফলতা।’
কথামালা শেষে আবার গান, নাচ আর আবৃত্তি। গানটি পরিবেশন করেন উৎপল মল্লিক, সায়মা আক্তার ও স্বরূপ কুমার, রিমি বিশ্বাস ও নুসরাত জাহান। নৃত্য পরিবেশন করেন চৌধুরী আদৃতা বড়ুয়া, তানজিলা বিনতে শওকত, আঁখি বড়ুয়া ও সুস্মিতা বড়ুয়া।
আবৃত্তি করেন জয়শ্রী দাশ ও মিনহাজ হোসাইন। এ ছাড়া গীতিকাব্য নিয়ে মঞ্চে আসেন উৎপল মল্লিক, সায়মা আক্তার, নুসরাত জাহান ও ফাহিম উদ্দিন। ‘সংকোচের ও বিহ্বলতা’ গানটির দলীয় পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জয় বিশ্বাস ও নাসরিন আক্তার।