আনন্দী রোজার ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগের দিন চট্টগ্রামের স্থানীয় ভাষায় "চাঁদরাত" নামে পরিচিত। সারা রাত জেগে এদিন ঈদের সকল প্রস্তুতির ফাইন ফিনিশ দেওয়া হয়। প্রবল উৎকণ্ঠা নিয়ে আমরা ইফতারে বসতাম। এর মাঝে মসজিদের দ্বিতীয় সাইরেন জানান দিত চাঁদের মধু বার্তা। সবাই বারান্দার কাঠের গ্রিল ঝুলে খুজতাম মিহি চাঁদ। দূর আকাশে ঈদের চাঁদের প্রথম দর্শনে আব্বা সবাইকে সালাম দিতে বলতেন। আমরা সবাই লম্বা সুরে চাঁদ মামাকে সালাম দিতাম। এ সময় আশপাশে দু-একটা পটকা ফোটার শব্দ ছড়িয়ে দিত আনন্দধারা। এদিকে আম্মা সাদাকাল টিভি ছেড়ে দিয়ে চীর নতুন গানটার অপেক্ষায় থাকতেন। "রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ.... "

গানের সুরে বাসার সবাই আনন্দে মাতোয়ারা। সবচেয়ে ভালো লাগত, এদিন আব্বা-আম্মাও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেন। দাদা দাদি দুর থেকে মৌন হাসিতে দেখতেন। মাঝে মাঝে দু-একটা তালি দিয়ে আমাদের আরও উসকে দিতেন। এর মাঝেই আম্মা আলমারি থেকে বের করতেন সদ্য ধোয়া পর্দা, সোফার কভার, চাদর, বালিশের কভার, তোয়ালে ইত্যাদি। সবাই মিলে হাত লাগাতাম ঘরবাড়ি সাজানোর কাজে। বড়ভাই আর্ট শিটে রং আর জয়ী দিয়ে আঁকতেন চাঁদতারা যুক্ত ঈদ মোবারক, খালা ফুপুরা কাগজের ফুল দিয়ে সাজাতেন বসার ঘর, চাচা কাঁচা ফুলে সাজাতেন ফুলদানি।

আম্মা সিন্ধুক থেকে একে একে বের করে বসার ঘরে সাজিতে রাখতেন; ঈদ সংখ্যা চিত্রালি, বিচিত্রা আর বেগম। সদ্য ছাপা ঈদ সংখ্যা গুলির সুবাস খুব ভালো লাগত। এই ঈদ সংখ্যা নিয়ে লুকোচুরি আর কুরুক্ষেত্রের গল্প না হয় নাই বললাম। একটু রাত হলেই শুরু হতো মেহেদি রঙে রাঙানোর ধুম। বারান্দায় মেহেদি আর রান্নাঘরে মাংস কষানো-এই দুয়ে মিলে বাড়িটি ঘ্রাণে মৌ মৌ করত। এর মাঝে রিকশায় চড়ানো মাইকে ঘোষণা আসত, "ভাইসব, আগামীকাল ০৮০০ ঘটিকায় আগ্রাবাদ জাম্বুরী ময়দানে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে.... "। গভীরভাবে উনোনে নারীকুলের গুনগুন ধ্বনি শুনতে শুনতে আমরা ঘুমের অতলে হারিয়ে যেতাম।

ঈদের দিন শুরু হতো আব্বার টনটনা গোসল দিয়ে। তিন ভাই একসঙ্গে গোসল খানায়। আব্বা ছোবা ডলে একে একে সবার চামড়া লাল করে বছরের সব ময়লা দূর করতেন। ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পড়ে আম্মার সাজানো মিষ্টান্ন ভোজন-জর্দা, ফিরনি, সেমাই, পুডিং, লাচ্ছি.... . আহরাত জেগেগে আম্মার হাতের সব ইউনিক রান্নার মায়া। ঈদের নামাজের দোয়ার সময় কেন জানি আব্বার দুচোখ ঝড়ে পানি পড়ত।

খুব ছোটবেলায় একবার না বুঝে আব্বাকে বলেছিলাম, "আব্বা, আমি আর কোনো দিন দুষ্টামি করব না"। ঈদগাহে একটা কপোট দৃশ্যে সব সময় পুলকিত হতাম। নামাজ শেষ হওয়ার পরো কিছু লোক কিম্ভূতকিমাকার বেশে ঈদগাহে দৌড়ে আসছেন। এ সময় রাস্তার মোড়ে খালা ফুপুরা মডেল বেশে বরফ গোলা খেয়ে মুখ লালকরে সেকি অট্টহাসি। বাসায় ফিরে কাঙ্ক্ষিত নতুন জামা গায়ে সালাম ও সালামি সংগ্রহ। দুঃখের বিষয়, প্রতিবার ঈদের সব সালামির টাকা আমার ঋণখেলাপি আম্মার কাছে গচ্ছিত রাখতাম। যার হিসাব আজও পাইনি। নতুন পোশাকে রকমারি পসরা সাজানো ফুটপাতের খেলনার দোকানে যাওয়া ছিল রীতিসিদ্ধ।

প্রতিবার একটা কাঠের বন্দুক আর তালপাতার সেপাই কিনে বাড়ি ফিরতাম, দুদিনের মধ্যে যা ব্যবহার করে ধ্বংস। বিকেলে বন্ধুরা মিলে পতেঙ্গা না গেলে ঈদের আনন্দ পূর্ণতা পেতনা। একটা টুস্ট্রোক ট্যাক্সিতে ১২-১৩ জন প্যাকেট হয়ে পতেঙ্গা যাত্রা, অনেকের শরীর যেখানে বাইরে ঝুলে আছে। পুরোনো পতেঙ্গা বিচ এখন নেভাল একাডেমির ভেতরে। তিনটা কাঠবাদাম গাছের ছায়ায় রুশ নৌসেনাদের এপিটাফ।

১৯৭১ সালে যুদ্ধের পর হানাদার বাহিনীর মাইন ক্লিয়ার করতে গিয়ে তাঁরা আমাদের দেশের জন্য আত্মাহুতি দিয়েছিলেন। এই মহান স্মৃতি আর বিশাল সৈকতের মুক্ত বাতাসের সান্নিধ্যে, ঈদ আনন্দ নতুন ভাবে উদ্ভাসিত হতো। নিয়ম ভাঙার ছলে এখানে সবাই একটা করে মোর সিগারেট ধরাতাম আর অনর্গক কাশতাম। সেই কাশিতেই মুক্তির সুখ। রাতে বিটিভির আনন্দমেলার সময় পুরো কলোনিতে অলিখিত হরতাল শুরু হতো। রাস্তাঘাট সম্পূর্ণ খালি। সবার দুচোখ তখন টিভি স্ক্রিনে। বাসা ভর্তি দর্শকের ভিড়ে ক্লান্ত চোখে টিভি দেখতে বসা। সারা দিনের ছোটাছুটিতে ক্লান্ত হয়ে এক সময় অনুষ্ঠান না দেখে ঘুমের দেশে পৌঁছে যেতাম।