আনন্দে ভাসলেন অসহায় মায়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা দিবসে ফেসবুকভিত্তিক তরুণদের সংগঠন সম্মিলিত মানবিক জাগরণ সিআরবির একটি রেস্তোরাঁয় আয়োজন করে ‘মা উৎসব’। শহরের বিভিন্ন প্রান্তের ৭০ জন অসহায় মায়ের সারা দিন কেটেছে আনন্দঘন পরিবেশে। খাওয়াদাওয়ার পাশাপাশি ছিল নানা আয়োজন।
মা দিবসে ফেসবুকভিত্তিক তরুণদের সংগঠন সম্মিলিত মানবিক জাগরণ সিআরবির একটি রেস্তোরাঁয় আয়োজন করে ‘মা উৎসব’। শহরের বিভিন্ন প্রান্তের ৭০ জন অসহায় মায়ের সারা দিন কেটেছে আনন্দঘন পরিবেশে। খাওয়াদাওয়ার পাশাপাশি ছিল নানা আয়োজন।

কেউ এলেন লাঠিতে ভর দিয়ে, কেউ আরেকজনের কাঁধে হাত রেখে। আলো ঝলমলে রেস্তোরাঁয় এমন আয়োজন তাঁদেরই জন্য—জেনে অবাক হলেন অনেকে। আবেগেও ভাসলেন। ছেলেমেয়ে কে কোথায়, জানেন না। তবে সন্তানদের অনুপস্থিতির কষ্ট এই একটি দিনের জন্য কিছুটা লাঘব হলো।
১৪ মে মা দিবসে শহরের ৭০ জন অসহায় মায়ের সারা দিন কেটেছে এমন আনন্দঘন পরিবেশে। সিআরবির একটি রেস্তোরাঁয় তাঁদের সম্মানে ‘মা উৎসব’-এর আয়োজন করে সম্মিলিত মানবিক জাগরণ নামের তরুণদের ফেসবুকভিত্তিক একটি সংগঠন।
৬০ থেকে ৮০ বছর বয়সের ৭০ জন মাকে জড়ো করা হয় এ অনুষ্ঠানে। নগরের বিভিন্ন এলাকায় বসবাস তাঁদের। কারও সন্তান কাছে থাকেন না। একরকম আত্মীয়–পরিজনহীন পরিবেশে দিন কাটছে তাঁদের। নেই দেখাশোনার কেউ। বৃদ্ধ বয়সে যতটুকু যত্ন ও পরিচর্যা প্রয়োজন, তাঁর কিছুই জোটে না। এই বয়সেও অন্নচিন্তায় দিন কাটে তাঁদের। অচেনা তরুণদের কাছ থকে এমন ভালোবাসা পেয়ে অনেকে তাই চোখের জল ধরে রাখতে পারেননি।
আয়োজনের স্লোগান ছিল ‘বিপন্ন মানবতার সেবাই আমাদের ব্রত’। সকালে মানবিক জাগরণের কর্মীরা নগরের বিভিন্ন স্থান থেকে অসহায় মায়েদের নিয়ে আসেন সিআরবির সাত রাস্তার মোড়ের রেস্তোরাঁটিতে। সকাল, দুপুর ও বিকেল—তিনবেলা মায়েদের জন্য ছিল বিশেষ খাবারের ব্যবস্থা। দুপুরে মায়েদের দেওয়া হয় বিরিয়ানি, সবজি ও মিষ্টান্ন। পাশাপাশি বিনা মূল্যে চিকিৎসা, ওষুধপথ্য ও শাড়ি এবং উপহারসামগ্রীও ছিল। এসবের পাশাপাশি মায়েদের জন্য আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান ও কথামালার। আসরে সংগীত পরিবেশন করেন শিল্পী অমিত সেনগুপ্ত, বৈশাখী নাথ, শতাব্দী মজুমদার, সেঁজুতি ও আরমান।
আয়োজন প্রসঙ্গে উদ্যোক্তাদের একজন শুভাশীষ শর্মা বলেন, ‘এত মায়ের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের জীবনে বড় আনন্দ। আমরা কয়েক মাস ধরে অলিগলি ঘুরে এমন মায়েদের খুঁজে বের করেছি, যাঁদের কেউ নেই। আমরা তাঁদের জন্য কিছু করতে পেরে গর্ব অনুভব করছি। আগামী দিনে আমরা এসব অবহেলিত মাকে পুনর্বাসিত করতে চাই।’

মায়েদের দেওয়া হয় চিকিৎসাসেবা l ছবি: সংগৃহীত
মায়েদের দেওয়া হয় চিকিৎসাসেবা l ছবি: সংগৃহীত

আয়োজনে যোগ দেওয়া বৃদ্ধ আমেনা খাতুন থাকেন নগরের ডেবারপাড় এলাকায়। ছেলেমেয়ে কেউ কাছে নেই। এক নাতিই তাঁকে দেখাশোনা করে। আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘অচেনা এই ছেলেমেয়েরা যা করেছে আজ, তা ভুলব না। আজ সব কষ্ট ভুলে গেছি।’
একই কথা বললেন লক্ষ্মী রানী আচার্য। তিনি বলেন, ‘কেউ আমার খোঁজ রাখে না। দুবেলা–দুমুঠো খাবার জোগাড় করতে কষ্ট হয়। আজ তরুণেরা আমার কষ্ট ভুলিয়ে দিয়েছে।’
এ ছাড়া মা দিবস উপলক্ষে সেন্টার অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন, দেশ চিন্তা ও চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসবের মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান, মায়েদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আসর।
স্মৃতিচারণা, আবৃত্তি, কথামালা ও কেক কাটার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস উদ্যাপন করে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। নগরের প্রবর্তক মোড় এলাকায় প্রথম আলো কার্যালয়ে ‘ভালোবাসি মা তোমায়’ শিরোনামের এই আয়োজন শুরু হয় বিকেল পাঁচটায়। এই অনুষ্ঠানের শুরুতে বন্ধুসভার তিন বন্ধুর মা ফাতেমা রোখছার, শেলী রায় ও জয়শ্রী মজুমদারকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক জাকিয়া কবির এসব সম্মাননা স্মারক তুলে দেন। এরপর কথামালা পর্বে কথার ডালি নিয়ে আসেন সম্মাননা পাওয়া তিন মা।
চট্টগ্রামসভার যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আদিত্য অনিকের ‘মিথ্যেবাদী মা’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন সংগঠনের সভাপতি ফাহিম উদ্দীন। এরপর শুরু হয় মায়েদের নিয়ে স্মৃতিচারণা পর্ব। এ পর্বে স্মৃতিচারণা করেন ইব্রাহীম তানভীর, নাজিফা তাজনূর, সাঈদ আল সোহেল, নুরুজ্জামান খান, নূর উদ্দীন আকবর ও গোলাম রব্বানী।