আনন্দে মাতল রোভারমেটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোভারমেট কোর্স! সেটা আবার কী?ইডেন কলেজ রোভার ইউনিটের সদস্য তিন্নির সঙ্গে গলা মেলালেন আরেক সদস্য ওয়াহিদা। তাই তো! এটা কী? ক্লাসমেট, রুমমেট এমনকি ইয়ারমেটও শুনেছি; কিন্তু রোভারমেট কী? এমন সব মজার প্রশ্নের কিচিরমিচির শুনতে শুনতে পৌঁছে গেলাম মিরপুরের বিসিআইসি কলেজ মাঠে। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি, চার দিনব্যাপী রোভারমেট ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে। বিভিন্ন স্কুল-কলেজের ৬৪ জন ছেলে রোভার ও মেয়ে রোভার মিলিয়ে করা হয়েছে আটটি উপদল। ক্যাম্প মানেই যেহেতু তাঁবু, তাই মাঠের এদিক-ওদিক আটটি উপদলের জন্য তাঁবু খাটানোর কাজে ব্যস্ত হয়ে পড়লেন সবাই। তাঁবুতে যদিও ছেলে রোভাররাই রাতে থাকবেন, তবুও মেয়ে রোভাররা বসে থাকলেন না। সবাই টেনেটুনে তাঁবু দাঁড় করালেন। ফলে একেক তাঁবুর আকৃতি হলো একেক রকম। উপদল চারের সদস্য সোমা বললেন, দেখো সবাই, উপদল ছয়ের তাঁবুর ওপর দিয়ে যেন আইলা চলে গেছে। কথা শেষ হতে না হতেই ধপাস শব্দ! সোমাদের তাঁবু কাত হয়ে পড়েছে। বিরসবদনে অন্য সদস্য তালহা বললেন, ‘আমরা পড়েছি সিডরের কবলে!’কোনোমতে তাঁবু খাটানো শেষ করে থালা-গ্লাস হাতে খাবারের জন্য দলে দলে ছুটলেন সবাই। ডাল, মুরগির মাংস আর ভাত। মুরগির মাংসের সঙ্গে গরুর মাংসের আকারে পার্থক্য নেই। সবশেষে মাসুদ আর পঙ্কজের নেতৃত্বে শুরু হলো শব্দ করে ডাল খাওয়ার প্রতিযোগিতা। সুড়ুত্ সুড়ুত্ ডালে চুমুক দেওয়ার সম্মিলিত গানে(!) কানে তালা লাগার জোগাড়। পরদিন ভোরবেলা ব্যায়াম। তারপর ফ্রেশ হয়ে নাশতা। সুশৃঙ্খল ফ্ল্যাগ প্যারেড শেষে সারা দিন ক্লাস। কখনো রুমে, কখনো মাঠে, কখনো গাছতলায়। এভাবেই তাঁরা শিখেছেন রোভার স্কাউটিংয়ের সব তাত্ত্বিক বিষয়। শিখেছেন, প্রাথমিক চিকিৎসা কীভাবে দিতে হবে। কখন কোন ব্যান্ডেজ বাঁধতে হবে। তা ছাড়া দড়ির নানা গেরো, বাঁশ ও দড়ির ল্যাসিং দিয়ে গেজেট বা গৃহের আসবাব তৈরির পদ্ধতি, অজানা পথে চলার জন্য কীভাবে কম্পাস ব্যবহার করতে হয়, ফিল্ডবুক ও মানচিত্র তৈরি ও পড়ার নিয়ম শিখেছেন। আরও শিখেছেন গাছের উচ্চতা ও নদীর প্রস্থ মাপার নিয়ম।শেষ দিনটা হচ্ছে ট্রেনিং ক্যাম্পের সবচেয়ে আলাদা দিন। সব উপদলে সাড়া পড়ে যায় হাইকিংকে কেন্দ্র করে। হাইকিং মানে সম্পূর্ণ অচেনা জায়গায় অনুসরক চিহ্ন, কম্পাস, ফিল্ডবুক ইত্যাদি ব্যবহার করে কোনো গন্তব্যে পৌঁছানো। এবারের হাইকিং ছিল বোটানিক্যাল গার্ডেনে। সব দল বাঁশ, দড়ি, কম্পাস নিয়ে প্রস্তুত। কে প্রথমে পৌঁছাবে গন্তব্যে? হাইকিংয়ের ফাঁকে ফাঁকে ছিল চ্যালেঞ্জ। একেক স্থানে স্যারেরা স্টেশন বানিয়ে বসে আছেন। কোনো দলকে থামিয়ে বলছেন, তালগাছটা মেপে দিতে। কাউকে বলছেন, লেকের প্রস্থটা মেপে দাও! আমরা ভাবলাম, সাঁতরে পার হতে যে বলেননি, এটাই বেশি! হাসিঠাট্টায় শেষ হলো হাইকিং। সন্ধ্যায় বরাবরের মতো ছিল তাঁবু জলসা, ক্যাম্পিংয়ের অন্যতম প্রধান অংশ। সারা দিনের কাজ শেষে আগুন জ্বালিয়ে তার পাশে সবাই গোল হয়ে বসে আনন্দ করাই হলো তাঁবু জলসা। তাঁবু জলসার নিভু নিভু আগুনের সঙ্গে শেষ হয়ে গেল দশম ও একাদশ রোভারমেট কোর্স।আপনিও হতে পারেন রোভার স্কাউট২৫ বছরের কম যেকোনো মানুষ রোভার স্কাউটিং আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারেন। স্কাউট আন্দোলন তিনটি স্তরে পরিচালিত হয়। পঞ্চম শ্রেণী পর্যন্ত যেকোনো সদস্যকে কাব, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পড়ুয়াদের স্কাউট এবং একাদশ থেকে ২৫ বছর বয়সী সদস্যদের রোভার স্কাউট বলা হয়। আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে যদি স্কাউটিংয়ের সুযোগ থাকে, তাহলে নূ্যূনতম চাঁদা দিয়ে ফরম পূরণ করে আপনি স্কাউট সদস্য হতে পারবেন।স্কাউটিং একটি সুস্থধারার সহশিক্ষা কার্যক্রম যা মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করে। আপনিও হয়ে যান বিশ্ব স্কাউট পরিবারের সদস্য। মেতে উঠুন নির্মল জীবন গড়ার আনন্দে।