আনন্দে সমাবর্তনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল মাসে অন্তত একবার দেখা হবেই। ‘বন্ধু, ভাবিস না, রোজ ফোনে কথা হবে।’ কথা রাখা আর হয়নি। কাজের চাপে কোথায় যেন হারিয়ে গেছে সব আবেগ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনের খবরটা যখন বের হলো, তখন যারপরনাই বাঁধহীন আনন্দে ভেসেছিলেন সব গ্র্যাজুয়েট।৩১ মার্চ ২০১২ দিনটি স্মরণীয় হয়েছিল ১৬ হাজার ৮০০ শিক্ষার্থীর জন্য। প্রিয় ক্যাম্পাসও যেন ফিরে পেয়েছিল তার তারুণ্য। আর তারুণ্য খুঁজে পেয়েছিল তাদের পরমাত্মা। এই সমাবর্তনও ছিল সব দিক থেকে ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের ৯০ বছরের ইতিহাসে কোনো সমাবর্তনে একসঙ্গে এত গ্র্যাজুয়েটের সমাবেশ হয়নি। তাই কালো টুপিগুলো উড়েছে শহীদমিনার থেকে অপরাজেয় বাংলা, কলাভবন থেকে কার্জন হল। কোথায় বাদ ছিল—রাজু ভাস্কর্য, স্বোপার্জিত স্বাধীনতা, টিএসসি প্রাঙ্গণ—সবখানে, প্রত্যেকের প্রিয় বিভাগের সামনেও। প্রাণের মেলায় মেতেছিলেন সবাই। ৪৬তম সমাবর্তনের খবরটা পেয়ে রেহনুমার প্রথম কাজটাই ছিল তাঁর চার প্রিয় বন্ধু নিশাত, তিন্নি, বান্না ও দেলওয়ারকে খুদেবার্তা পাঠানো। সবাই চাকরি নিয়ে ব্যস্ত, কেউ বা সংসার। ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে দেখা হয় না। আবার সবার সঙ্গে দেখা হবে, মজা হবে, আড্ডাবাজি চলবে—এমন চিন্তাগুলো ছেয়ে ছিল রেহনুমার। পরিকল্পনা ছিল নিশাত আর তিন্নির সঙ্গে একই রকম জামা পরবেন। তা-ই সই। মার্কেট ঘুরে ঘুরে জামার অর্ডার দিলেন তাঁরা। শেষমেশ আকাঙ্ক্ষিত সেই দিন।‘পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আমাদের মতো হাজার হাজার গ্র্যাজুয়েটের কলকাকলিতে মুখরিত। চৈত্রের প্রচণ্ড খরতাপও যেন আমাদের উচ্ছ্বাসের কাছে হার মেনেছিল। অনুষ্ঠানের পাশাপাশি চলছিল দুর্লভ মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দীর প্রচেষ্টা। ক্যাপ আকাশমুখে ছুড়ে জানালাম, আজ থেকে আমরা গ্র্যাজুয়েট।সমাবর্তনের এই একটি দিনের জন্য আমাদের অপেক্ষা ছিল অনেক দিনের। রেজিস্ট্রেশনের জটিল প্রক্রিয়ার পরও আমাদের নির্দিষ্ট পোশাক আর বিশেষ “গ্র্যাজুয়েট ক্যাপ” পেয়ে কতটা গর্বিত লাগছিল, ভাষায় প্রকাশ করার নয়।’ মেহবুবা নুসরাত সমালী এভাবেই জানালেন তাঁর আবেগের কথা। স্নাতকোত্তর পরীক্ষা চলছিল তাঁর সমাবর্তন প্রস্তুতির দিনগুলোতে। তবু উত্তেজনার শেষ ছিল না। বারবার মনে হয়েছিল, আর হয়তো কোনো দিনই সবার এভাবে একসঙ্গে দেখা হবে না। তাই দিনটির প্রতিটি মুহূর্তকে বাকি ১৬ হাজার স্নাতকধারীর মতোই প্রাণের আনন্দে উপভোগ করেছেন সমালী।ব্যবসায় অনুষদের সরওয়ার আশরাফ প্রায় হারিয়ে ফেলেছিলেন বন্ধুদের। কী জ্বালা! মুঠোফোনও নিতে দেবে না। বন্ধুরা কি সব আগেই ঢুকে গেল? দূর থেকে একটা ছোটখাটো মিছিল এল স্লোগান দিতে দিতে। আর কেউই নন। বন্ধুরা সব ছড়া কাটতে কাটতে এসেছেন। সেই ক্যাম্পাস-জীবনে লেখা সরওয়ারকে নিয়েই। আগে বরাবরই খেপে যেতেন সরওয়ার। আজ বন্ধুদের দেখে জড়িয়ে ধরলেন তিনি। ‘সত্যি বলতে কি, সমাবর্তনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রক্রিয়া শেষ করা আর গাউন-টুপির জন্য নাস্তানাবুদ হয়ে খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল, আসবই না! কিন্তু প্রিয় ক্যাম্পাসের প্রতি অদ্ভুত টানটাই জোর করে এনেছে। আর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা লাইনে দাঁড়িয়ে চ্যাপটা হয়ে যাওয়ার কষ্টকে মন থেকে সরিয়ে দিয়েছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ আর ইনস্টিটিউটের পাশাপাশি এর অন্তর্গত সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্র্যাজুয়েটরাও ছিলেন আমাদের সঙ্গে। হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের ছাত্রী তন্নি চৌধুরীর দিন শুরু ছবি তোলার মধ্য দিয়ে। দিনের প্রতিটি মুহূর্তের ছবি চাই। এত অসাধারণ ভালো লাগা ছেয়ে ছিল যে চৈত্রের খটখটে এ রোদও গেছে হেরে। এত প্রতিষ্ঠান একসঙ্গে অংশ নেওয়ায় অনেকের মতো তন্নিরও দেখা হয়েছিল স্কুল ও কলেজের পুরোনো অনেক বন্ধুর সঙ্গে। হইচই করতে করতেই দিন শেষ। বাসায় ফিরে মা-বাবার মুখে গর্বের সেই হাসিটা কি ভুলে যাওয়ার মতো? তাঁদের আত্মতৃপ্তিই জানিয়ে দিল কী অর্জন করেছি। যেন বিজয়ীর বেশে ফিরেছি বীরের মতো।শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রিদওয়ান মনসুরের দিনটিও জীবনে ভুলে যাওয়ার নয়। তাঁর ভাষায়, ‘দিনটি ছিল পুরোই অস্থির, পাগলা বাতাসে সব মেতেছিল নিজেদের মতো।’ সারা দিনের ছোটাছুটি শেষে রাতে জহুরুল হক হলের পুকুরে রিদওয়ানসহ তাঁর বন্ধুরা দিলেন ডুব। ‘কোনো কারণ নেই, এমনিতেই।’ গলা ডুবিয়ে শেষ হলো দিনটির। সারা জীবন পড়ে আছে গুরুত্বপূর্ণ কাজ করার, ক্যাম্পাস-জীবনের এই অদ্ভুত খেয়ালের আনন্দগুলো কি আর ফিরে পাওয়া যাবে?রাজধানীর বাইরে থেকে যেমন—বরিশাল, ফরিদপুর থেকেও এসেছিলেন অসংখ্যজন। তাঁদের আবেগ, উচ্ছ্বাস ও স্বপ্ন হূদয়স্পর্শী। বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষার্থী উপমা তাবাস্সুমের জন্য সমাবর্তনের স্মৃতি খুব সুখকর ছিল না। লাইনে দাঁড়িয়ে থাকার পরও নির্দিষ্ট সময়ে জিনিস না পাওয়া, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এত বিশালসংখ্যক শিক্ষার্থীর জিনিসপত্র বণ্টনে বিচক্ষণতার অভাব তাঁকে হতাশ করেছে। উপমার মনে হয়েছে, সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা থাকলে এত অব্যবস্থাপনার নজির এড়ানো যেত। কিছু অব্যবস্থাপনা সত্ত্বেও মীম, সাবরিনা, আমরিতা, নুসরাত, পুনম, তানজিলা, সাইমন, ফাহিমদের সঙ্গে সমাবর্তনের দিনটি উপমার হূদয়ে গেঁথে থাকবে সারা জীবন।কালো সমাবর্তন পোশাকের সঙ্গে গ্র্যাজুয়েট ক্যাপে ছিল বৈচিত্র্য। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ছিল লাল সুতোর ফিতা, মেডিকেল শিক্ষার্থীদের ছিল সোনালি, বিজ্ঞান অনুষদের ছিল হালকা বেগুনি, ব্যবসায় অনুষদের ছিল টিয়া। নিয়ম বলে, গ্র্যাজুয়েট ঘোষণার আগে ফিতাটি ঝুলবে বাঁ দিকে। গ্র্যাজুয়েট হওয়ার পর ডান দিকে। যদি আকাশমুখী না হয়, তবে এই ঊর্ধ্বমুখী দিকটি আমাদের জানায় মুক্তির স্বাদ, আত্মতৃপ্তির চেতনা, গর্বিত হওয়ার খেতাব।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তারান্নুম শায়লার প্রত্যাশার দিনটি কেটেছে প্রিয় বন্ধু নাফিসা, মুন্নি, রাব্বি, নিশাত, ফারাহ, কায়েনাত আর প্রিয় ক্যাম্পাসের সঙ্গে।‘গ্র্যাজুয়েট হতে কেমন অনুভূতি হয়’ তা নিয়ে ভাবনার শেষ ছিল না। প্রত্যাশা জানালেন, ‘অনুভূতিটা অসাধারণ, অনেক গর্বের।’ কর্তৃপক্ষের প্রতি প্রত্যাশার আর অভিযোগের শেষ নেই। সমাবর্তন আয়োজন করা উচিত প্রতিবছর। তাহলে এত শিক্ষার্থীর ভিড় সামাল দিতে হবে না। অভিভাবকদেরও আসার সুযোগ থাকা উচিত। তাঁদের অবদানেই আজ গ্র্যাজুয়েটরা এ অবস্থানে এসেছেন। স্মরণীয় এ দিনে বাবা-মা থাকবেন না, সেটা কেমন হয়? শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনটি আরও স্মরণীয় করে রাখার দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই।প্রিয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অকৃত্রিম আমাদের এ বন্ধন। ক্যাম্পাসের প্রতি এই অসাধারণ আবেগের জায়গাটি কি কখনো ছিন্ন হওয়ার? তাই তো আমরা ফিরে আসি। ফিরে আসব বারবার।