আনন্দে হাসে
ইফতার খাবার একটু তাড়া থাকে। কিন্তু আজ যেন তাড়া একটু বেশিই তার। কোনো রকমে মুখে কিছু দিয়েই একছুটে ঘরের বাইরে। চাঁদ কি আসবে আজ? নাকি আগামীকালও রোজা রাখার পর পরশু হবে পরম কাঙ্ক্ষিত ঈদ?
হ্যাঁ, এসেছে! চাঁদ নাকি এসেছে! ওই যে বলাবলি করছে সবাই। দেয়ালের পাশে থাকা শিশুগাছটাকে সামান্য বাঁয়ে রেখে পশ্চিমাকাশে খুব নজর করে তাকালেই নাকি দেখা যাচ্ছে! কিন্তু একি, চাঁদ দেখতে গেলেই পিঁপড়া কামড়ায় কেন! একটু মনোযোগ দিতেই বোঝা যায়, এ পিঁপড়া শরীরে নয় বরং কামড়ায় তার মস্তিষ্কে। মাত্রই তো গত বছর এমন এক সন্ধ্যায় ও পাড়ার রাশেদ ভাই তাকে চাঁদ দেখানোর নাম করে ভুলিয়ে-ভালিয়ে পিপড়া বাহিনীর জলসায় দাঁড় করিয়ে দিয়েছিলেন!
না, তাই এবার সে আর কারও সঙ্গে চাঁদ দেখবে না। দেখবে একা; বাঁশবাগানের মাথার ওপর উঁকি দেওয়া চাঁদ। যেই ভাবা সেই কাজ। আবার একছুটে মাঠ-ঘাট পেরিয়ে খাঁ-দের বাঁশবাগানের সামনে। যেতে যেতেই লোডশেডিং। এ কী কাণ্ড! বাঁশবাগানে চাঁদ কোথায়? ওখানে তো নক্ষত্র। শত শত, হাজার হাজার! জ্বলছে-নিভছে! স্থান বদলাচ্ছে উড়ে উড়ে! একটু এগিয়ে যায় সে। সময় যেন থমকে গিয়ে তাকে ঘিরে জ্বলে-নিভে উড়তে থাকে।
‘কাল ঈদের প্রথম জামাত সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে’ মসজিদের মাইক থেকে ভেসে আসা ঘোষণায় ঘোর কাটে তার। দেখা দিয়ে; খুশির বার্তাটুকু পৌঁছে দিয়েই মিলিয়ে গেছে চাঁদ। বাঁশবনে জোনাকি দেখার ঘোরে এবার আর তার দেখা পেল না সে। তাতে কী! ক্ষণস্থায়ী সরু একফালি ওই চাঁদে তো জোছনা কম আনন্দ হাসে বেশি!
আহ, শৈশব!