আনন্দের কিডস কর্নার
ছোট শিশুদের নিয়ে কোথাও কেনাকাটা করতে বা খেতে গিয়ে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন বাবা মায়েরা। অভিভাবকদের এমন সমস্যার কথা মাথায় রেখে নগরের বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের এক কোণে শিশুদের জন্য রাখা হয়েছে খেলাধুলার সামগ্রী। তাই মা-বাবা বেশ নির্ভার হয়েই কেনাকাটা ও খাওয়াদাওয়া করতে পারছেন।নগরের পিৎজা হাট, ওয়েল ফুড, এমএফসি, হেলভেশিয়া, ইজি ফুড এবং ব্রোস্ট ক্যাফেসহ বেশ কয়েকটি রেস্তোরাঁয় এমন ব্যবস্থা আছে। এ ছাড়া সানমার ওশান সিটি ও আমীন সেন্টারেও রয়েছে ছোটদের খেলাধুলার জন্য কিডস কর্নার।পিৎজা হাটের কর্মকর্তা অমিত বড়ুয়া জানান, এটি একটি পারিবারিক রেস্তোরাঁ। বাবা-মা ও পরিবারের শিশু সদস্য সবাই এখানে এসে যাতে আনন্দ পায় সেই ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া এই রেস্তোরাঁকে শিশুবান্ধব করে তোলার জন্যও আমাদের চেষ্টা ছিল। এ জন্যই এখানে ছোটদের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ী মোহাম্মদ জাকারিয়া তাঁর দুই কন্যা মুসকান ও মিসবাকে নিয়ে এসেছেন পিৎজা হাটে খেতে। তিন বলেন, সময় পেলেই বাচ্চাদের নিয়ে এখানে চলে আসি। পার্কের চেয়ে এ জায়গাটি আমার ভালো লাগে। পারিবারিক পরিবেশে খাওয়া এবং বাচ্চাদের বিনোদন, এক কথায় চমৎকার। রেস্তোরাঁটির দ্বিতীয় তলার ১০ বছরের নিচের শিশুদের জন্য দুটি স্লিপারের সমন্বয়ে তৈরি করা হয়েছে কিডস কর্নার। স্লিপারে খেলতে খেলতে বাচ্চারা বিরক্ত হলে তাদের জন্য রয়েছে বিনা মূল্যে ছবি আঁকার ব্যবস্থা।ওয়েল ফুড রেস্তোরাঁর কিডস কর্নারে ভিডিও গেম, মিনি ট্রেন, ঘোড়াসহ ১০টি খেলার উপকরণ রাখা হয়েছে। ওয়েল ফুডের কিডস কর্নারে কথা হয় এলিমেন্টারি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এহসান বিন রায়হানের সঙ্গে। সে জানায়, এখানে আসতে ভালো লাগে তার। আর তাই বাবা সময় পেলে তাকে নিয়ে আসে এখানে। নগরের গোলপাহাড় মোড়ের হেলভেসিয়া এবং এমএফসি রেস্তোরাঁয়ও রয়েছে শিশুদের বিনোদনের ব্যবস্থা। হেলভেসিয়ার কিডস কর্নারে দুটি স্লিপার এবং এমএফসিতে তিনটা স্লিপার রয়েছে।এমএফসির কর্মকর্তা মোহাম্মদ ইকবাল জানান, তাঁদের বড়পুলে অবস্থিত এমএফসির শাখাটিতেও রয়েছে কিডস কর্নার। নগরের লালখান বাজারে অবস্থিত খাবার দোকান ইজি ফুড এবং ব্রোস্ট ক্যাফেতেও শিশুদের খেলার ব্যবস্থা আছে। বিনা মূল্যেই এসব খেলনা শিশুরা খেলতে পারে বলে জানালেন এখানকার কর্মকর্তারা। ব্রোস্ট ক্যাফের কিডস কর্নারে রয়েছে একটি দোলনা ও একটি স্লিপার।নগরের রেস্তোরাঁগুলোতে শুধু নয়, বিপণিকেন্দ্রেও রয়েছে শিশুদের খেলার ব্যবস্থা। নগরের স্যানমার ওশান সিটি শপিং মলের শুরু থেকেই রয়েছে ওশান অ্যামিউজমেন্ট পার্ক। এখানে ৪০ টাকা করে কুপন কিনে প্রবেশ করতে পারেন সকলে। এই অ্যামিউজমেন্ট পার্কে রয়েছে প্রায় ১২টি রাইড। এখানে আসা চিকিৎসক সানজিদা আক্তার জানালেন, শপিং করতে করতে অনেক সময় বাচ্চার দিকে খেয়াল থাকে না। তাই স্যানমারে এলে আগে ওকে পার্কে ঢুকিয়ে দিই। যাতে ওর সময়টা আনন্দে কাটে। আর আমিও নিশ্চিন্তে থাকতে পারি।