ক্লাসের তাড়া, পরীক্ষার চাপ। গাদা গাদা পাঠ্যবইয়ে ডুবে থাকা। এই তো বিশ্ববিদ্যালয়জীবন। শুধুই িক তাই? এ তো এক পিঠ। অন্য পিঠে হই–হুল্লোড়, আড্ডা, গলা ছেড়ে গান। কিংবা নৃত্যের ঝংকার। আনন্দে মেতে ওঠার এমন উপলক্ষও বের করে নিতে হবে নিজেদেরই—সেই চিন্তা থেকে ২০১৩ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি ক্লাবের।
২৪ স্বপ্নবাজ তরুণ-তরুণী এক হয়ে গড়ে তোলেন এই ক্লাব। তাঁদের প্রত্যয় পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিচর্চা ভাঙবে সমাজের অচলায়তন, গড়ে তুলবে মুক্তচিন্তার মানুষ। গঠনের পর থেকেই সংস্কৃতির নানা ক্ষেত্রে কাজ করে যাচ্ছে সংগঠনটি। দিনে দিনে বেড়েছে সদস্যসংখ্যাও। এখন ৩০০ জনের বিশাল এক পরিবার।
গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাসে সংস্কৃতি ক্লাবের কক্ষে গিয়ে চোখে পড়ল প্রাণবন্ত চিত্র। চারদিকে ব্যস্ততা। কেউ হারমোনিয়াম বাজিয়ে গান করছে, কারও অনুশীলন চলছে নাচের। অন্য একটি দলকে দেখা গেল আবৃত্তিচর্চায় ব্যস্ত। সংগঠনের সমন্বয়কারী সৌরভ দেওয়ান জানান, আগামী ৭ ও ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগীয় সংগীত ও নৃত্য প্রতিযোগিতার প্রস্তুতি চলছে।
সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষক তাবাসসুম চৌধুরী বলেন, সংগঠনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে প্রতি মাসে দুবার বসে নাচ, নাটক, গান ও আবৃত্তির আসর। এ ছাড়া কর্মশালার আয়োজন করা হয়।
মানসম্পন্ন সংস্কৃতিকর্মী তৈরি করার লক্ষ্যেই এসব কর্মশালার আয়োজন করা হয় বলে জানান সংগঠনের আহ্বায়ক মো. মাসউদুর রহমান। তিনি আরও জানান, এ সংগঠনের মাধ্যমে কর্মশালা ও প্রতিযোগিতার পাশাপাশি দেশের সব জাতীয় দিবস উদ্যাপন করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাবেয়া সুলতানা বলেন, ‘আমরা শুধু বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নিজেরাও অনেক বড় বড় অনুষ্ঠানের আয়োজন করি। আর এতে করে সংস্কৃতিচর্চার পাশাপাশি সংগঠক হিসেবেও তৈরি করতে পারি নিজেদের।’
সংগঠনের আরেক সদস্য উম্মে কুরিজ বলেন, ‘সংস্কৃতি আমাকে নিজেকে চিনতে শেখায়। আর এ সংস্কৃতির বন্ধনই এ সংগঠনের সদস্যদের অনেক কাছাকাছি এনেছে।’