আনন্দের মাঝে বিদায়ের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ২০তম ব্যাচের বিদায় উৎসব (র‌্যাগ ডে) উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল ক্যাম্পাস। গত মঙ্গলবার যেন হঠাৎ পাল্টে গিয়েছিল ক্যাম্পাসের চেহারা। চারদিকে আনন্দের ফোয়ারা তবু বিষাদের সুরও যেন শোনা যাচ্ছিল। ছেড়ে যেতে হবে প্রিয় ক্যাম্পাস এমন বেদনায় কাতর ছিলেন অনেকে। তবে খুব বেশি স্থায়ী হয়নি এমন বিষাদ। আড্ডা, গান ও উল্লাসে কেটে গেল দিনটা। অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। উপস্থিত ছিলেন ইউএসটিসির বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা। সভাপতিত্ব করেন মেডিসিন ফ্যাকাল্টির ডিন রেজাউল করিম। আলোচনা সভা শেষে শুরু হয় বিদায়ের আনুষ্ঠানিকতা। এতে ২০তম ব্যাচের সব শিক্ষার্থীকে উপহার দেওয়া হয় ক্রেস্ট। বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউএসটিসির উপ-উপাচার্য আবু ইসহাক। এরপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাক, ঢোল, বাঁশি বজিয়ে নেচে-গেয়ে আনন্দ করেন ২০তম ব্যাচের শিক্ষার্থীরা।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরু হয় বিশাল প্রাসাদের আকৃতিতে নির্মিত মঞ্চে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে। ২০তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়েই এই চলচ্চিত্র। প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে শুরু হয় নৃত্য পরিবেশনা। গানের সঙ্গে সঙ্গে নাচলেন দেশি-বিদেশি শিক্ষার্থীরা। এই পরিবেশনার পর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনার বিখ্যাত সব চরিত্রের অনুকরণে ব্যতিক্রমী ক্যাটওয়াক। শেষের কবিতার লাবণ্য—অমিত ও কেতকী এবং রক্তকরবীর নন্দিনীর মতো সেজে র‌্যাম্পে হাঁটলেন শিক্ষার্থীরা।এরপর ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরেন গান ও নাচের মধ্য দিয়ে। সবশেষে চট্টগ্রামের ব্যান্ডের গান।‘বিদায় নিলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের সম্পর্ক অবিচ্ছিন্ন থাকবে। আমরা পেশাজীবনেও বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।’ বলছিলেন ২০তম ব্যাচের রুৎবা তানজীম চৌধুরী। শ্রীলঙ্কার শিক্ষার্থী হানিফা বলেন, ‘আমরা এ দেশে যে ভালোবাসা পেয়েছি কখনো তা ভুলব না।’