আনন্দের সঙ্গে কাজ করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সংখ্যার পর আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। তথ্যপ্রযুক্তির এই যুগে সাহিত্যচর্চা কতটুকু প্রয়োজন? আবদুল্লাহ আবু সায়ীদ: আজকের পৃথিবীর যে প্রযুক্তি, সেটা আসলে তো পুঁজিবাদেরই বাই-প্রোডাক্ট। এটা কি বিজ্ঞানীদের তৈরি! না, বিজ্ঞানীরা এটা তৈরি করেনি, করেছে ব্যবসায়ীরা। তারা ব্যবসার লাভের জন্য বিজ্ঞানীদের কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে বসিয়ে দিচ্ছে কোনো একটা প্রযুক্তি বের করতে, বিজ্ঞানীরা তা-ই করে দিচ্ছে। এই তো চলছে। তোমাদের টাকা দিয়ে তারা তোমার প্রতিভার ফসল কিনে নিচ্ছে। কাজেই এই প্রযুক্তিযুগের মূল জনক তো বিজ্ঞানীরা নয়, ব্যবসায়ীরা। তোমরা ভাবছ বিজ্ঞান এটা করছে, করছে তো ব্যবসা। তাই তোমার প্রশ্নটাকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করো। ‘তথ্যপ্রযুক্তির এই যুগে সাহিত্যচর্চা কতটা প্রয়োজন’ না বলে বলো ‘ব্যবসাসর্বস্বতার এই যুগে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা কতটুকু।’টাকা পৃথিবীতে চিরদিন মূল্যবান ছিল। কিন্তু এই যুগে এসে টাকা যে সর্বগ্রাসী রকমে মূল্যবান হয়েছে, তা এর আগে কখনো ছিল না। টাকা এখন সবকিছুকে গ্রাস করছে। সবকিছুকে পণ্যে পরিণত করেছে। শিল্প, সাহিত্য, সৌন্দর্য, প্রেম, দর্শন, বিজ্ঞান, মহত্ত্ব, শ্রেষ্ঠত্ব—সবকিছুকে। এ যুগের শ্রেষ্ঠত্ব একটাই। টাকার শ্রেষ্ঠত্ব। টাকার শ্রেষ্ঠত্বে আপত্তি নেই। কিন্তু টাকার কোনো নিজস্ব মূল্যবোধ নেই। এ জন্যই পৃথিবীর জন্য ক্রমাগত ভীতিকর হয়ে উঠছে। তাহলে পুঁজিবাদী সমাজে সাহিত্য কিংবা শিল্পের গুরুত্ব কোথায়?আবদুল্লাহ আবু সায়ীদ: শিল্প, সংগীত কিংবা সাহিত্য—এগুলো হচ্ছে উচ্চতর মানুষের গুণাবলি। এখন প্রশ্ন সাহিত্য তোমার কী উপকার করে? তোমাকে এ একটা অসীম আনন্দের দিকে নিয়ে যায়। সক্রেটিসের একটা খুব বিখ্যাত কথা আছে। ‘নো দাইসেলফ’—নিজেকে জানো। তুমি বলতে পারো, এটা আবার কোনো বড় কথা হলো? এ তো একেবারেই সাধারণ কথা! নিজেকেই তো আমরা সবচেয়ে বেশি জানি, ভালোভাবে চিনি। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। দেখো, তোমার চোখ দুটো দিয়ে তুমি সারা পৃথিবীর সবকিছু দেখতে পারো, শুধু একটা জিনিস দেখতে পারো না। সে হলো নিজেকে। আমাদের মনটাও তেমনই বসানো আছে এমন একটা জায়গায়, যা দিয়ে বাইরের সবাইকে দেখা বা বোঝা যায়, শুধু নিজেকে বোঝা যায় না। তাই ‘নো দাইসেলফ’ এত বড় একটা কথা। শিল্প-সাহিত্য তোমার নিজের ও পৃথিবীর অপার রহস্য ও সৌন্দর্য তোমাকে চেনায়। তোমাকে তোমার চেয়ে মানবিক ও বড় করে তোলে। তোমাকে উচ্চতর জীবন দেয়। এখানেই সাহিত্য কিংবা শিল্পের গুরুত্ব। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি। আমাদের একজন শিক্ষক বললেন, ‘তোমরা হবে ইঞ্জিনিয়ার, তোমাদের সাহিত্য পড়ে কী লাভ?’ আবদুল্লাহ আবু সায়ীদ: পেশায় তুমি ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তোমার হাত, পা, নাক, কান ও চোখ—এরা কি ইঞ্জিনিয়ার? তোমার হূদয় কি ইঞ্জিনিয়ার? তোমার স্বপ্ন, প্রেম—এগুলো কি ইঞ্জিনিয়ার? তুমি প্রেমের সময় কি ইঞ্জিনিয়ারিংয়ের বই থেকে ডায়ালগ বলো? ইঞ্জিনিয়ার হচ্ছে তোমার জীবনের ছোট্ট একটা জায়গার নাম। এটা তোমাকে করতে হয় বাঁচার জন্যে। তার বাইরে তুমি তো একটা অন্তহীন অসীম সত্তা। তোমার সৌন্দর্যের, তোমার বিস্ময়ের, তোমার বৈচিত্র্যের কি শেষ আছে? তুমি অনেক অনেক বড় এক সম্ভাবনা, যা মহাজগতের নক্ষত্ররাজির মতো অন্তহীন।  অলসতা দূর করার উপায় কী?আবদুল্লাহ আবু সায়ীদ: তুমি যখন রসগোল্লা খাও, তখন কি অলসতা করো? যখন তুমি ফাস্টফুড খাও, তখন কি আলসেমিতে ধরে? তোমার প্রিয় মানুষের সঙ্গে যখন তোমার দেখা করার কথা থাকে, তখন কি তুমি অলসতা করো? আমার এক ছাত্র একবার এসে বলল, ‘স্যার, আপনাকে খুব দেখতে ইচ্ছা হয়, সময়ের অভাবে আসতে পারি না।’ আমি বললাম, সময়ের অভাব না, ‘আসলে তোমার দেখতে ইচ্ছা হয় না, তাই আসো না। দেখতে চাইলে ঠিকই আসতে। ধরো, যদি আমি তোমার স্যার না হয়ে তোমার প্রেমিকা হতাম, তবে আসতে না! তখন তোমার সময়ের অভাব হতো?’ যে কাজে তোমার স্বপ্ন বা আনন্দ, যে কাজে তোমার ভালোবাসা, যার মধ্য দিয়ে তুমি প্রতি মুহূর্তে ফুটে উঠছ, অর্থপূর্ণ হচ্ছ, সেই কাজকে শ্রদ্ধা করো। তার দিকে ছুটে যাও, আনন্দের সঙ্গে করো। আলসেমি পালাবে। আমি কোনো লেখা পড়লে যদি দেখি, কোনো একটা চরিত্র আমার চিন্তার সঙ্গে মিলছে না, তখন আমি পড়া বাদ দিয়ে দিই। আমার ভালো লাগে না। এটা কেন হয়?আবদুল্লাহ আবু সায়ীদ: তোমাকেই একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করি। তুমি কি পৃথিবীর একমাত্র মানুষ, নাকি আরও মানুষ আছে পৃথিবীতে?  আরও আছে। অনেক।আবদুল্লাহ আবু সায়ীদ: তোমার বাইরেও কোটি কোটি মানুষ আছে। এখন তোমার ভালো লাগাটা তোমার কাছে যদি সত্য বা প্রিয় হয়, তবে তাদেরটাও তাদের কাছে একই রকম প্রিয় বা বড় মনে হওয়া স্বাভাবিক। একটা কথা মনে রাখা দরকার যে আমিই জগতের শেষ নই। আমার বাইরেও অনেক ভালো জিনিস আছে। সেসবের অনেক কিছুই আমার মতো নয়। সবাই আমার মতোও হবে না। বরং তাদের যতই আমি নিজের মধ্যে নিতে পারব, আমি তত বড় হব। হরিণ, পাহাড়, সমুদ্র, ফুল, পাখি কি আমাদের মতো? তারা আলাদা বলে আমরা কি রেগে যাই? একটা বাগানে যত বেশি ধরনের ফুল থাকবে, ততই কি আমাদের আনন্দ নয়? একটা উদ্যানে যত বিচিত্র রকমের গাছ থাকবে, ততই তো আমাদের সুখ। এই শহরে যত রকম রেস্টুরেন্ট হবে—যত দেশের যত রকমের খাবার তাতে থাকবে, ততই তো আমাদের রসনার তৃপ্তি। পৃথিবী যতই বিচিত্র হবে, ততই তো ঐশ্বর্যময়। শুধু নিজের কথা ভাবলে হবে? উদার হও। সবার প্রতি সম্মান দেখাও। সবাইকে শ্রদ্ধা করো। সবাই তোমার মধ্যে এসে যাবে।(শেষ)