
ক্যাম্পাসে বর্ণিল সাজ। চারদিকে উৎসবের আমেজ। সূর্যের চোখ রাঙানি উপেক্ষা করে ক্যাম্পাসে হাজির সব শিক্ষার্থী। ১৪ মে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) প্রাঙ্গণে বসে প্রাণের মেলা। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল, তড়িৎ ও তথ্য যোগাযোগ প্রকৌশল বিভাগের অষ্টম ব্যাচ এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৮তম ব্যাচের ‘র্যাগ ডে’ উদ্যাপন উপলক্ষেÿছিল আনন্দ আয়োজন। তিন বিভাগের শিক্ষার্থীরা সারা দিন মেতে ছিল আনন্দ-উল্লাসে।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান আবু সাঈদ চৌধুরী। বের করা হয় শোভাযাত্রা। নানা রঙের ফেস্টুন নিয়ে বর্ণিল শোভাযাত্রািট নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীরা মেতে ওঠে রঙের খেলায়।
বিকেলে ছিল উৎসবের দ্বিতীয়পর্ব-সাংস্কৃতিক পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউল মোবারক ও অনিক বলের ‘জল ফড়িং’ গানের পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিকপর্ব। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের নানা পরিবেশনায় জমে ওঠে আয়োজন। সবশেষে সংগীত পরিবেশন করে ব্যান্ডদল তীরন্দাজ। ‘অন্ধকার ঘরে’, ‘দুর্গম গিরি’, ‘তোমাকেই মনে পরবে গানের মাধ্যমে তাঁরা মাতিয়ে তুলেন আয়োজন। প্রকৌশল অনুষদের তড়িৎ কৌশল বিভাগের বিদায়ী শিক্ষার্থী ইমতিয়াজ ইমু বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিনটিও বেশ আনন্দে কাটালাম। এ রেশ নিয়ে পাড়ি দিতে চাই অনেক দূরের পথ।’