আনমনা ঋতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়াময় বাংলায় শরতের কাশবন পেরিয়ে নেমে আসে হেমন্তের শুদ্ধতম দিন। কার্তিকের দেশ সিক্ত হয় আবছা কুয়াশায়, গ্রামের তালগাছ আর সুপারি-বাগানের মাথার ওপর তখনো খেলা করে সাদা বকের মতো শুভ্র মেঘ। গোল গোল পাতা জলের ওপর মেলে দিয়ে ভেসে থাকে বহুদিনের প্রাচীনতম পদ্মফুল। জলের ওপর খেলে যায় বাতাসি দোল। তিরতির করে কাঁপে শালুকের পাপড়ি, ফোটে মল্লিকা, শিউলি, কামিনী, দেবকাঞ্চন, গন্ধরাজ, হিমঝুরি ফুলেরা....
হেমন্ত বাংলার আনাচকানাচ আমোদিত করে রাখে পাকা ধানের মুগ্ধতায়। ধানের সোনালি ছড়ায় কৃষক-কিষানির মুখে ফোটে সোনারঙের হাসি। আর সেই ধানের ওপর সকালে ঝরে পড়ে নিরুত্তাপ শিশিরের দল। মণি-মুক্তার মতো থোকা থোকা ধানে লেগে থাকে চিলতে চিলতে হাসি। কবি তখন গেয়ে ওঠেন আপন মুগ্ধতায়, ‘শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে/ অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;/ মাঠের ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণ,/ তাহার আস্বাদ পেয়েছে অবসাদে পেকে ওঠে ধান।’
কার্তিক শেষে অপার আনন্দ ছড়িয়ে দিতে আসে অগ্রহায়ণ মাস। এ মাসে শুরু হয় পাকা আমন ধান কাটার ধুম। ফসল ঘরে তোলা হলে নবান্নের উত্সবে মাতে সবাই। নতুন ধানের নতুন চালে তৈরি হয় পিঠা, পায়েস, ক্ষীর। গৃহস্থ ঘরে দাওয়াত পড়ে আত্মীয়দের। বধূ আসে তার বাপের বাড়ি। গ্রামে গ্রামে তখন আনন্দের জোয়ার। গ্রামের বটতলায় আয়োজন করা হয় লাঠিখেলা, কোথাও জমে ওঠে বাউলগানের আসর। এ লহমায় যেন ভেসে আসে হেমন্তের সুর... গড়ে ওঠে অন্য রকম এক বাংলাদেশ...।
হেমন্ত বড় উদাস, আনমনা ঋতু। তবু হেমন্ত সাজিয়ে রাখে বাঙালির স্বপ্নগুলো, হেমন্ত এগিয়ে রাখে বাঙালিকে ঐতিহ্যের পথে... এ পথচলা হাজার বছরের...এ পথচলা নিরন্তর।