মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ায় সন্দ্বীপ উপজেলায় এখন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জমজমাট আমেজ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম জেলার ১৩ উপজেলার মধ্যে সন্দ্বীপেই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৪ জুন। গত শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দও শেষ হয়েছে। কিন্তু সব চেয়ারম্যান পদপ্রার্থীই আনারস প্রতীক চেয়ে বসায় বেকায়দায় পড়েছেন নির্বাচনী কর্মকর্তারা। সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মো. মাকসুদুর রহমান ও তাহমিনা বেগম। তাঁরা স্বামী-স্ত্রী। দুজনেরই পছন্দের প্রতীক আনারস। সমঝোতা করে প্রতীক বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় তাঁদের। কিন্তু একই ইউনিয়নে চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থীও আনারস প্রতীক চেয়ে বসেন। বাধ্য হয়ে লটারি করে আনারস প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। স্বামীর সঙ্গে সমঝোতা করে লটারিতে অংশ নেননি স্ত্রী। তবে ভাগ্য পরীক্ষায় মাকসুদুর রহমান আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। গাছুয়া ইউনিয়নে ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনই আনারস প্রতীক বরাদ্দ চান রিটার্নিং কর্মকর্তার কাছে। শেষ পর্যন্ত এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। এই ইউনিয়নে আনারস প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান। জানতে চাইলে গাছুয়া ও সন্তোষপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, সবাই আনারস প্রতীকে নির্বাচন করতে চায়। এ কারণে লটারি করে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আনারস প্রতীকের চাহিদা এত বেশি কেন—জানতে চাইলে গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ব্যালট পেপারে আনারস প্রতীক সহজেই চোখে পড়ে। এ কারণে প্রতীকটি চেয়েছিলাম। লটারিতে মেলেনি।’এই দুইটি ইউনিয়নের মতো সন্দ্বীপের প্রতিটি ইউনিয়নে আনারস প্রতীকের প্রতি ছিল প্রার্থীদের দুর্বার টান। গত কয়েক দিন সন্দ্বীপের প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনী প্রচারণার শুরুতে প্রার্থীর চেয়েও আনারস প্রতীক জনপ্রিয় হয়ে ওঠে এখানে। মুছাপুর এলাকার ভোটার মাসুম মনে করেন, চট্টগ্রামে আনারসের ভালো অতীত আছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আনারস প্রতীক বিজয়ী হয়েছিল। গত শুক্রবার উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদের প্রতীক ছাড়াও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মোরগ এবং সংরক্ষিত আসনের সদস্য পদে কলস প্রতীকের চাহিদা ছিল বেশি। জানা গেছে, মোট ১৩টি ইউনিয়নের মধ্যে একটি বাদে বাকি ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের সমর্থক পদপ্রার্থীরা। হরিশপুর ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান আনারস প্রতীক চেয়ে পাননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘আনারস চেয়েছিলাম। লটারিতে ওই প্রতীক ওঠেনি।’উপজেলায় প্রচার আছে, উপজেলা চেয়ারম্যানের সমর্থিত আওয়ামী লীগের প্রার্থীরাই এই প্রতীকে নির্বাচন করছেন। সমঝোতা বা লটারি করেও বেশির ভাগ ইউনিয়নে এই প্রতীক তাদের পক্ষে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার সুযোগ না থাকায় বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেননি। মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৪২৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।রহমতপুর ইউনিয়নে মুদ্রা (কয়েন) দিয়ে লটারি করার পরও প্রার্থী মশিউর রহমান বেলাল বেঁকে বসেন। সে কারণে দ্বিতীয় দফায় কাগজ দিয়ে লটারি করতে হয়। তবে শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে আনারস প্রতীক জোটেনি। রহমতপুরের মতো হরিসপুর ও আজিমপুর ইউনিয়নে লটারির মাধ্যমে আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা আতিকুর রহমান।