আনারস প্রতীকে বিজয়ের তিলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক বরাদ্দের সময় আনারস নিয়ে কাড়াকাড়ি ছিল প্রার্থীদের মধ্যে। ৪ জুন নির্বাচন শেষ হওয়ার পর দেখা গেল, মোট ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নয়জন আনারস প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। আবার দুটি ছাড়া ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক প্রার্থীরা জয়ী হয়েছেন।আনারস প্রতীকে বিজয়ী বিএনপি-সমর্থক প্রার্থী রহমতপুর ইউনিয়নের হাসানুজ্জামান মামুন। তিনি পেয়েছেন দুই হাজার ১৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থক মশিউর রহমান পেয়েছেন এক হাজার ৩২২ ভোট। বিএনপি-সমর্থক এই প্রার্থী ছাড়া আনারস প্রতীকে বিজয়ী আট প্রার্থীই আওয়ামী লীগের সমর্থক।এই আট প্রার্থী হলেন: হারামিয়া ইউনিয়নে মোহাম্মদ আলী, মগধরা ইউনিয়নে মাকসুদুর রহমান খান, সন্তোষপুর ইউনিয়নে মাকসুদুর রহমান, মুছাপুর ইউনিয়নে আবুল খায়ের, হরিশপুর ইউনিয়নে সাইদুল কাদের, বাউরিয়া ইউনিয়নে মোহাম্মদ জামালউদ্দিন, সারিকাইত ইউনিয়নে আবদুল মালেক এবং আমানউল্যা ইউনিয়নে জাবেদুল ইসলাম।আনারস প্রতীক না নিয়ে বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন তিনজন প্রার্থী। এর মধ্যে গাছুয়া ইউনিয়নে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে বিজয়ী হন আওয়ামী লীগের সমর্থক প্রার্থী মো. সামছুদ্দিন রাজধন। তিনি পেয়েছেন দুই হাজার ৭২৩ ভোট। মাইটভাঙ্গা ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হন আওয়ামী লীগের সমর্থক প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। আজিমপুর ইউনিয়নে কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হন বিএনপি-সমর্থক প্রার্থী মো. আনোয়ার হোসেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন মুছাপুর ইউনিয়নে জামায়াত-সমর্থক প্রার্থী মাওলানা আবু তাহেরকে নাজেহাল করেন প্রতিদ্বন্দ্বী আবুল খায়ের নাদিম গ্রুপের লোকজন। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রশাসন কঠোর থাকার কারণে নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আবদুল হাই আল মাহমুদ প্রথম আলোকে জানান, সন্দ্বীপে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি ছোট ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রার্থীরা নির্ভয়ে ভোট দিয়েছেন।