শুক্রবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ভোটারদের মধ্যে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এবার ভালো রকম লড়াইয়েরই আভাস মিলছে। আজ রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ফলাফল নিয়ে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও কম কৌতুহল নেই। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি না এলেও দলের কর্মী-সমর্থকেরা কৌশলে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসানের পক্ষে মাঠে নেমেছেন। এতে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ভোটাররা।
উপজেলার ভোটাররা বলছেন, এ আসনে মূলত লড়াই হবে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করা তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসানের। তাঁর নির্বাচনী প্রতীক আনারস। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা আনারসের পক্ষে প্রচারণায় নেমেছেন বলে জানান উপজেলার একাধিক ভোটার। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় মাহমুদ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। এদিকে, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজিম উদ্দিন মুহুরী মোরগ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিলেও গত ২২ ডিসেম্বর দলের হস্তক্ষেপে প্রচারণা থেকে দূরে রয়েছেন। সরেজমিনে দেখা গেছে, শেষ সময়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসানের সমর্থনে বিএনপির অনেক কর্মী-সমর্থক গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছেন। তাঁরা আনারস প্রতীক নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং বিবিরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় সমাবেশও করেন।
গত ৩০ ডিসেম্বর মাহমুদ হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নেন আজিমনগর গ্রামের আবু জাফর (৬২)। তিনি বলেন, ‘আমি বিএনপি করি। গত নির্বাচনে সাকা চৌধুরীর পক্ষে কাজ করেছি। বিএনপি নির্বাচনে না আসায় আনারস প্রতীককেই সমর্থন জানিয়েছি।’
বিএনপির একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে তাঁরা মনে করেন না। তবু আওয়ামী লীগের প্রার্থীকে ঠেকাতে আনারসের পক্ষে কাজ করছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক বলেন, নির্বাচনে বিএনপি না থাকায় এটি একটি হাস্যকর নির্বাচনে পরিণত হয়েছে। তবে, দলের কর্মী-সমর্থকেরা অপ্রকাশ্যে যে কারও পক্ষে মাঠে নামতে পারে। এটি দোষের কিছু নয়।
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান বলেন, ‘আমি বিএনপি-জামায়াত বুঝি না। ফটিকছড়ির জনগণ আমার পাশে রয়েছেন। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
তরীকতের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আনারসের প্রার্থী বিএনপি-জামায়াতের সহচর। তাই তিনি গোপনে তাঁদের নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ফটিকছড়িবাসী তাঁকে (হাসানকে) প্রত্যাখ্যান করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, উপজেলায় ভোটার সংখ্যা তিন লাখ ২৬ হাজার ১৫৪ জন। ভোট গ্রহণ হবে ১৩৩টি কেন্দ্রে। এর মধ্যে ৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিত করেছে প্রশাসন।