আনিকার অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত আনিকা জাহান আহমেদ যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর এডুকেশনাল এক্সেলেন্স’ পেয়েছেন। এই কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামাও অভিনন্দনপত্র পাঠিয়েছেন আনিকাকে। যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশের দ্বাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় মেধাবী সব শিক্ষার্থীর সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর একজন হওয়ার গৌরব অর্জন করেছেন আনিকা।আনিকার এই সাফল্যে আনন্দিত যুক্তরাষ্ট্রের গোটা বাঙালি কমিউনিটি। সেই উচ্ছ্বাসের রেশ বাংলাদেশে তাঁর গ্রামের বাড়িতেও লেগেছে। আনিকার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দারপাড়া গ্রামে। তাঁর বাবা আমিন আহমেদ ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৯৩ সালে আনিকার বয়স দেড় বছর। সে বছর স্থায়ীভাবে বসবাসের জন্য তাঁর মা হোসনে আরা শিফার সঙ্গে পরিবারের অপর সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান।এ বছর নিউইয়র্ক ফ্লাশিং হাইস্কুল থেকে আনিকা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে সবাইকে টপকে সেরা ১০ জনের একজন হিসেবে স্বীকৃতি আদায় করেন।যুক্তরাষ্ট্র সরকার প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য ১০ মেধাবী শিক্ষার্থীকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর এডুকেশনাল এক্সেলেন্স পদক প্রদান করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত অভিজ্ঞানপত্র ও পদক তুলে দেওয়া হয় আনিকার হাতে।শুধু উচ্চমাধ্যমিক পরীক্ষার সাফল্যই নয়, প্রতিটি শ্রেণীর সমাপনী পরীক্ষায় অর্জন করেছেন একের পর এক বিজয়মুকুট। ১৯৯৯ সালে নিউইয়র্ক প্রদেশের বাঙালি-অধ্যুষিত এলমাস্ট এলাকার পিএস.৮৯.কিউ কিন্ডারগার্টেনে আনিকার শিক্ষায় হাতেখড়ি। ওয়ালটার এইচ ক্লোরে স্কুল অ্যান্ড লিডারশিপ, ফ্লাশিং স্কুল প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলের জন্য স্বর্ণপদকসহ বহু সম্মানজনক পুরস্কার জিতে নেন আনিকা। সর্বশেষ তাঁর ঝুলিতে জমা হলো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর এডুকেশনাল এক্সেলেন্স। আনিকা এখন যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষাবৃত্তি পেয়ে বিশ্বের অন্যতম সেরা স্ট্রোনি বুক বিশ্ববিদ্যালয়ে নিউরো সায়েন্সে পড়াশোনা করছেন। এখন তাঁর দুই চোখ ভরা স্বপ্ন—বিখ্যাত চিকিৎসক হওয়া।আনিকার গর্বিত মা হোসনে আরা শিফা মুঠোফোনে জানান, আনিকার বাবা নিউইয়র্ক ম্যানহাটনের একটি বিখ্যাত রেস্টুরেন্টের প্রধান শেফ হিসেবে কর্মরত। আর তিনি একজন গৃহিণী। তিন মেয়েসহ ছোট্ট সংসার। এই সংসার আনন্দে ভরিয়ে দিয়েছেন বড় মেয়ে আনিকা। তাঁর সাফল্য দেখে মাধ্যমিক বিদ্যালয়ে পড়া বাকি দুই বোনও অনুপ্রাণিত হয়েছে।সিলেট জেলা বারের আয়কর আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান শাহীনের মামাতো বোন আনিকা।২০ আগস্ট মুঠোফোনে আনিকার সঙ্গে যখন এই প্রতিবেদকের কথা হয়, তখন বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা। ইংরেজি আর সিলেটি বাংলার মিশ্রণে নিজের স্বপ্নের কথা শোনালেন আনিকা। ভবিষ্যতে তিনি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি নামকরা একজন চিকিৎসক হয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের দারিদ্র্যপীড়িত মানুষের সেবা করতে চান।কথা প্রসঙ্গে আনিকা জাহান আহমেদ বললেন, ‘আমি এখন যুক্তরাষ্ট্রের নাগরিক। সেই দেশে বসবাস করব, কাজ করব—এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ আমার জন্মভূমি। এই দেশের মাটির প্রতি আমার আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। ভবিষ্যতে বাংলাদেশের জন্য কিছু করার স্বপ্ন আমার রয়েছে।’ [email protected]