আনিকার গান ফিউশনের ঈদ ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে শ্রোতাদের মন জয় করলেন তাসনিম তামান্না ওরফে আনিকা। চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে ১০ আগস্ট পোর্ট্রেটের উদ্যোগে অনুষ্ঠিত হলো আনিকার একক সংগীতানুষ্ঠান। শিল্পী ছাড়াও তাঁর আরেকটি পরিচয় আছে—তিনি ২০০৮ সালের মি. অ্যান্ড মিস চিটাগাং প্রতিযোগিতার প্রথম রানার আপ। ‘আমি শুনেছি সেদিন তুমি’ দিয়ে গানের ডালি নিয়ে মঞ্চে আসেন আনিকা। এরপর একে একে পরিবেশন করেন ‘আমি কালো বলে মনটা আমার কালো নয়’, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘ওগো বৃষ্টি আমার’, ‘আজ আমার সে পথে’, ‘কত যে কথা ছিল’, ‘মনে করো যদি সব ছেড়ে’, ‘সন্ধ্যাবেলায় তুমি আমি দুজনে’ প্রভৃতি জনপ্রিয় গান। সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন এটিএন বাংলার বিভাগীয় প্রধান আলী আব্বাস। সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নেন শহীদজায়া বেগম মুশতারী শফী, সমাজসেবক ইকবাল আহমদ সিদ্দিকী, সুরকার বাণী কুমার চৌধুরী, লায়ন সুব্রত দেব, শিল্পী আবদুল মান্নান রানা, আলাউদ্দিন তাহের, মঈনুদ্দিন আহমেদ, নুরুল আলম প্রমুখ। ইকবাল আহমদ সিদ্দিকী বলেন, ‘সংস্কৃতি সমাজ বিনির্মাণে সহায়ক। যাঁরা সংস্কৃতিচর্চা করেন তাঁদের মধ্যে সহনশীলতা, অসাম্প্রদায়িকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটে।’বেগম মুশতারী শফী বলেন, ‘সংগীত এমন একটি মাধ্যম যা দুঃখী লোককেও সুখী করে তোলে। একটি সুন্দর গান ক্ষণিকের জন্য হলেও মানুষের মন সতেজ করে।’ স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের কর্ণধার রূপম চক্রবর্তী। শুধু বাংলা গান নয় দর্শকের মনের খোরাক জোগাতে আনিকা পরিবেশন করেন কিছু হিন্দি গানও। এর মধ্যে ‘চলতে চলতে’, ‘দিল চিস হে’, ‘ধমকা খাজনা’, ‘লাগ যা গালে’, ‘আপকি নজরানে’, ‘চুরালিয়া’, ‘ও মেরি সোনা’, ‘প্রিয়া রে প্রিয়া’ প্রভৃতি। শিল্পীকে যন্ত্রে সহযোগিতা করেন রতন মজুমদার, মিশন চক্রবর্তী, পলাশ আচার্য, মো. শাহজাহান ও মুখেশ ইন্দু। উপস্থাপনায় নিশাত ছিলেন স্বচ্ছন্দ। পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছেন দর্শক খায়রুল আলম। তিনি বলেন, ‘আনিকার কণ্ঠে জড়তা নেই। নিয়মিত অনুশীলন করলে অনেক বড় শিল্পী হতে পারবেন।’ফিউশনের ঈদ ফ্যাশনপাঁচটি ডিজাইন হাউসের পোশাক প্রদর্শন, সুন্দর কথামালা, চমত্কার নাচে জমেছিল ফিউশন ঈদ ফ্যাশন ২০১০। প্রতিষ্ঠানগুলো হলো—ম্যাটেল বুটিকস, নক্ষত্র ফ্যাশন, মহুয়া নকশা, কাশফা বুটিকস ও মুনমুন’স। ৮ আগস্ট রাত নয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসেছিল আসরটি। যা ফ্যাশন কিউর সঙ্গে ভালো গান নির্বাচন, সুন্দর পরিকল্পনার কারণে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। প্রথমে বক্তব্য নিয়ে এলেন ফিউশনের কর্ণধার সাইফ আজাদ। এরপর ডাকা হলো অনুষ্ঠানের অতিথি ডিজাইনার খালিদ আহসানকে। তিনি স্বভাবসুলভ বক্তৃতায় বললেন, ‘নির্মাতা একজন শিল্পীও বটে। পোশাক ডিজাইনের সময় মনে রাখতে হবে আমাদের ঐতিহ্য ও ঐশ্বর্য।’ এ পর্বে আরও বক্তব্য দেন জিটিসি প্রোপার্টি ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী মোরশেদ বিল্লাহ, নজরুল গ্রুপের নজরুল ইসলাম, মো. মশিউর, তৌফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা পর্ব শেষে শুরু হলো মূল পর্ব। শুরুতেই ছিল অনন্য বড়ুয়ার পরিচালনায় প্রাপণ একাডেমির আট শিশুশিল্পীর নাচ। ‘শাওন ঘন বরষায়রে’, ‘রিমঝিম বৃষ্টি ধারা’ গানের সঙ্গে ভালোই নেচেছে তারা।নাচের রেশ কাটতে না কাটতে রোমানার কোরিওগ্রাফিতে শুরু হলো শাড়ির কিউ। ‘আমি চিনি গো চিনি’ গানের সঙ্গে মডেলরা তুলে ধরলেন জমকালো ডিজাইনে ভরা এবারের ঈদের শাড়ি। শাড়ির পর ‘সোনাবউ শুনছনি...নিতে আইলে নাইওর যাইবানি’ গানের সঙ্গে মঞ্চে ঢুকল পাঞ্জাবির কিউ। এতে সাত মডেল সাত রঙের জমিনে অসাধারণ কারুকাজে সমৃদ্ধ পাঞ্জাবি প্রদর্শন করলেন। আবার নাচ। যুগলবন্দী নামের এ নাচে অংশ নেন মারিয়া, জাগির, ইথিকা ও হানিফ খন্দকার। তাঁরা মায়াবী ডান্স হোমের শিল্পী। ‘বাইন দুয়ারদি ন আইস্য তুঁই নিশিরঅ হালে’ চমত্কার এ গানের সঙ্গে সাত মডেল মঞ্চে নিয়ে এলেন বাহারি কাজের সালোয়ার-কামিজের কিউ। দর্শক বিপুল করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন। অবশেষে যান্ত্রিক গোলযোগ এবং দুঃখপ্রকাশ! এরপর ছিল সাইফ আজাদের কোরিওগ্রাফিতে আট মডেলের অংশগ্রহণে শার্টের কিউ। তারপর মঞ্চে এসে সোনামণিরা জয় করল দর্শক-হূদয়। ‘যখনি মনে মনে তোমাকে সাজাই’ গানে গানে তারা তুলে ধরল ম্যাটেল ফ্যাশনের ফ্রক, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট ইত্যাদি। ১৪ শিশু ছিল এ দলে, সবার ছিল স্বতঃস্ফূর্ততা। ক্যাটওয়াক, হাঁটার গতি, স্টাইলে কোনো অংশে কী বড় মডেলের চেয়ে তারা কম! এর মধ্যে দুজন আবার পুতুলের মতোই ছোট্ট! দর্শক আকলিমা সৈয়দ জানালেন, ‘এটিই অনুষ্ঠানের সেরা কিউ।’এরপর ‘চোখ মেললেই দেখি তোমাকে’ গানের সঙ্গে মায়াবীর সেই চিরচেনা নাচ, পরিচালনায় ছিলেন হানিফ খন্দকার।‘কাটে না কাটে না মায়াবী এ রাত’ গানের সঙ্গে ছিল যুগল পোশাকের কিউ। এ কিউর মডেলরাও পেয়েছেন মুহুর্মুহু করতালি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ডিজাইন হাউসগুলোকে দেওয়া হয় স্মারক।‘কবিতা চট্টগ্রাম’ আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের উদ্যোগে ৬ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হলো কর্মশালার সনদ ও ‘কবিতা চট্টগ্রাম’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক জহুরুল ইসলাম। সংগঠনের সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শাহ আলম। হিমাদ্রী রাহার সঞ্চালনে এ পর্বে বক্তব্য দেন চৌধুরী গোলাম রব্বানী ও রিদোয়ানুল হোসেন। জহুরুল ইসলাম বলেন, ‘নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আবৃত্তিচর্চা গুরুত্বপূর্ণ। সুন্দর করে কথা বলা একটি শিল্প। এ শিল্প রপ্ত করার জন্য আবৃত্তি শিক্ষার প্রয়োজন রয়েছে।’অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ তুলে দেন। এরপর আবৃত্তি করেন আমিরুল ইসলাম, রুবেল, জাকির, দিশা ও রুম্মান। এ ছাড়া বিজয়ীদের মধ্যে অভিধা চাকমা, নওশাদ, ইরফান ও শাফিনও আবৃত্তি করে।