জাপানে ছবি দেখিয়ে গল্প বলার প্রচলন আজকের নয়। জাপানি ভাষায় ‘মাঙ্গা’ নামে পরিচিত কমিকসের এসব বই ও সাময়িকী আজকাল জাপানের সর্বত্রই চোখে পড়ে। কমিকসের কথা শুনে আমাদের বাংলাদেশি পাঠকদের অধিকাংশই হয়তো ধারণা করে থাকবেন, কেবল শিশু-কিশোরদের মনোরঞ্জনের জন্যই বুঝি এসব প্রকাশনা। তবে জাপানের প্রকাশনার জগৎ কিন্তু ঠিক উল্টো কথাই বলবে। জাপানে কমিকসের পাঠকদের মধ্যে কেবল বড় একটা অংশ প্রাপ্তবয়স্ক। কমিকসের বিষয়বস্তুও তাই সব রকম বাধা অতিক্রম করে সহিংসতা ও পর্নোগ্রাফির জগৎ পর্যন্ত বিস্তৃত। জাপানের মাঙ্গা সংস্কৃতির একটি মুখ্য উপাদান নিউজপ্রিন্ট কাগজে ছাপা কয়েক শ পৃষ্ঠার পুরু পেপারব্যাক ম্যাগাজিন, প্রতি সপ্তাহে পাঠকদের হাতে পৌঁছে যাওয়া যেসব সাময়িকীতে সাধারণত ১০টির বেশি কমিকস গল্প অন্তর্ভুক্ত থাকে। সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও দ্বিমাসিক মিলিয়ে ১০০টির বেশি কমিকস সাময়িকী জাপানে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে, যার সম্মিলিত গ্রাহকসংখ্যা এক কোটির ওপরে। এর বাইরে কার্টুন ছায়াছবির বিশাল এক জগত্জুড়ে হচ্ছে জাপানের মাঙ্গা-আনিমের আধিপত্যের বিস্তৃতি।জাপানে মাঙ্গা বা কমিকসের আবির্ভাব দ্বাদশ শতকে এবং অষ্টাদশ শতকের শুরুর দিক থেকে বেচাকেনার পণ্যে কমিকসের উত্তরণ। গুটানো কাগজ বা স্ক্রোলে হাতে আঁকা ছবির মধ্য দিয়ে মাঙ্গার আবির্ভাব ঘটলেও ছাপার প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে মাঙ্গাও বিবর্তিত হয়েছে। অষ্টাদশ শতকের মাঝামাঝি উকিইয়ো এ ছাপচিত্রের আবির্ভাব জাপানের কমিকসের জগতের যে নতুন প্রাণ সঞ্চার করেছিল, তারই ধারাবাহিকতা হচ্ছে একালের গল্পকেন্দ্রিক কমিকস, যার জনপ্রিয়তা জাপানে এখন আকাশচুম্বী।ওসামু তেজুকাকে একালের জাপানের গল্পকেন্দ্রিক কমিকসের পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়। ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে প্রকাশিত তাঁর কমিকস ‘শিন তাকারাজিমা’ বা ‘গুপ্তধনের নতুন দ্বীপ’-এ প্রথমবারের মতো সিনামাটোগ্রাফিক উপাদান অন্তর্ভুক্ত থাকতে দেখা যায়, যা কিনা পরে কমিকস-ভিত্তিক ছায়াছবি নির্মাণের দিকে কমিকসের রচয়িতাদের নিয়ে গিয়েছিল। সেখান থেকেই জাপানের চলচ্চিত্রশিল্পে কমিকসকেন্দ্রিক নতুন যে ধারার সূচনা, আনিমে নামে তা সার্বিকভাবে পরিচিত। জাপানের এই আনিমে অবশ্য হলিউডের কার্টুন ছায়াছবির চেয়ে অনেকটাই ভিন্ন ধরনের। কাহিনিভিত্তিক এসব আনিমে ছায়াছবি সময়ের দৈর্ঘ্যতায় পূর্ণদৈর্ঘ্য কাহিনি ছবির মতোই। ১৯৫৮ সালে জাপানে প্রথমবারের মতো আনিমে ছবি তৈরি হওয়ার পর থেকে এসব ছায়াছবি যে কেবল ক্রমাগতভাবে দর্শকদের মনোযোগ আকৃষ্ট করে গেছে তা-ই নয়, শৈল্পিক সৌন্দর্য ও কাহিনি বিন্যাসের দিক থেকেও সময়ের বিবর্তনে তা হয়ে উঠেছে অনেক বেশি অর্থবহ ও উপভোগ্য। জাপানের সবচেয়ে পরিচিত ও সফল আনিমের ছবির পরিচালক হায়াও মিয়াজাকি, ২০০১ সালে তৈরি যাঁর ছবি স্পিরিটেড অ্যাওয়ে শুধু বক্স অফিসের রেকর্ডই ভঙ্গ করেনি, সেই সঙ্গে প্রথম পূর্ণদৈর্ঘ্য কার্টুন ছায়াছবি হিসেবে ২০০১ সালের বার্লিন চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ ছবির পুরস্কারও জিতে নেয়। জাপানে ওই ছবির টিকিট বিক্রির আয় তিন হাজার কোটি ইয়েন ছাড়িয়ে গিয়েছিল, যা জাপানি ছায়াছবির বেলায় সর্বোচ্চ রেকর্ড। বিদেশেও ছবিটি একই রকম জনপ্রিয়তা অর্জন করে।অন্যদিকে টেলিভিশনের জন্য তৈরি ধারাবাহিক আনিমে ছবির মধ্যেও কয়েকটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠায় এসব ছবির মূল চরিত্র জাপানে ব্যাপকভাবে পরিচিত নাম হয়ে ওঠে। টেলিভিশনে ধারাবাহিকের বেলায়ও ওসামু তেজুকা ছিলেন অগ্রগণ্য এক ব্যক্তিত্ব। নিজের কাহিনি অবলম্বনে তৈরি তাঁর ধারাবাহিক কার্টুন ছবি এস্ট্রো বয় জাপানের প্রথম জনপ্রিয় টেলিভিশন কার্টুন ধারাবাহিক।প্রকাশনাশিল্প ও ছায়াছবি মিলিয়ে জাপানে কমিকসের বাজার ২০০ কোটি মার্কিন ডলারের বেশি পরিমাণ অর্থের বিশাল এক বাজার। সেই বাজার এখন আবার জাপানের সীমানা অতিক্রম করে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। সে রকম সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে বেসরকারি কার্টুন ছবি নির্মাতাদের পাশাপাশি জাপান সরকারও সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নেয়, যার মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে ‘টোকিও ইন্টারন্যাশনাল আনিমে ফেয়ার’ বা ‘টোকিও আন্তর্জাতিক কার্টুন উত্সব এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবর্তিত আন্তর্জাতিক মাঙ্গা পুরস্কার।মার্চ মাসের শেষ দিকে টোকিওতে বসেছিল নবম আন্তর্জাতিক আনিমে উত্সব। চার দিন ধরে চলা বার্ষিক ওই উত্সবে জাপান এবং বিদেশের আনিমে ও মাঙ্গাশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। কার্টুন ছবি নির্মাণে সহযোগিতার সম্ভাবনা নিয়েও ব্যবসায়িক আলোচনায় মিলিত হয়। এবারের টোকিও আন্তর্জাতিক আনিমে উত্সবে চীনের বিভিন্ন কোম্পানির ব্যাপক উপস্থিতি ছিল। তবে আশার দিকটি হচ্ছে, আন্তর্জাতিক আনিমে উত্সবকে ঘিরে জাপানের সাধারণ নাগরিকদের মধ্যে উত্সাহ আজকাল ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। এ বছরের উত্সবে দর্শক সমাগম হয়েছিল এক লাখ ৩০ হাজারের কিছু বেশি, যা হচ্ছে পূর্ববর্তী বছরের চেয়ে কয়েক হাজার বেশি। ফলে উত্সবের আয়োজকেরা মনে করছেন, মাঙ্গা-আনিমে সম্ভাবনার দুয়ার জাপানের জন্য খুলে দিয়েছে, তা ভবিষ্যতেও অবারিত থাকবে।অন্যদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় মাঙ্গা ও আনিমে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে বার্ষিক যে পুরস্কার চালু করেছে, এবার তা চতুর্থ বর্ষে পদার্পণ করল।প্রতিযোগিতায় জমা দেওয়া শ্রেষ্ঠ কাজের জন্য চতুর্থ আন্তর্জাতিক মাঙ্গা স্বর্ণপদক দেওয়া হবে এবং পরবর্তী তিনজন প্রতিযোগীকে রৌপ্য পদক দেওয়া হবে। বিজয়ী চারজন একই সঙ্গে কাপ ও সনদ লাভ করবেন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১০ দিনের জাপান সফরে তাঁদের আমন্ত্রণ জানানো হবে।