আনিসুল ইসলাম মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাবা। আমার প্রথম শিক্ষক। আমার আদর্শ। মা যদি আমাদের মায়া হয়, বাবা হলো আমাদের ছায়া। আমাদের বাবা একজন সহজ-সরল মানুষ। নিজের কোনো প্রয়োজন পূরণের আগে পরিবারের সদস্যদের প্রয়োজন পূরণেই তাঁর সার্থকতা। আমার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। ছিলেন বললাম এই কারণে যে কিছুদিন আগে তিনি চাক​িরজীবন থেকে অবসরে এসেছেন। মানুষ কত সাধারণ হতে পারে? কত সাদামাটা হতে পারে? কত সহজ-সরল হতে পারে? অথবা মানুষ কতটা শিশু হতে পারে? বাবাকে যত দেখেছি, যত তার ভেতরে ঢুকেছি, ততই এসব প্রশ্ন আমার মধ্যে গুঞ্জরিত হয়েছে।

মা আর আমরা ছয় ভাইবোন নিয়ে তাঁর সুখের সংসার। আমরা বড় হয়ে কী হব এগুলো নিয়ে তাঁর কখনো মাথাব্যথা ছিল না। তবে সব সময় চান আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে উঠি। তাই সব সময় বলেন পড়ালেখায় ডুবে থাকতে। শুদ্ধ, সত্য, সুন্দর জ্ঞান অর্জনে তাগাদা দেন।

ছোটবেলায় আমাদের কোনো গৃহশিক্ষক ছিল না। বাবা-মা হলেন আমাদের ছোটবেলার শিক্ষক। প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে এসে বাবা আমাদের ছয় ভাইবোনকে নিয়ে বসতেন। স্কুলে কী কী পড়া দিয়েছে তার খবর নিতেন। বাবা ছিলেন ইংরেজি আর গণিতের ওস্তাদ। বাবা খুব চমৎকারভাবে ইংরেজি আর গণিতের রসদ আমাদের বাতলে দিতেন। ছোটবেলায় ইংরেজি আর বাংলা রচনা লেখার যে টেকনিকগুলো বাবা আমাকে শিখিয়েছিলেন, তা আমি আজও ভুলিনি।

পড়ালেখা শেষ করে রাতে বাবার সঙ্গে একসঙ্গে খেতে বসা ছিল আমার প্রতিদিনের রুটিন। এখনো বাসায় গেলে এর ব্যতিক্রম হয় না। সকালে স্কুলে যাওয়ার জন্য গাড়িভাড়া আর হাতখরচের টাকা বাবা রাতে ঘুমাতে যাওয়ার আগেই আমাদের ছয় ভাইবোনকে দিয়ে দিতেন। বাবা অফিসে যাওয়ার আগে তাঁর জুতোগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে পারলে এক অন্য রকম আনন্দ পেতাম।

ঈদের সময় বাবাকে নতুন কাপড় কিনতে খুব কমই দেখেছি। নিজের ভোগ-বিলাসে তাঁর কোনো আগ্রহ নেই। ঈদের এক সপ্তাহ আগে তাঁর পুরোনো পাঞ্জাবি/পাজামাগুলো বের করে আম্মুকে বলেন ধুয়ে দিতে। কিন্তু আমাদের কোনো ঈদেই নতুন কাপড়ের অভাব হয়নি। আসলে প্রত্যেক মা-বাবাই এমন। সন্তানদের প্রয়োজনকেই তাঁরা অগ্রাধিকার দেন। সন্তানদের আবদার মিটিয়েই তাঁরা আনন্দ পান।