‘এ ই সৈকত-কুটিরগুলোয় পরিবেশিত খাবারই খুব সম্ভবত বাংলাদেশের মধ্যে উৎকৃষ্টতম। সত্যি বলতে কি, এখানকার (মারমেইড ক্যাফে) খাবার-দাবার আর জল-হাওয়া এতটাই উপাদেয় যে শুধু এই একটি রেস্টুরেন্ট নিয়েই আমরা ভ্রমণার্থীদের কাছ থেকে যে ইতিবাচক মন্তব্য পেয়েছি, তার পরিমাণ বাকি গোটা বাংলাদেশের চেয়ে বেশি।’— লোনলি প্লানেট রিভিউ, সূত্র: লোনলি প্লানেট ডট কমবিশ্বের সবচেয়ে বড় ভ্রমণবিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান লোনলি প্লানেটের এই মূল্যায়ন অবিশ্বাস্য লাগতেই পারে। পেঁচার দ্বীপ মারমেইড ইকো রিসোর্ট আমার সব সময়কার প্রিয় জায়গা। যতবারই পেঁচার দ্বীপ ঘুরতে গেছি, কি গ্রীষ্ম কি বর্ষা-শীত মারমেইড ইকো রিসোর্ট নানা দেশের পর্যটক ভিড়ে সরগরম। কিন্তু তাই বলে খোদ লোনলি প্লানেট-এর তরফ থেকে এমন উচ্ছ্বাস? অবিশ্বাস্য তো লাগেই।পেঁচার দ্বীপ নামটাতেই দারুণ একটা রহস্য আর রোমাঞ্চের গন্ধ আছে বটে! সুনসান নারিকেল বীথি, সাগরের লোনা গন্ধমাখা বাতাস, ওপারের ঝাউবন—সব মিলিয়ে অপূর্ব, সে কথাও বেজায় সত্যি। কিন্তু সে তো আমাদের সমুদ্রনগর কক্সবাজারে একেবারে বিরল নয়। তবে কী কারণে এই পেঁচার দ্বীপেই এমন হুমড়ি খেয়ে পড়া। রহস্য খানিক খোলাসা করতে চলুন ফিরে যাওয়া যাক বছর চারেক আগে। কলাতলী সৈকতে সেদিন ঝলমল করছে সূর্যরশ্মি। আমরা দুজন সওয়ার হয়েছি মোটরসাইকেলের পিঠে। চালকের আসনে এলিয়েন সোহাগ; নাহ্ তখনো সে পুরোপুরি সফল তরুণ উদ্যোক্তা আনিসুল হক চৌধুরী হয়ে ওঠেনি। সাগরের তীর ধরে ছুটতে ছুটতে মোটরসাইকেল একটা জংলা মতো জায়গায় এসে থামে। সোহাগ গাড়ি থামায়। তারপর বলে, ‘এই জায়গার নাম পেঁচার দ্বীপ। এইখানে আমি একটা রিসোর্ট করব, বুঝছ?’ইতিউতি তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। রিসোর্ট? বটে! পুরো জায়গাটায় স্থাপনা বলতে কেবল ফুট চারেক উঁচু তিনটি মাটির দেয়াল। সোহাগের হাঁকডাকে মুখ আমসি করে একটি মাত্র লোক বেরিয়ে এল। পরনে লুঙ্গি ও ময়লাটে গেঞ্জি। হয়তো একটু আগেও পাশের রেজুখালে মাছ-টাছ ধরছিল। সোহাগ বলে, ‘পরিচিত হও, উনি আমার রিসোর্টের কেয়ারটেকার।’আমরা আরেকটু দূরে যাই। সোহাগ বলতে থাকে, ‘এই যে এইখানে আমাদের অতিথিরা থাকবে। আর ওই যে জায়গাটা দেখতেছ, পানি জমে আছে, ওইখানে হবে মনে করো একটা সিনেমা হল। ’মনে মনে হাসি। সোহাগের অভিনেতা হিসেবে মোটামুটি নাম-ডাক আছে। রসিকতা করলে বোঝা মুশকিল। সময় ৯ এপ্রিল, ২০১২। রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারা। ইউএন রোডের বাড়িটা খুঁজে পেতে খুব অসুবিধে হয় না। আমি আর আলোকচিত্রী সৈকত ভদ্র অপেক্ষা করি। মারমেইড ক্যাফের বারিধারা করপোরেট অফিসে কর্মীদের ব্যস্ততা দেখি। গুলশান এলাকায় মারমেইড ক্যাফের সপ্তম শাখাটি চালু হতে যাচ্ছে। এই নিয়ে ব্যস্ততা। খানিক পরে মুখোমুখি বসা হয় মারমেইড ক্যাফের কর্ণধার আনিসুল হক চৌধুরীর। তার কাছে প্রথম প্রশ্ন, অভিনেতা এলিয়েন সোহাগ আর উদ্যেক্তা আনিসুল হক চৌধুরী সোহাগের তফাতটা কী?‘এলিয়েন সোহাগ নামটা ছিল আমার বন্ধুদের দেওয়া। তখন অভিনয় করতাম এই নামে।’ এটুকু বলেই সোহাগ এক লাফে চলে যায় বছর সাতেক আগে, ‘শুরু থেকেই ঘোরাঘুরির নেশা ছিল আমার। ঘুরতে ঘুরতে ভারতের গোয়ায় গিয়ে দেখলাম সার্ফিং বোর্ড। সাগর তীরের সৈকত-কুটিরগুলো খুব মনে ধরেছিল।’সেবার সোহাগ গোয়া থেকে ফিরল সার্ফিংয়ের নেশা নিয়ে। সেই নেশাই তাকে টেনে নিয়ে গেল কক্সবাজার। কিন্তু কক্সবাজারে থাকতে চাইলে একটা পাকাপাকি আয়-রোজগারের ব্যবস্থা তো চাই। মাথায় এল গোয়ার সেই মনোরম সৈকত-কুটির। প্রকৃতি, সংগীত আর শিল্পের প্রতি টান—সব মিলিয়ে ২০০৫ সালে কলাতলীতে দাঁড়িয়ে গেল মারমেইড ক্যাফে, মিউজিক অ্যান্ড সি ফুড অন দ্য বিচ। ব্যতিক্রমী কায়দার সেই রেস্টুরেন্ট অচিরেই ভ্রমণার্থীদের হূদয় জয় করল।হঠাৎ বৃষ্টিএর মধ্যেই সোহাগের জীবনে ঘটল আরেক ঘটনা। ঢাকার এক পর্যটন মেলায় দেখা পরিবেশ ব্যবস্থাপনার ছাত্রী সামিহা আলমের সঙ্গে। মেয়েটার ডাক নাম বৃষ্টি। সোহাগ বৃষ্টিকে শুনিয়েছিল পেঁচার দ্বীপের গল্প। বলেছিল, কেমন নীলাভ হয় সেখানকার সাগরের জল। হাওয়া এলে কেমন ঢেউ খেলে দূরের ঝাউবনে। বৃষ্টি পত্রপাঠ মুগ্ধ হয়েছিল। নইলে কেনই বা পরের বার কক্সবাজার গিয়েই সে হাজির হবে মারমেইড ক্যাফেতে? আর মন খারাপ করবে সোহাগ ক্যাফেতে সেদিন উপস্থিত নেই বলে? সেদিন কি মন খারাপ করেই ফিরেছিল বৃষ্টি?‘নাহ্।’ পাশের ঘরে এতক্ষণ ছেলে পরানকে ঘুম পাড়ানোয় ব্যস্ত বৃষ্টি সোফায় এসে স্বামী সোহাগের পাশে বসতে বসতে বলে। ওদের দেখা হয়েছিল পরদিন। সেই দেখাই সম্ভবত বদলে দিল পেঁচার দ্বীপ নামের অচেনা এক গ্রামের গল্প, যে গ্রামে বিদ্যুৎ নেই, বেশির ভাগ মানুষ জীবন বলতে বোঝে জঙ্গলে গিয়ে গাছ কাটা আর মাছের পোনা ধরা, সেই গ্রামকে বদলে দেওয়ার সংগ্রামে নামল ওরা দুজন। সঙ্গী হিসেবে পেল আরও দুজন অসাধারণ মানুষকে। স্থপতি-পরিকল্পনাবিদ জিয়াউদ্দীন খান ও শিল্পী রনি আহম্মেদ।‘ঠিকঠাক প্রশিক্ষণ পেলে মানুষের অসাধ্য কী আছে? পেঁচার দ্বীপের যেসব লোক আগে মাছের পোনা ধরত , তারাই এখন আমাদের এখানে ফরাসি কায়দার রান্না করে। আর আমরা শুরু থেকে ঠিক এটাই চেয়েছি। শুধু আমাদের নয়, পুরো পেঁচার দ্বীপের মানুষের উন্নতি। আমরা ছয়-সাতজন লোক দিয়ে শুরু করেছিলাম। এখন ঢাকা আর কক্সবাজার মিলিয়ে আমাদের কর্মী সংখ্যা পাঁচ শর বেশি।’আর ঝড়ঝাপটা? বিপত্তি? সে তো এসেছেই। শুরুর সময়টা ওরা লড়েছে একসঙ্গে। কাঁধে কাঁধ মিলিয়ে। ‘ওয়েটার নেই তো ওয়েটারের কাজ, অ্যাকাউনট্যান্ট নেই তো হিসাব সামলানো—হেন কাজ নেই আমাদের করতে হয়নি।’ বলছিল বৃষ্টি। আর পুরোদস্তুর ঢাকাইয়া মেয়ে হয়ে সেই দূর দ্বীপে গিয়ে থাকা? বৃষ্টি সেই চ্যালেঞ্জ নিয়েছিল অবলীলায়। ওরা দুজন বলছিল, ‘আমরা সবসময়ই পরিবেশবান্ধব কিছু করতে চেয়েছি। বলতে চেয়েছি, উন্নয়ন আর রিসোর্ট মানেই আটতলা-দশতলা কংক্রিটের বিল্ডিং নয়।’