আনুশেহর সুন্দরবন অভিযান

শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবিতে বিপর্যস্ত সুন্দরবন। খালি হাতে তেল অপসারণের মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েছে সুন্দরবনের আশপাশের গ্রামের অধিবাসীরা। সংগীতশিল্পী আনুশেহ আনাদিল ও তাঁর বন্ধুরা মিলে গেলেন ঘটনাস্থলে। তারপর?
লিখেছেন মাহফুজ রহমান
জয়মনি ঘোল সুন্দরবনের শ্যালা নদীর তীরবর্তী এক গ্রাম। মাসখানেক আগের কথা। সংগীতশিল্পী আনুশেহ আনাদিল গেলেন সেই গ্রামে, সুন্দরবন দেখতে। এমন নয় যে সেবারই প্রথম সুন্দরবনে গেলেন; ৯ ডিসেম্বরের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনা চাক্ষুষ করতেই সেখানে যাওয়া। গিয়ে প্রমাদ গুনলেন আনুশেহ ও তাঁর বন্ধুরা। জয়মনি ঘোল তত দিনে ‘তেলের খনিতে’ পরিণত হয়েছে!
‘জয়মনি ঘোলে পা রেখেই দেখি, ছেলে থেকে বুড়ো—সবাই তুমুল উৎসাহে নদী থেকে তেল তুলছেন!’ আনুশেহর কণ্ঠে গান নয়, বিস্ময়, ‘সেখানকার গৃহপালিত হাঁস, মুরগিগুলোর চেহারা পর্যন্ত পাল্টে গেছে! স্পষ্ট বোঝা যাচ্ছিল, প্রাণীগুলো ধুঁকছে।’

সংগত কারণেই অমন ‘তৈলচিত্র’ চোখে পড়েছিল আনুশেহর। কারণ, গ্রামবাসীকে বলা হয়েছিল, ‘আপনারা তেল তুলুন।’ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে তত দিনে খোলা হয়েছে তেল ক্রয়কেন্দ্র। তেল তুলে জমা দিলেই কাঁচা টাকা। কিন্তু গ্রামবাসীর অনেকে হয়তো ধারণাও করতে পারেনি, এই টাকা শেষমেশ তাদের হাসপাতালেই দিয়ে আসতে হতে পারে! আনুশেহ ও তাঁর বন্ধুরা ওই এলাকায় গিয়েছিলেন শুধু অবস্থাটা দেখার জন্য। কিন্তু তেল নিয়ে অমন ‘তেলেসমাতি’ কারবার তাঁদের চিন্তার জগতে বাঁক এনে দিল। উপলব্ধি করলেন, শ্যালা নদীর তীরের মানুষগুলো স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে যাচ্ছে।
শ্যালা নদীর দুর্দিন
‘প্রাকৃতিক বিপর্যয় দেখতে গিয়ে আসলে বিরাট এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হলাম আমরা!’ বলছিলেন আনুশেহর কানাডাপ্রবাসী চাচাতো ভাই তৌফিক ইকবাল সুফি, ‘তখনই ঠিক করা হলো, কিছু একটা করতে হবে।’ কিন্তু এই ‘কিছু একটা’ কী? আনুশেহ বললেন আরেক কঠিন পরিস্থিতির কথা, ‘সেখানে একজন চিকিৎসক ছিলেন, যিনি কেবল টিকাই দিতে পারেন। সঠিক চিকিৎসা দেওয়ার মতো কোনো চিকিৎসক আমরা সেখানে দেখিনি। চিকিৎসা নিতে হলে যেতে হতো সেই মংলায়। তত দিনে বেশ কয়েকটি শিশুকে বমি করতে দেখেছি আমরা। ডায়রিয়ার প্রকোপও ছিল।’
তাই প্রথমেই গ্রামে ঘুরে ঘুরে তেল সংগ্রহকারী মানুষের একটা তালিকা করতে শুরু করলেন তাঁরা। বলে বলে সচেতন করতে লাগলেন বিষয়টির ভয়াবহতা। কেবল আনুশেহরা নন, তার আগে থেকে আরও কয়েকটি দল একই কাজ শুরু করেছিল। কিন্তু সময় যে তখন তেলের দখলে, কে শোনে কার কথা! তত দিনে আরেকটা বড় সমস্যা চোখে পড়ল সবার। তেল তোলার পর যে আবর্জনা থেকে যাচ্ছিল, সেগুলো গ্রামবাসী হয় পুড়িয়ে ফেলছিল, নয়তো পুঁতে ফেলছিল। অনেকের মতোই আনুশেহরা বুঝলেন, এর ফলে সমস্যাটা আরও গভীর হবে। পরিবেশ তো হুমকির মুখে পড়েছেই, সেটা হবে আরও দীর্ঘায়িত।
দলের আরেক সদস্য তানজিলুর রহমান। অনেক দিন ধরে বিখ্যাত সব প্রতিষ্ঠানের সঙ্গে প্রকৃতি ও বন্য প্রাণী নিয়ে কাজ করছেন এই আলোকচিত্রী। সুন্দরবনে তাঁর নিত্য যাতায়াত। ফলে কী করা যায়, তা ঠিক করতে দলের অন্যরা তাঁর দিকেই তাকালেন। তানজিল শেষমেশ সবার সঙ্গে কথা বলে ঠিক করলেন, আবর্জনাগুলো আপাতত বিশেষ উপায়ে কিছু নির্দিষ্ট জায়গায় জড়ো করে রাখতে হবে। যে করেই হোক, মানুষকে বোঝাতে হবে—এভাবে আবর্জনা মাটিতে পুঁতে ফেলা বা পোড়ানো যাবে না।
কিন্তু আবর্জনা সংগ্রহ করে রাখা হবে কিসে? ঘটনাস্থলে আবির্ভূত হলেন মেগান রেহা। মার্কিন এই প্রকৌশলী কাজ করেন ময়মনসিংহে, বেসরকারি এক প্রতিষ্ঠানে। সব দেখেশুনে ঠিক করলেন—বাঁশ, পলিথিন ও লোহার জালি দিয়ে তৈরি করবেন বিশেষ মাচা। জয়মনি ও ঠোটা গ্রামবাসীকেও তত দিনে বিষয়টি বোঝাতে পেরেছেন আনুশেহ ও তাঁর বন্ধুরা। বন বিভাগও বাড়াল সহযোগিতার হাত। কিন্তু হাত না বাড়িয়ে নাক গলাতে শুরু করল স্থানীয় গুটিকয় মানুষ। তাদের নানা প্রশ্ন, জেরা—‘আপনারা কারা? কোত্থেকে এসেছেন? কী সমাচার?’ বাধা-বিপত্তি মাথায় রেখেই গ্রামবাসীকে নিয়ে কাজ শুরু করে দিল দলটি।
আনুশেহ বলছিলেন, ‘আমরা শহরের মানুষ, বেশি পরিশ্রমের কাজ করার অভ্যাস নেই। তার পরও কাজে হাত লাগালাম। কিছুক্ষণ পরই টের পেলাম, কতটা পরিশ্রমের কাজ সেটা! কিন্তু গ্রামবাসী তুমুল উৎসাহে ও কঠোর পরিশ্রম করে প্রকল্পটি এগিয়ে নিতে লাগল।’
সুন্দরবনের মানুষ
কাজ চলছে, দলে আরও নতুন নতুন বন্ধুরা আসছেন। নদীতেই একটা বড় নৌকায় থাকা-খাওয়ার ব্যবস্থা। গোসল করতে হলে যেতে হয় মংলায়। তার মাঝে সুন্দরবনের প্রকৃতি উপভোগ করার পরিবেশ বা সুযোগ কই! এরই মধ্যে বানর, শুশুক, বক চোখে পড়তে লাগল কখনো কখনো। সহজেই অনুমেয়, বেশির ভাগই ‘তেলাক্রান্ত’! তবে একদিন দুর্লভ এক মুহূর্ত মিস করলেন তৌফিক, ‘শরীরটা একটু খারাপ লাগছিল বলে নৌকায় শুয়ে ঘুমাচ্ছিলাম। উঠে শুনি দলের সবাই নাকি বেঙ্গল টাইগার দেখেছে!’ আরও বড় চমক হয়ে এল একটি বিশেষজ্ঞ দল। ২৩ ডিসেম্বর আবর্জনার মাচা দেখে তাঁদের পরামর্শ, ‘এভাবে আবর্জনা সংরক্ষণ করা যাবে না। এই প্রকল্প বন্ধ করো।’ আনুশেহ বললেন, ‘অনেক যুক্তি-তর্কের পর তাঁদের বোঝাতে পারলাম, আবর্জনাগুলো পুঁতে ফেললে বা পুড়িয়ে ফেললে সমস্যা বাড়বে। তাই তাঁরা আমাদের প্রকল্পে আর বাদ সাধলেন না। অল্প কদিনেই প্রায় সব আবর্জনা মাচাগুলোয় তুলে ফেলা হলো। বাংলাদেশের মানুষ বলেই এত সহজে, এত অল্প সময়ে এবং নির্দ্বিধায় কাজটা শেষ করেছে জয়মনি ঘোল ও ঠোটা গ্রামবাসী।’

তবু আশা
কেবল আবর্জনাই সমস্যা নয়। শ্যালা নদীর আশপাশে তত দিনে সুপেয় পানিরও বড় অভাব। আনুশেহ ও তাঁর বন্ধুরা মিলে চালু করলেন আরেক প্রকল্প—সুপেয় পানির ব্যবস্থা। আবার এগিয়ে এলেন মেগান রেহা। গ্রামের নারীদের সহযোগিতায় অল্প খরচে তৈরি করতে শুরু করলেন বায়োফিল্টার। বন্ধুদের ব্যাপারে বলছিলেন আনুশেহ, ‘সাতপাঁচ না ভেবে আমার বন্ধু ও স্বজনেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটা সত্যিই অসাধারণ! ডলফিন প্রজেক্ট ও বাংলাদেশ পাইথন প্রজেক্ট নামের দুটি দলও আমাদের সঙ্গে ছিল। এ ছাড়া রূপা দত্ত, হাবীবুর রহমান, ইফফাত নওয়াজ, শাহরিয়ার, সিজার, তানিম আশরাফ, শুভ, চার সৈকতসহ (দলে ছিলেন সৈকত নামের চারজন) আরও কয়েকজন। এখনো বেশ কজন আছেন সেখানে।’ দলের অন্যরা বন বিভাগের সহযোগিতা নিয়ে বনের ভেতর বন্য প্রাণী ও উদ্ভিদ নিয়েও কাজ করছেন। আর আনুশেহ ঢাকায় ফিরে এসে বন্ধুদের নিয়ে ৯ জানুয়ারি শাহবাগে আয়োজন করেন এক মানববন্ধনের। সেই আয়োজনের ডাক দিয়ে ফেসবুেক একটি পোস্ট দিয়েছিলেন আনুশেহ ৮ জানুয়ারি। সেটার কিছু অংশ ছিল এ রকম:
‘রেইনফরেস্ট গেছে, বাকি আছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এই সবেধন নীলমণি নিয়ে তাই আমাদের এত হাউকাউ-চিল্লাপাল্লা। তবে আমি এখনো আশাবাদী। জঙ্গলের জমি লিজ দিয়ে তাতে রাবার, আগর আর একাশিয়ার বাগান করলেও জমি কিন্তু এখনো বন বিভাগের কেতাবেই আছে। অর্থাৎ আমরা একটু সাহসী হলে আর সরকারকে বোঝাতে পারলেই অরণ্য পুনরুদ্ধারের কাজে লেগে যেতে পারি। যেখানে জঙ্গলের আদি প্রজাতির গাছপালা নিজের মতো করে বংশবিস্তার করতে পারবে, বন্য প্রাণীরাও টিকে থাকার মতো পরিবেশ পাবে। কিন্তু তা এক দিনে করা যাবে না। দীর্ঘ সময় ধরে কাজ করে যেতে হবে। আজ কাজ শুরু করলেও দুটো প্রজন্ম লেগে যেতে পারে পুরোপুরি ক্ষতি পুষিয়ে উঠতে।
সে জন্যই বলছিলাম, মানববন্ধনে আপনার পরিবারের শিশুটিকেও নিয়ে আসুন।’