আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে তৃণমূলের নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ট্রেডক্রাফট এক্সচেঞ্জের আয়োজনে ঢাকায় হয়ে গেল ‘অনানুষ্ঠানিক থেকে আনুষ্ঠানিক অর্থনীতির খাতে রূপান্তর: তৃণমূল পর্যায়ে নারীর যাত্রা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা। গত রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার উদ্দেশ্য ছিল, আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডে তৃণমূলের নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধিতে স্থানীয় ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার প্রতিষ্ঠানগুলো কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়গুলো খুঁজে বের করা।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্ডএইড বাংলাদেশের কান্ট্রি রি-প্রেজেনটেটিভ সাকেব নবী, বিকাশ লিমিটেডের মহাব্যবস্থাপক শান্তনু মুস্তাফা, ব্র্যাক ব্যাংক লিমিটেডের নারী উদ্যোক্তা সেলের প্রধান খাদিজা মরিয়ম, ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এহসানুর রহমান, ডেকো ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী শাফায়েত হোসেন। আলোচনা সভার সমন্বয়ক ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহকারী অধ্যাপক আসিফ উদ্দিন আহমেদ।

প্যানেল আলোচনায় মত প্রকাশ করছেন একজন আলোচক
ছবি: সংগৃহীত

ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর কাজী শাহেদ ফেরদৌস স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে ট্রেডক্রাফট এক্সচেঞ্জের হেড অব প্রোগ্রাম নাবিলা নুসরাত তাঁদের ‘উই’ প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।

খাদিজা মরিয়াম বলেন, বর্তমানে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নারীদের জন্য বিভিন্ন ধরনের ঋণ ও উদ্যোক্তাবান্ধব স্কিম দিচ্ছে। তবে তৃণমূল পর্যায়ের অনেক নারী এসব আর্থিক সুবিধার বিষয়ে তেমন কোনো তথ্য জানেন না। এসব আর্থিক সুবিধার ব্যাপারে নারীদের জানাতে উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

সভা শেষে আলোচকেরা
ছবি: সংগৃহীত

কাজী শাফায়েত হোসেন বলেন, তৃণমূল পর্যায়ের নারীরা এখন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাঁরা তৃণমূলে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান।

ট্রেডক্রাফট এক্সচেঞ্জের ‘উই’ প্রকল্পের মাধ্যমে যশোর, খুলনা, ফরিদপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার কয়েক হাজার নারী ব্যবসায়িক প্রশিক্ষণ নিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। আলোচনা সভার একপর্যায়ে খুলনার দাকোপ উপজেলার রত্না রানী ‘উই’ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনের গল্প তুলে ধরেন।