অবশেষে ১০ বছর পর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি একই নির্বাচনী এলাকার আওতাভুক্ত কর্ণফুলী থানার কমিটিও ভেঙে দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালের ১১ এপ্রিল আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে বাহাউদ্দিন খালেক শাহজীকে সভাপতি ও কাজী মোজাম্মেল হককে সম্পাদক করা হয়। এরপর দীর্ঘদিন সম্মেলন হয়নি।
২০০৮ সালের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্মেলন করা হলেও উপজেলা কমিটি গঠন করা হয়নি। ফলে, নেতা-কর্মীরা হতাশায় ভোগেন।
সর্বশেষ ১৩ অক্টোবর রাতে জেলা আওয়ামী লীগ জরুরি বৈঠক করে আনোয়ারা উপজেলা কমিটি বিলুপ্ত করে ২৭ সদস্যের একটি এডহক কমিটি ঘোষণা করে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হককে সভাপতি ও সদস্য এম এ মান্নানকে সম্পাদক করা হয়েছে। একই বৈঠকে কর্ণফুলী থানার কমিটিও বিলুপ্ত করে সৈয়দ জামালকে সভাপতি ও হায়দার আলীকে সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি করা হয়েছে।
এ প্রসঙ্গে কাজী মোজাম্মেল হক বলেন, ‘আমাদের ওপর আস্থা এনে দল যে দায়িত্ব দিয়েছে, তা পালন করাই এখন প্রধান কাজ। তিন মাসের মধ্যে উপজেলার ১১ ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে দলকে ঢেলে সাজানো হবে।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, নেতা–কর্মীদের চাঙা করতে এডহক কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠন করবেন।