আনোয়ারার কটন মিল সড়ক দিয়ে হাঁটাও কষ্টকর
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আনোয়ারা উপজেলার তিন কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী কটন মিল সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ওই সড়কের নানা স্থানে পিচঢালাই উঠে গিয়ে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়ক দিয়ে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও কয়েকটি গ্রামের বাসিন্দারা ভোগান্তি নিয়ে যাতায়াত করে।
এলজিইডি সূত্রে জানা গেছে, পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের কালাবিবির দিঘির মোড় থেকে পশ্চিম দিকে চলে যাওয়া এই সড়কের কিছু অংশ পিচঢালাই করা ও কিছু অংশ ইট বিছানো। ১০ বছর আগে সড়কটির দুই কিলোমিটার অংশে কার্পেটিং হয়। এর বছর দুয়েক পর সড়কের আরও এক কিলোমিটারে ইট বিছানো হয়। এরপর সড়কটির কাজ আর এগোয়নি। হয়নি কোনো সংস্কারও। বর্তমানে সড়কের অধিকাংশ স্থানের পিচঢালাই উঠে গেছে। সড়কজুড়ে অসংখ্য ছোট–বড় গর্ত। অনেক অংশে ইটও উঠে গেছে। বর্তমানে এই সড়ক দিয়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন ওই সড়ক দিয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং রিকশায় হাজার তিনেক যাত্রী যাতায়াত করে। ওই সড়কে বেলচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিগাঁও এস জে নিজাম উচ্চবিদ্যালয়সহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করে।
সরেজমিন চোখে পড়ে, সড়কের কালাবিবি দিঘির মোড় থেকে কটন মিল পর্যন্ত দেড় কিলোমিটার এলাকার পিচঢালাই উঠে গেছে। ওই অংশে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। কটন মিল থেকে ভগ্যন শাহের মাজার পর্যন্ত সড়কের ইট বিছানো অংশের অবস্থাও বেহাল।
সড়ক দিয়ে চলাচলকারী লোকজন জানান, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কটন মিল সড়কটি অনেক সময় আনোয়ারা-বটতলী-রুস্তমহাটের বিকল্প সড়ক হিসেবেও ব্যবহার করা হয়। এ সড়ক দিয়ে হাজিগাঁও, বেলচূড়া, পশ্চিম বারখাইন, আদর্শ গ্রাম ও মোহাম্মদপুর গ্রামের ২০ হাজার মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘ সময় ধরে এ সড়ক সংস্কার না হওয়ায় সবাইকে সীমাহীন কষ্ট পেতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক আবদু সবুর বলেন, এ সড়কের করুণ হাল হলেও যেন দেখার কেউ নেই। ফলে দিনের দিন সড়কটি আরও খারাপ হয়ে পড়েছে।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, ‘সড়কটির দুরবস্থার কথা আমরা জানি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’