চারুকলা বিষয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা
আনোয়ারার কোনো বিদ্যালয়ে চারু ও কারুকলা শিক্ষক নেই
আনোয়ারার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের কোনটিতে চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। এতে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা চারুকলা বিষয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ২০১৩ শিক্ষাবর্ষ হতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ৫০ নম্বরের এবং নবম ও দশম শ্রেণিতে ১০০ নম্বরের চারু ও কারুকলা বিষয় আবশ্যিক হিসাবে অন্তভূর্ক্ত করা হয়েছে। উপজেলার কোনো বিদ্যালয়ে এ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর থেকে জেএসসি পরীক্ষার্থীরা ৫০ নম্বরের চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে আসছে। ২০১৫ সালের মাধ্যমিক পরীক্ষায়ও বিষয়টি অন্তর্ভূক্ত থাকছে। ফলে আবশ্যিক এ বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকেরা।
জানা গেছে, বিষয়টি আগে অষ্টম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের সঙ্গে অন্র্তভূক্ত ছিল। গত বছর থেকে এ বিষয়ে আলাদা করে পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলে আলাদা শিক্ষক না থাকায় বিষয়টি নিয়ে সমস্যায় পড়তে হয়েছে শিক্ষার্থীদের। তা ছাড়া উত্তরপত্র মূল্যায়ন নিয়েও শিক্ষকেরা পড়ছেন বিড়ম্বনায়। বিষয়টির ৩৫ নম্বরের রচনামূলক অংশে চিত্র আঁকা, নকশা করা ও রং করার কাজ আছে।
বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, ১৪ সেপ্টেম্বর থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চারু ও কারুকলা বিষয়টির ওপর জেএসসি মডেল টেস্ট শুরু হলেও উত্তরপত্র মূল্যায়ন কীভাবে করা হবে তা ঠিক হয়নি।
জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণী বলেন, ‘বিষয়টি আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এ নিয়ে আমরা বিড়ম্বনায় আছি।’
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘উপজেলার ২৪টি বিদ্যালয়ের কোনটিতে চারু ও কারুকলার বিষয়ে শিক্ষক নেই। এ ব্যাপারে মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডের পরামর্শ নিয়েই আমরা কাজ করছি।’