আনোয়ারার বারশতে মাদকসেবীদের অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন বারশতের বিভিন্ন গ্রামে মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ইউনিয়নের বিভিন্ন গ্রামে মদ, ফেনসিডিল ও ইয়াবা বিক্রি হচ্ছে খোলামেলাভাবে। ফলে এলাকার তরুণ-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বারশত ইউনিয়নের অবস্থান পারকি সমুদ্রসৈকতের পাশে হওয়ায় মাদক সহজলভ্য হয়ে উঠেছে এখানে। চোরাচালানি চক্র সমুদ্রপথে পারকি সৈকত দিয়ে বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা নিয়ে আসে। পাশাপাশি দেশি চোলাই মদও বিক্রি হয়।
উপজেলার উপকূলীয় ইউনিয়ন বারশতের চালিতাতলী, পারকি, গোবাদিয়া ও দুধকুমড়াসহ কয়েকটি গ্রামে মাদকসেবীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, কেবল বারশতই নয়, উপজেলার আরেক ইউনিয়ন রায়পুরেও মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। প্রতিদিন সন্ধ্যা নামতেই বেড়ে যায় তাদের আনাগোনা। এতে এলাকার আইনশৃঙ্খলার অবনতিও ঘটেছে।
এদিকে, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত ১৪ অক্টোবর সমাবেশ করেছেন বারশতের চালিতাতলীর বাসিন্দারা। তঁারা পরে গণস্বাক্ষর নিয়ে এলাকার চেয়ারম্যানকে একটি আবেদনও জমা দিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় তিন নম্বর চালিতাতলী ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রশিদ প্রথম আলোকে বলেন, মাদকসেবীদের জ্বালায় আমরা অতিষ্ঠ, তারা শুধু মাদকই সেবন করছে না, পাশাপাশি নানা অপরাধেও জড়াচ্ছে।
জানতে চাইলে বারশত ইউপি চেয়ারম্যান হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, চালিতাতলী গ্রামের ইউপি সদস্যসহ গ্রামবাসী মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিষদে আবেদন করেছেন। আশা করছি প্রশাসনের সহায়তা নিয়ে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, শুধু বারশতই নয়, আমরা মাদকমুক্ত রাখতে পুরো উপজেলায় অভিযান পরিচালনা করব।