আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
আগামী অর্থবছরের জন্য আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) বাজেট জনসমক্ষে ঘোষিত হয়েছে। গত ১৬ জুন বিকেলে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি, সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম মহানগর এবং অর্গানাইজেশন ফর উইমেন ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (ওডেব) সহযোগিতায় এই বাজেট ঘোষিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী। সঞ্চালনা করেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন ও ওডেবের কর্মসূচি সমন্বয়কারী লাবণ্য মুৎসুদ্দি। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগরের স্থানীয় সরকারবিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, এলজিএসপির জেলা সহায়ক এনামুল হক ও মেরিন একাডেমির প্রশাসনিক কর্মকর্তা এম. আজিজুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী আগামী অর্থবছরের জন্য ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ৮৪৮ টাকার বাজেট ঘোষণা করেন।