বর্ষা মৌসুমে ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢোকে লোনা পানি। তিন মাস জোয়ারের পানিতে ডুবে থাকে ফসলি জমি। শুষ্ক মৌসুমে পানি নেমে গেলেও লবণাক্ততার প্রভাব রয়ে যায় মাটিতে। এ কারণে আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরে বছরের কোনো সময়ই আবাদ হয় না।
আনোয়ারার রায়পুরের রাহাত্তার বিল, উত্তর সরেঙ্গা, রায়পুর, ধলঘাট ও বার আউলিয়া এলাকা ঘুরে বোরো ধানের আবাদ দেখা যায়নি। তবে চুন্নাপাড়া এলাকায় সামান্য পরিমাণ জমিতে বোরো চাষ হয়েছে।
কৃষকেরা জানান, বর্ষার সময়ে বেড়িবাঁধ ভেসে গিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করায় জমিগুলোতে লবণাক্ততা বেড়ে যায়। তাই ১০ বছর ধরে এখানে কোনো মৌসুমেই চাষাবাদ হচ্ছে না।
কৃষকদের এ সমস্যা সমাধানে কার্যকর সমাধান পাওয়া যায়নি এখনো। তবে কৃষি কার্যালয়ের দাবি, রায়পুরের ১৬০ হেক্টর জমির মধ্যে ৯২ হেক্টরে বোরোর আবাদ হচ্ছে। তবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এর সত্যতা পাওয়া যায়নি। চুন্নাপাড়া এলাকার চাষি আবুল কালাম (৪৭) বলেন, ‘পুরো উপকূলের কোথাও ধানের চাষ হয় না। আর আমাদের এলাকায় যা হচ্ছে, তা–ও একেবারেই কম।’
গহিরা এলাকার বাসিন্দা শফিকুর রহমান (৫২) বলেন, ‘লবণাক্ততার প্রভাবে ১০ বছর ধরে এলাকায় কোনো চাষাবাদ হচ্ছে না। নিজেদের জমি থাকলেও সারা বছর ধরে আমরা চাল কিনে খাই। বেড়িবাঁধ সংস্কার করা গেলে হয়তো জমিগুলো চাষযোগ্য হবে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, রায়পুরে ১৬০ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে ৯২ হেক্টরে চাষাবাদ হলেও অন্যান্য জমিতে চাষ হচ্ছে না। আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ সংস্কার হলে জমিগুলো চাষের আওতায় আসবে।