আনোয়ারার ২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ কারণে এসব বিদ্যালয়ের প্রশাসনিক কাজ ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই। এসবের মধ্যে বেশির ভাগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর নেওয়ার পর আর নতুন নিয়োগ হয়নি। এ ছাড়া বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি হওয়ায় প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে।
শিক্ষা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই বিদ্যালয়গুলো হলো, পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুজরা তিশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওষখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ ফজলুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম শিলাইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১২ এপ্রিল বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সাতজন শিক্ষকের সবাই বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। শিক্ষকেরা জানান, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেণিতে ৪২১ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের সার্বিক পরিকল্পনার ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। এ জন্য লেখাপড়ায়ও পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
বরুমচড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চৌধুরী বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করেও কোনো ফল পাননি। গত এক বছর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে গেলে নতুন করে নিয়োগ হয়নি। প্রশাসনিক কাজে তাঁকে প্রায়ই উপজেলা সদরে যাতায়াত করতে হয়। এ জন্য তিনি তাঁর নির্ধারিত পাঠদান করতে পারেন না।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘শূন্যপদ পূরণের জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’